× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জিআই পণ্যের স্বীকৃত পিরোজপুরের আমড়া, বছরে বিক্রি ৩০ কোটি টাকা

পিরোজপুর প্রতিবেদক

প্রকাশ : ২০ মিনিট আগে

জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে  পিরোজপুরের আমড়া যা-বছরে বিক্রি হয়  প্রায় ৩০ কোটি টাকা। ছবি: প্রতিদিনের বাংলােদেশ

জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে পিরোজপুরের আমড়া যা-বছরে বিক্রি হয় প্রায় ৩০ কোটি টাকা। ছবি: প্রতিদিনের বাংলােদেশ

দক্ষিণাঞ্চলের জেলা পিরোজপুরে দিন দিন বাড়ছে জিআই স্বীকৃত ‘বরিশালের আমড়া’র উৎপাদন ও বাণিজ্যিক সম্ভাবনা। নদী-খালঘেরা এ জেলার বিভিন্ন উপজেলায় আমড়ার বাগান ও পাইকারি বাজার ঘিরে তৈরি হয়েছে কর্মচাঞ্চল্য। এক সময় পেয়ারা উৎপাদনের জন্য পরিচিত পিরোজপুর এখন আমড়া উৎপাদনেও গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে। দেশজুড়ে বাড়তি চাহিদা এবং জিআই পণ্যের স্বীকৃতিতে আমড়া চাষে আগ্রহী হচ্ছেন নতুন নতুন কৃষক। বর্তমানে জেলায় বছরে প্রায় ২৫ থেকে ৩০ কোটি টাকার আমড়া বেচাকেনা হচ্ছে। এতে সমৃদ্ধ হচ্ছে স্থানীয় কৃষি অর্থনীতি, তৈরি হচ্ছে কর্মসংস্থানের সুযোগ। 

পিরোজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছর জেলায় ৫৭৭ হেক্টর জমিতে ১০ হাজার ১২৪ মেট্রিক টন আমড়া উৎপাদিত হয়েছে। চলতি বছর প্রায় ৭০০ হেক্টর জমিতে আমড়ার আবাদ হয়েছে। এ বছর উৎপাদনের লক্ষ্যমাত্রা বা প্রাপ্ত উৎপাদন ২০ হাজার ১২৪ মেট্রিক টন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। জেলায় আমড়া চাষের সঙ্গে জড়িত রয়েছেন প্রায় ৩০০০ থেকে ৩৫০০ কৃষক।

জেলার নেছারাবাদ, নাজিরপুর, পিরোজপুর সদর, জিয়ানগর, ভাণ্ডারিয়া, কাউখালী ও মঠবাড়িয়া উপজেলায় আমড়ার আবাদ হলেও উৎপাদনে এগিয়ে নেছারাবাদ। বিশেষ করে আটঘর-কুড়িয়ানা এলাকায় পেয়ারা মৌসুম শেষ হওয়ার পর পরই শুরু হয় আমড়ার ব্যস্ততা। আগে এ অঞ্চলের কৃষকদের প্রধান আকর্ষণ ছিল পেয়ারা। তবে আমড়ার দেশজুড়ে চাহিদা বাড়ায় এখন পেয়ারা মৌসুমের পর আমড়া চাষ ও বাণিজ্যে ঝুঁকছেন তারা। 

জেলাজুড়ে আমড়া পরিবহনে সড়কপথের পাশাপাশি ব্যবহার করা হয় নৌপথও। ভোর থেকে দুপুর পর্যন্ত খাল-বিলের বিভিন্ন ঘাটে নৌকাভর্তি আমড়া নিয়ে হাজির হন চাষিরা।

অন্যদিকে, সড়কের পাশে সারি সারি পণ্যবাহী ট্রাক অপেক্ষা করে পাইকারি বাজারের আমড়া নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার জন্য। আটঘর-কুড়িয়ানার পাইকারি মোকামগুলোতে দরদাম, বাছাই, পরিবহন ও কেনাবেচার ব্যস্ততায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

বর্তমানে মানভেদে প্রতি মণ আমড়া বিক্রি হচ্ছে ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৮০০ টাকায়। বড় আকারের ও উন্নত মানের আমড়ার দাম উঠছে ২ হাজার থেকে ৩ হাজার টাকা পর্যন্ত। স্থানীয় পাইকার ও ব্যবসায়ীরা কৃষকদের কাছ থেকে আমড়া কিনে ঢাকা, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, খুলনা, যশোর ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করছেন। 

শুধু দেশের বাজারেই নয়, পিরোজপুর-বরিশাল অঞ্চলের আমড়ার চাহিদা রয়েছে দেশের বাইরেও। ভারতের কলকাতা, আগরতলা, আসাম ও মেঘালয়ের বাজারেও এ অঞ্চলের আমড়ার পরিচিতি রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। আকারে বড়, স্বাদে মিষ্টি ও রসালো হওয়ায় ক্রেতাদের কাছে এ আমড়ার আলাদা কদর রয়েছে। 

আমড়া চাষে কৃষকদের আগ্রহ বাড়ার পেছনে রয়েছে এর দীর্ঘমেয়াদি লাভের সম্ভাবনাও। 

সংশ্লিষ্টরা জানান, কলম বা বারোমাসি জাতের আমড়ার চারা রোপণের এক বছরের মধ্যেই ফল ধরতে পারে। অন্যদিকে, বীজ থেকে জন্মানো গাছে ফল আসতে সাধারণত তিন থেকে সাত বছর সময় লাগে। জাত ও পরিচর্যাভেদে একটি আমড়া গাছ ২০ থেকে ৩০ বছর পর্যন্ত ফল দিতে পারে। দেশি বা মৌসুমি জাতের গাছে নির্দিষ্ট সময়ে ফল ধরলেও বারোমাসি জাতের গাছে বছরের অধিকাংশ সময় ফুল ও ফল দেখা যায়।

নেছারাবাদের আটঘর-কুড়িয়ানা এলাকার আমড়াচাষি আলিম শেখ বলেন, আমার আমড়ার বাগান থেকে বছরে প্রায় পাঁচ লাখ টাকার আমড়া বিক্রি করি। বাগানে আট থেকে ১০ জন শ্রমিক কাজ করেন। তারা গাছের পরিচর্যাসহ বিভিন্ন কাজ করেন। কৃষি অফিস থেকে নিয়মিত সহযোগিতা ও পরামর্শ পেলে আরও ভালোভাবে আমড়া চাষ করতে পারব। 

আমড়া কেনাবেচার সঙ্গে যুক্ত পাইকারি ব্যবসায়ীরাও রয়েছেন ব্যস্ততায়। বিভিন্ন এলাকার চাষি ও খুচরা বিক্রেতাদের কাছ থেকে আমড়া সংগ্রহ করে আড়তে নিয়ে আসেন তারা। পরে সেখান থেকে দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীদের কাছে পাঠানো হয়।

নেছারাবাদের পাইকারি ব্যবসায়ী রিয়াজুল ইসলাম বলেন, পেয়ারার মৌসুম শেষ হলেই আমড়ার মৌসুম শুরু হয়। বিভিন্ন এলাকা থেকে আমড়া পাইকারি কিনে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের আড়তদারদের কাছে পাঠাই। প্রায় আট বছর ধরে এ ব্যবসার সঙ্গে জড়িত রয়েছি। 

আমড়ার মৌসুম ঘিরে বাড়তি আয়ের সুযোগ তৈরি হয়েছে শ্রমিকদেরও। ভোর থেকে দুপুর পর্যন্ত নৌকা থেকে আমড়া নামানো, বাছাই, বস্তা ও ঝুড়িতে ভরা এবং ট্রাকে বোঝাইয়ের কাজে ব্যস্ত থাকেন শত শত শ্রমিক। মৌসুমজুড়ে তাদের কর্মসংস্থান ও আয় বাড়ে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পিরোজপুরের উপ-পরিচালক সৌমিত্র সরকার বলেন, বরিশালের আমড়া নামে পরিচিত এ ফলের বেশির ভাগই উৎপাদিত হয় পিরোজপুরে। এখানকার আমড়া অত্যন্ত সুস্বাদু এবং দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। জেলায় প্রতি বছর প্রায় ২৫ থেকে ৩০ কোটি টাকার আমড়া বেচাকেনা হয়। 

তিনি আরও বলেন, আমড়াগাছের পরিচর্যা, রোগবালাই ও পোকামাকড় দমনে কৃষকদের নিয়মিত কারিগরি পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি বিভিন্ন প্রণোদনা ও বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কৃষকদের মধ্যে আমড়ার চারা বিতরণ করা হয়।

জিআই পণ্যের স্বীকৃতি, দেশজুড়ে বাড়তি চাহিদা এবং লাভজনক বাণিজ্যের সম্ভাবনায় পিরোজপুরে আমড়া চাষের নতুন দুয়ার খুলেছে। কৃষি বিভাগের সহযোগিতা, উন্নত জাতের চারা সরবরাহ ও আধুনিক চাষাবাদ নিশ্চিত করা গেলে ভবিষ্যতে এ অঞ্চলে আমড়ার উৎপাদন ও বাণিজ্য আরও সম্প্রসারিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা