ভোলা প্রতিবেদক
প্রকাশ : ৩৬ মিনিট আগে
ভোলা জেলা প্রশাসক কার্যালয়ে মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেছেন, শেখ হাসিনা ফিরে আসার সম্ভাবনা নেই। পৃথিবীর ইতিহাসে নেই পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী ফিরে আসছে।
ভোলা জেলা প্রশাসক কার্যালয়ে মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “গোপালগঞ্জের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাদের উপর নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা হামলা চালিয়েছে। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী একটা গুলিও করেনি। এটা সহনশীলতার পরিচয় দিয়েছে”।
তিনি আরও বলেন, “গোপালগঞ্জের সহিংসতা ও উসকানিমূলক কার্যক্রম বন্ধ করা হবে। শীঘ্রই অশান্ত গোপালগঞ্জ ঠান্ডা করা হয়েছে। এজন্য সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। সেটা আইনের মাধ্যমে করা হবে, কোনো অন্যায়ভাবে না। সহনশীলতার কেউ দুর্বলতা ভাববেন না”।
সাংবাদিকদের উদ্দেশ্য তিনি বলেন, “সাংবাদিকরা যে সংবাদের বেশি গুরুত্ব দেওয়া দরকার, সেটাকে কম গুরুত্ব দিচ্ছেন। আর যেটা কম গুরুত্বপূর্ণ বিষয় সেটা বেশি গুরুত্ব পাচ্ছে। এ ছাড়াও প্রতিষ্ঠিত সাংবাদিকদের বাহিরে অনেক অনলাইন আছে, যারা অপপ্রচার করেন। এতে মানুষের মনে প্রশ্ন দেখা দেয়”।
প্রতিমন্ত্রী বলেন, “ভোলার মানুষ ভাগ্যবান ও বাংলাদেশের মানুষও ভাগ্যবান। একের পর এক গ্যাস কূপ পাওয়া যাচ্ছে। ভোলা সেতু ও রাস্তাঘাট উন্নয়নের ব্যাপারে সরকার অগ্রাধিকার দিচ্ছে। ভোলার সেতুর বিষয়ে খুবই শীঘ্রই একটা সিদ্ধান্ত হবে। বর্তমান সরকারের আমলেই কাজ শুরু হবে, এবং আমরা চেষ্টা করবো এই আমলের মধ্যেই কাজ শেষ করতে”।
এর আগে, ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।