রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৬ মিনিট আগে
আটক ইমন হোসেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের কেরোয়া শাখার মূল ফটকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (২৩ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে।
এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টার সময় স্থানীয় জনতা ইমন নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করে।
আটক ইমন রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের লুধুয়া গ্রামের খোকা আমিনের ছেলে ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ইউনিয়ন সাধারণ সম্পাদক বলে জানা যায়।
স্থানীয়রা ইমন হোসেনকে পুলিশে সোপর্দ করেছে। ঘটনার সময় তার সঙ্গে আরও দুইজন ছিল, তবে তারা পালিয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে একদল দুর্বৃত্ত মন্ডলতলী বাজার সংলগ্ন কেরোয়া গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ের গেটে আগুন ধরিয়ে দেয়।
সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, এক যুবক এসে ব্যাংকের মূল গেটে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। অন্য এক যুবক পাশের সড়ক থেকে ঘটনাটি ভিডিও করছে। আগুন লাগিয়েই তারা পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা ধাওয়া করে ইমনকে আটক করে।
আগুনের ধোঁয়া দেখতে পেয়ে আশপাশের স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরবর্তী সময়ে স্থানীয়রা তাকে আটকে রেখে থানা পুলিশে খবর দেন।
গ্রামীণ ব্যাংক কেরোয়া শাখার ব্যবস্থাপক আব্দুর রহমান বলেন, সোমবার রাতে গ্রামীণ ব্যাংক কেরোয়া শাখার মেইন গেটে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে একজনকে আটক করে পুলিশে দেয়। এর আগে গত বুধবার রাতেও এই শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়।
এ বিষয়ে রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁঞা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং আটক যুবককে জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।