× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

অরুপ রতন, বগুড়া

প্রকাশ : ১ ঘণ্টা আগে

মাঠে ক্ষতিগ্রস্ত ধান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মাঠে ক্ষতিগ্রস্ত ধান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পাকা ধান ঘরে তোলার অপেক্ষায় ছিলেন কৃষকরা। কেউ ধান কেটে জমিতে রেখেছিলেন, কেউ আবার কাটার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু টানা দুই দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে তাদের সেই প্রস্তুতিতে ছেদ পড়েছে।

বৃষ্টির পানিতে তলিয়ে গেছে কেটে রাখা ধান। জমিতে পড়ে গেছে অনেক পাকা ধানগাছ। কোথাও জমে থাকা পানি সরাতে ব্যস্ত কৃষকেরা, কোথাও ভেজা ধান শুকানোর চেষ্টা চলছে। আমন ধানের পাশাপাশি বৃষ্টিতে ক্ষতি হয়েছে সরিষা, আলু ও শীতকালীন সবজিরও। সব মিলিয়ে ফসল ঘরে তোলার এই সময়ে বড় ধরনের লোকসানের আশঙ্কায় পড়েছেন বগুড়ার কৃষকেরা।

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে গত শনি ও রবিবার বৃষ্টিতে বগুড়ার ১৩টি উপজেলায় ১ হাজার ৫৪১ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১ হাজার ১৪৫ হেক্টর জমির পাকা আমন ধান রয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে, বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৮ হাজার ৪৯১ জন কৃষক।

সারিয়াকান্দি উপজেলার কৃষক ফিরোজ হোসেন বলেন, আমন ধান ঘরে তোলার সময় এমন বৃষ্টি হওয়ায় বিপদে পড়েছি। জমিতে কেটে রাখা ধান ভিজে গেছে। পানি না নামলে ধান শুকানোও কঠিন হয়ে পড়বে। আবার জমিতে যেসব ধান রয়েছে, সেগুলোও নিয়ে দুশ্চিন্তায় আছি। এভাবে ফসলের ক্ষতি হলে আমাদের লোকসান গুনতে হবে।

গাবতলী উপজেলার কৃষক ইউসুফ আলী বলেন, সারা বছর পরিশ্রম করে ধান ফলিয়েছি। এখন ঘরে তোলার সময় বৃষ্টিতে জমির ধান নষ্ট হচ্ছে। ভেজা ধান ঠিকমতো শুকাতে না পারলে মান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। একদিকে উৎপাদন খরচ, অন্যদিকে ফসলের ক্ষতিÑসব মিলিয়ে আমরা চিন্তায় আছি।

নন্দীগ্রাম উপজেলার কৃষক মোতালেব প্রামাণিক বলেন, বৃষ্টির কারণে জমির ফসল নিয়ে দুশ্চিন্তায় পড়েছি। আমন ধানের পাশাপাশি অন্য ফসলেরও ক্ষতি হয়েছে। এই সময়ে ফসল নষ্ট হলে সারা বছরের হিসাব এলোমেলো হয়ে যায়। জমিতে পানি জমে থাকলে নতুন করে ফসলের ক্ষতি হওয়ার আশঙ্কাও থাকে।

নন্দীগ্রাম উপজেলার দোহার গ্রামের কৃষক কৃষ্ণ চন্দ্র বলেন, সারা বছরের পরিশ্রম আর ঋণের টাকায় ফসল ফলিয়েছিলাম। ধান কাটার সময়ের এই বৃষ্টি আমাদের পথে বসিয়ে দেওয়ার উপক্রম করেছে। জমিতে পানি জমে থাকায় ধান কাটা যেমন কঠিন হয়ে পড়েছে, তেমনি খড় নষ্ট হওয়ায় গবাদি পশুর খাদ্য নিয়েও বিপাকে পড়তে হবে। আমার সাড়ে চার বিঘা জমির কাটা ধান এখন পানির নিচে। 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আমন ধানের ক্ষতির দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সারিয়াকান্দি উপজেলা। সেখানে ৭৫০ হেক্টর জমির পাকা ধান ক্ষতির মুখে পড়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে গাবতলী। এ উপজেলায় ২২০ হেক্টর জমির পাকা আমন ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া শিবগঞ্জে ৯০, আদমদীঘিতে ৭৫ এবং নন্দীগ্রামে ৫ হেক্টর জমির আমন ধানের ক্ষতি হয়েছে।

আমন ধানের বাইরেও বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। কৃষি বিভাগের হিসাব অনুযায়ী, ২১৩ হেক্টর জমির সরিষা, ১৯৬ হেক্টর মৌসুমি সবজি, ১০৫ হেক্টর আগাম আলু, ৫২ হেক্টর সবজি, ১০ হেক্টর মরিচ, ৩ হেক্টর ভুট্টা এবং ১৩ হেক্টর বিভিন্ন শাকসবজি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিশেষ করে আমন ধান কাটার মৌসুমে বৃষ্টির কারণে কৃষকদের দুর্ভোগ বেড়েছে। কেটে রাখা ধান দীর্ঘ সময় পানিতে ভিজে থাকলে তা শুকানো ও সংরক্ষণ করা কঠিন হয়ে পড়ে। অন্যদিকে জমিতে পাকা ধান পড়ে থাকলে পরবর্তী সময়ে তা কাটতেও বাড়তি শ্রম ও খরচের প্রয়োজন হতে পারে। সবজি ও আগাম আলুর ক্ষেতেও জমে থাকা পানি কৃষকদের জন্য বাড়তি উদ্বেগ তৈরি করেছে।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে বগুড়ায় ১ লাখ ৮৩ হাজার ৫০৫ হেক্টর জমিতে আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ১ লাখ ৮৪ হাজার ২৪৫ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। এ ছাড়া চলতি শীত মৌসুমে ২ লাখ ৯৩ হাজার ৬২৩ হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এ বিষয়ে নন্দীগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা গাজিউল হক বলেন, ঘূর্ণিঝড়ের পূর্বাভাসের তথ্য কৃষকদের আগেই সতর্কতামূলকভাবে জানানো হয়েছে। ধান পেকে গেলে দ্রুত কেটে ঘরে তোলার পরামর্শ দেওয়া হয়েছে। ইতোমধ্যে প্রায় ৫০ শতাংশ ধান কর্তন করা হয়েছে। বৃষ্টির কারণে আলু ও সরিষা চাষের কার্যক্রম কিছুটা পিছিয়ে যেতে পারে। তবে আবহাওয়া দ্রুত ভালো হলে কৃষকদের সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই কম হবে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সোহেল মোহাম্মদ সামসুদ্দিন ফিরোজ বলেন, দুই দিনের বৃষ্টিতে জেলার বিভিন্ন এলাকায় ফসলের ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে রয়েছে কৃষি বিভাগ। কৃষি কর্মকর্তারা মাঠপর্যায়ে গিয়ে কৃষকদের সমস্যার কথা শুনছেন এবং ফসল রক্ষায় প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন। বিশেষ করে জমিতে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশনের জন্য কৃষকদের বলা হচ্ছে।

তিনি আরও বলেন, জেলার ১৩টি উপজেলায় ক্ষতিগ্রস্ত ৮ হাজার ৪৯১ জন কৃষকের তালিকা তৈরি করা হয়েছে। তালিকাটি ইতিমধ্যে কৃষি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার জন্য বরাদ্দ পাওয়া গেলে তা তাদের মধ্যে বিতরণ করা হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা