তরিকুল ইসলাম মিঠু, যশোর
প্রকাশ : ১১ মিনিট আগে
ছবি: সংগৃহীত
যশোরের ঝিকরগাছা উপজেলার মাগুরা ইউনিয়নে সারের ডিলারশিপ নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারী নীতিমালা উপেক্ষা করে মাহবুব ট্রেডার্স নামে এক ওষুধের দোকানদারকে বিসিআইসি এ সারের ডিলারশিপ দেওয়া হয়েছে ।
প্রকৃত সার ও কীটনাশক ব্যবসায়ীদের বঞ্চিত করে ভিন্ন পেশার একজনকে এই লাইসেন্স দেওয়ায় স্থানীয় ব্যবসায়ী ও কৃষকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মাগুরা ইউনিয়নের কায়েমখোলা বাজারের মাহবুব ট্রেডার্সের নামে এ সারের ডিলারশিপ দেওয়া হয়েছে। মাহবুব রহমান দীর্ঘদিন ধরে কায়েমখোলা বাজারে মাহবুব ট্রেডার্স নামে একটি ওষুধের দোকান দিয়ে ব্যবসা করে আসছেন। সম্প্রতি নিয়ম নীতির তক্কা না করে একই প্রতিষ্ঠানের নামে বিসিআইসি নতুন সার ডিলার নিয়োগের তালিকায় তার নাম উল্লেখ করা হয়েছে।
নিয়ম অনুযায়ী, সারের ডিলারশিপ পাওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির কৃষি উপকরণ যেমন সার, বীজ বা কীটনাশক ব্যবসার পূর্ব অভিজ্ঞতা এবং নিজস্ব বা ভাড়াকৃত বড় গুদামঘর থাকার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু মাহবুব ট্রেডার্সের মালিক মাহবুবুর রহমানের মূল পেশা ওষুধ বিক্রি হওয়া সত্ত্বেও কীভাবে তিনি সারের ডিলারশিপ পেলেন, তা নিয়ে জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
কীটনাশক ব্যবসায়ী আসাদুজ্জামান ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা বছরের পর বছর ধরে খুচরা সার, বীজ, কীটনাশকের ব্যবসা করে আসছি। সব শর্ত পূরণ করে আবেদন করার পরও আমাদের ডিলারশিপ দেওয়া হয়নি। অথচ যিনি সার চেনেন না ওষুধ বিক্রি করেন, তাকে ডিলার বানানো হয়েছে। এতে কৃষকরা সঠিক পরামর্শ ও সেবা থেকে বঞ্চিত হবেন।
সোহেল রানা নামে আরেক ব্যবসায়ী বলেন, কায়েমখোলা বাজারে যিনি স্যরের ডিলার পেয়েছেন তিনি মাহবুব ট্রেডার্স নামে একটি ওষুধের দোকান পরিচালনা করেন। একই নামে আবার তিনি সারের ডিলার বাগিয়ে নিয়েছেন। তিনি কোনদিন সার বা কীটনাশকের ব্যবসার সাথে যুক্ত ছিল না। মোট অংকের টাকার বিনিময়ে কর্মকর্তাদের ম্যানেজ করে তিনি এ ডিলার বাগিয়েছেন বলে তিনি জানান।
হাসান নামে আরেক খুচরা সার ব্যবসায়ী বলেন, আমি গত ৮ থেকে ১০ বছর খুচরা সার ব্যবসা করছি। আমি ডিলার নিয়োগের জন্য যে যে কাগজপত্র প্রয়োজন সবই দিয়েছি। কিন্তু আমাকে নিয়োগ দেওয়া হয়নি। আমার মতো অনেক খুচরা ব্যবসায়ীরাও আবেদন করেছিল। কিন্তু তাদেরকেও দেওয়া হয়নি। ডিলার নিয়োগ দেওয়া হয়েছে বাজারের মাহবুব নামে একজন ওষুধের দোকানদারকে। এ ডিলার নিয়োগের ফলে বাজারে প্রকৃত ব্যবসায়ীদের কে হতাশ করা হয়েছে।
কায়েমখোলা ৯ নম্বর ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি বলেন, প্রকৃত ব্যবসায়ীদের ডিলার নিয়োগ না দেওয়াই এলাকায় সমালোচনার ঝড় উঠেছে। মোট অঙ্কের টাকা দিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের ম্যানেজ করেই সে একজন ওষুধের দোকানদার হয়েও ডিলারটা বাগিয়ে নিয়েছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন তিনি।
এ বিষয়ে অভিযুক্ত ব্যবসায়ী মাহাবুবের বাড়িতে ও তার ওষুধের দোকান মাহবুব ট্রেডার্সে গিয়েও তাকে পাওয়া যায়নি। পরে তার মোবাইল ফোনে ওষুধের দোকানের নামেই সারের ডিলারশিপের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এসব জেনে আপনি কি করবেন বলে ফোনের লাইনটি বিচ্ছিন্ন করে দেন। পরে বারবার সংযোগ দিয়েও তাকে আর পাওয়া যায়নি।
বিষয়টি নিয়ে কৃষি সম্প্রসারণ যশোরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক জাহিদুল ইসলাম বিশ্বাসের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি জেলা সার-বীজ মনিটারিং কমিটির সদস্য সচিব। ডিলার নিয়োগের সভাপতি জেলা প্রশাসক। তাই কোনো ভুলত্রুটি হলে দায়-দায়িত্ব তাদের ওপর বর্তাবে বলে তিনি জানান।