× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি

চাটমোহরে জমি থেকে বিধবার পরিবারকে উচ্ছেদের অপচেষ্টা!

সঞ্জিত চক্রবর্তী, চাটমোহর (পাবনা)

প্রকাশ : ২১ মিনিট আগে

ভুক্তভোগী পরিবার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ভুক্তভোগী পরিবার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পাবনার চাটমোহরে কেনা জমিতে ঘরবাড়ি করে দীর্ঘবছর ধরে বসবাস করা এক বিধবার পরিবারকে উচ্ছেদের অপচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় কয়েক দফা শালিস বৈঠক হলেও সমাধান হয়নি। 

পরে আদালতের দ্বারস্থ হলেও মামলা তুলে নিতে ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকি ধামকি দিচ্ছেন অভিযুক্তরা। এর মধ্যে একজনকে মারধরও করেছেন অভিযুক্তরা।

অভিযোগে জানা গেছে, উপজেলার মুলগ্রাম ইউনিয়নের শাহাপুর গ্রামের মৃত আলাউদ্দিনের স্ত্রী জামেনা খাতুন ২০১৫ সালে একইগ্রামের মৃত নজির মোল্লার ছেলে মোক্তার মোল্লার কাছ থেকে সন্তোষপুর মৌজায় ১১ শতক জমি কেনেন। পরে জমি খাজনা খারিজ করে সাত বছর আগে সেই জমিতে ঘরবাড়ি তুলে পরিবার নিয়ে বসবাস করে আসছেন তিনি। কিছুদিন পর কেনা জমি সংলগ্ন এলাকায় পাকা রাস্তা হওয়ার পর থেকে জমি বিক্রেতা মোক্তার মোল্লার আত্মীয়-স্বজনরা ওই জমি ছেড়ে দিতে চাপ প্রয়োগ করতে থাকেন জামেনা খাতুনের পরিবারের ওপর। এখন তারা ওই জমি বেচার বিষয়টি মানছেন না।

জামেনা খাতুনের অভিযোগ, আমার কেনা জমি। দলিলও আছে। কিন্তু এখন তারা জমি দিবে না বলে আমাদের এলাকা ছাড়া করার জন্য উঠেপড়ে লেগেছে। বিভিন্ন সময় বাড়ির ওপর এসে হুমকি ধামকি দিচ্ছেন। এ নিয়ে থানায় কয়েকবার শালিস হয়েছে। কিন্তু তারা কিছুই মানছে না। পরে পুলিশের পরামর্শে আদালতে দুটি মামলা করা হয়েছে।

অভিযুক্তরা হলেনÑ শাহাপুর গ্রামের আমিন উদ্দিন, জাহিন, মজনু, মহির উদ্দিন, ইন্তাজ, আশরাফুল সহ অনেকে। এদের মধ্যে ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মহির উদ্দিন নেতৃত্ব দিচ্ছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের।

জামেনা খাতুনের ছেলে সবুজ সরকার বলেন, বিএনপি নেতা মহির উদ্দিন হলেন জমি বিক্রেতা মোক্তার মোল্লার ভাতিজা। তিনি তাদের নেতৃত্বে দিয়ে আমাদের ওপর নির্যাতন চালাচ্ছেন। বাড়িতে আমাদের ওপর হামলা করতে আসছেন। আমাকে তুলে নিয়ে যাবেন, আমাদের এলাকা ছাড়া করবেন বলে হুমকি দিচ্ছেন। গত ২০ নভেম্বর লোকজন নিয়ে এসে আমাদের ওপর হামলা করার চেষ্টা করেন। আমার খালু মমিন আলী আমাদের পাশে দাঁড়িয়েছেন বলে তাকেও মারধর করেছে তারা।

জামেনা খাতুনের বোন জামাই মমিন আলী বলেন, জামেনা খাতুনের পরিবারের পাশে থেকে তাদের সহযোগিতা করার কারণে গত ১৭ নভেম্বর অভিযুক্তরা একদফা আমাকে মারধরের চেষ্টা করেন। এরপর ২০ নভেম্বর বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে দ্বিতীয় দফায় অভিযুক্তরা আমাকে মারধর করে। আমাকে ওই মামলা তুলে নিতে নির্দেশ দেন তারা। মামলা না তুললে আমাকে গুম করে ফেলবে বলে হুমকি দেন। পরে এই হামলার ঘটনায় আমি আদালতে দশজনকে আসামি করে মামলা করেছি।

এ বিষয়ে ৩ নাম্বার ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল কুদ্দুস রেজা বলেন, বিষয়গুলো আমি জানি। জামেনা খাতুনের জমি কেনার কাগজপত্র সব সঠিক আছে। কিন্তু ওই জমির পাশ দিয়ে রাস্তা হয়ে যাওয়ায় একটি পজিশন হয়েছে। এখন জমি বিক্রেতার স্বজনরা ওই জমি বেচা মানছেন না। এ নিয়ে একাধিকবার শালিস বিচার হয়েছে। কিন্তু কোনো সমাধান হয়নি।

অভিযুক্ত বিএনপি নেতা মহির উদ্দিন বলেন, জামেনা খাতুন জমি কিনেছে, সেখানে তার কেনা জমিতে বসবাস করছেন, সব ঠিক আছে। কিন্তু আমার চাচাতো ভাই জাহাঙ্গীরের জমি আছে তার বাড়ির সঙ্গে। জামেনার মোটরের পানি সেই জমিতে ফেলে। এটা নিষেধ করায় তারা ক্ষিপ্ত। আমার ভাতিজাকে মারার চেষ্টা করেছিলেন জামেনার ছেলে সবুজ। এটা নিয়ে সেদিন আমরা শুনতে গিয়েছিলাম তাদের বাড়িতে। এখানে তাদের ওপর হামলা বা কাউকে মারধরও করা হয়নি। কেউ যদি মিথ্যার আশ্রয় নেয় তাহলে কিছু করার নেই।

জমি বিক্রেতা মোক্তার মোল্লা বলেন, জমি বিক্রি করেছি আমার অংশটুকু। সে জমি তাদের বুঝিয়ে দিয়েছি। খাজনা খারিজও তার নামে হয়ে গেছে। সেখানে অনেকদিন ধরে বসবাসও করছেন। কিন্তু আমার আত্মীয়-স্বজনরা তাদের সঙ্গে ঝামেলা করলেও আমি কিছু করতে পারছি না। কারণ তারা সংখ্যায় অনেক, আমি একা। তাদের নিষেধ করলেও তারা শোনে না। আমি অসহায়।

এ বিষয়ে চাটমোহর থানার ওসি বলেন, অভিযোগের বিষয়টি মনে পড়ছে না। অভিযোগকারী থানায় না এলে বলতে পারছি না। তাদের পাঠিয়ে দিয়েন। কারণ অভিযোগ আসলে অফিসারদের দায়িত্ব দিয়ে দেই। আর থানায় কোনো বৈঠক হয়েছে কি না এই মুহূর্তে মনে করতে পারছি না। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা