× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুণ্যস্নানে শেষ হলো দুবলার চরের রাস উৎসব

খুলনা অফিস

প্রকাশ : ৪৭ মিনিট আগে

সুন্দরবনের দুবলার চরে রাস পূজা ও রাস উৎসব। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সুন্দরবনের দুবলার চরে রাস পূজা ও রাস উৎসব। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বছরের পর বছর ধরে চলে আসা ধর্মীয় বিশ্বাস ও ঐতিহ্যের টানে বঙ্গোপসাগরের তীরে সমবেত হয়েছিলেন হাজারো পুণ্যার্থী। রাতভর পূজা-অর্চনা, নামকীর্তন ও প্রার্থনা শেষে মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে সাগরের নোনাজলে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হয়েছে সুন্দরবনের দুবলার চরের ঐতিহ্যবাহী রাস পূজা ও রাস উৎসব।

মঙ্গলবার সূর্যোদয়ের আগে দুবলার চরের আলোরকোলে শুরু হয় পুণ্যস্নান। নারী-পুরুষ, শিশু ও বৃদ্ধরা সারিবদ্ধভাবে সাগরতীরে বসে ধূপকাঠি জ্বালিয়ে ও প্রসাদ সাজিয়ে প্রথমে প্রার্থনা করেন। পরে জোয়ারের লোনাজলে ডুব দিয়ে পাপমুক্তি, পারিবারিক মঙ্গল ও জগৎকল্যাণ কামনা করেন। সূর্যোদয়ের পরও কিছু সময় ধরে চলে এ ধর্মীয় আনুষ্ঠানিকতা। স্নান শেষে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে শেষ হয় উৎসবের আয়োজন।

গত রবিবার বিকেল থেকে দুবলার চরের আলোরকোলে শুরু হয় শতবর্ষী এ ধর্মীয় আয়োজন। সোমবার বিকেল ৪টা থেকে ভক্তদের জন্য খুলে দেওয়া হয় রাস মন্দির। রাত ১১টার পর শুরু হয় রাসপূর্ণিমার মূল পূজা। সন্ধ্যা থেকেই চলে রাধাকৃষ্ণের আরাধনা, নামকীর্তন, আরতি ও মতুয়া সম্প্রদায়ের ঢাক নৃত্য।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এ জেড এম হাছানুর রহমান জানান, এবারের রাস পূজা ও পুণ্যস্নান উপলক্ষে এবার ৪২৬টি বোটে ৯ হাজার ১১১ জন পুণ্যার্থী বন বিভাগের স্টেশন থেকে অনুমতি নিয়ে বন বিভাগের নির্ধারিত পাঁচটি জলপথ দিয়ে তারা রাস উৎসবে অংশ নেন। তবে পুণ্যার্থীদের দাবি, সরকারি হিসাবের বাইরেও খুলনা ও সাতক্ষীরাসহ বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক মানুষ উৎসবে অংশ নিয়েছেন।

সুন্দরবনের দুবলার চরে রাস পূজা ও রাস উৎসব। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পুণ্যার্থীদের বিশ্বাস, রাসপূর্ণিমায় সাগরে স্নান করলে পাপমুক্তি, রোগমুক্তি ও মনোবাসনা পূরণ হয়। সাতক্ষীরার আশাশুনি থেকে আসা  পুণ্যার্থী গৌরাঙ্গ দাস জানান, প্রতিবছর তারা দুবলার চরে আসেন। এখানে স্নান করলে শারীরিক সুস্থতার পাশাপাশি পারিবারিক বিপদ-আপদ থেকেও মুক্তি মেলে বলে তাদের বিশ্বাস। একই উপজেলার গৌরপদ সরকার জানান, সন্তান লাভের আশায় মানত করেছিলেন তিনি। সেই মানত পূরণ হওয়ায় এবার সন্তানকে নিয়ে এসেছেন।

এদিকে উৎসবের আনন্দের মধ্যেই সুন্দরবনের বন্য প্রাণীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। হরিণ শিকারের ফাঁদ পেতে রাখার অভিযোগে বিশ্বজিৎ রায় নামে এক যুবককে আটক করেছে বন বিভাগ। সোমবার দুপুরে সুন্দরবন পূর্ব বন বিভাগের আলোরকোল ক্যাম্পের বনরক্ষীরা জামতলা এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক হাজার ফুট হরিণ ধরার ফাঁদ উদ্ধার করেন। আটক বিশ্বজিতের বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলায়।

ডিএফও রেজাউল করিম চৌধুরী বলেন, হরিণ শিকার সুন্দরবনের জন্য বড় হুমকি। হরিণ বাঁচলে বাঘ বাঁচবে, বাঘ বাঁচলে সুন্দরবন বাঁচবে। এ কারণে জামতলাসহ বিভিন্ন ক্যাম্পে টহল জোরদার করা হয়েছিল।

অন্যদিকে, রাস উৎসবে যাওয়ার পথে ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসতে থাকা পুণ্যার্থীবাহী একটি বোট থেকে ২৯ জনকে নিরাপদে উদ্ধার করেছে কোস্ট গার্ড। বাগেরহাটের শরণখোলা উপজেলার সুন্দরবনসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

সুন্দরবনের দুবলার চরে রাস পূজা ও রাস উৎসব। ছবি: প্রতিদিনের বাংলাদেশ.

উৎসব ঘিরে বন বিভাগ, কোস্ট গার্ড, নৌবাহিনী, পুলিশ ও র‍্যাবের সদস্যরা জল ও স্থলপথে নিরাপত্তার দায়িত্ব পালন করেন। অসুস্থ পুণ্যার্থীদের চিকিৎসায় ছিল মেডিকেল টিম। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, বন্য প্রাণী শিকার প্রতিরোধ এবং পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট বাহিনীগুলোর সমন্বয়ে নজরদারি ও উদ্ধার তৎপরতা অব্যাহত ছিল।

উল্লেখ্য, সুন্দরবনের জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় ২০২১ সাল থেকে দুবলার চরে বাণিজ্যিক মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ রাখা হয়েছে। এবারও নির্ধারিত ধর্মীয় আনুষ্ঠানিকতার বাইরে অন্য কোনো আয়োজনের অনুমতি দেওয়া হয়নি।

পুণ্যস্নান শেষে মঙ্গলবার সকাল থেকে নৌকা ও ট্রলারে করে নিজ নিজ গন্তব্যে ফিরতে শুরু করেন পুণ্যার্থীরা। এর মধ্য দিয়ে শেষ হয় সুন্দরবনের দুবলার চরের তিন দিনের ঐতিহ্যবাহী রাস পূজা ও উৎসব।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা