সাইফুল হক মোল্লা দুলু, মধ্যাঞ্চল
প্রকাশ : ৬ মিনিট আগে
আপডেট : ৬ মিনিট আগে
নিজের সংগ্রশালায় শরীফুল ইসলাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
একসময় যে পুরোনো পত্রিকার পাতা বিড়ি তৈরির কাগজ হিসেবে ব্যবহৃত হতো, সেসব পত্রিকাই এখন ইতিহাসের সাক্ষী হয়ে ঠাঁই পেয়েছে একটি ব্যক্তিগত সংগ্রহশালায়। ১৯৭১ সালের সংবাদপত্র, শতাব্দীপ্রাচীন বই, হাতে লেখা পুথি, পুরোনো মুদ্রা, ডাকটিকিট, রেলওয়ের টিকিট, কলের গান, রেডিও, সাদাকালো টেলিভিশন কিংবা হ্যাজাক লাইটÑসময়ের সঙ্গে হারিয়ে যেতে বসা নানা স্মৃতিচিহ্ন যত্ন করে সংগ্রহ করছেন কিশোরগঞ্জের শরীফুল ইসলাম।
কিশোরগঞ্জ জেলা শহরের পশ্চিম হারুয়া এলাকার কসাইখানা এলাকায় ছোট্ট একটি দোকানে গড়ে উঠেছে তার এই সংগ্রহশালা। আকারে ছোট হলেও এর ভেতরে জমা রয়েছে কয়েক দশক, এমনকি কয়েক শতাব্দীর ইতিহাস।
শরীফের সংগ্রহে রয়েছে প্রায় ৬০ থেকে ৭০ হাজার পুরোনো বই-পুস্তক। এর বাইরে বিভিন্ন সময়ের সংবাদপত্র, ঐতিহাসিক দলিল, পুরোনো যন্ত্রপাতি, মুদ্রা, ডাকটিকিট ও দৈনন্দিন জীবনে ব্যবহৃত নানা সামগ্রী। প্রতিটি জিনিসের সঙ্গে জড়িয়ে রয়েছে কোনো না কোনো সময়, ঘটনা কিংবা মানুষের স্মৃতি।
৩৮ বছর বয়সী শরীফুল ইসলাম নওগাঁর রানীনগর উপজেলার কাশিমপুরের বাসিন্দা। গত ১২ বছর ধরে কিশোরগঞ্জের পশ্চিম হারুয়া এলাকায় বসবাস করছেন তিনি। বিয়ে করেছেন কিশোরগঞ্জের হাওরাঞ্চলে। স্ত্রী জেসমিন আক্তার গৃহিণী। দুই সন্তান লাবিবা আক্তার ও জায়েন জিসান। পেশায় কাগজ কেনাবেচার ছোট ব্যবসায়ী হলেও পুরোনো বই, পত্রিকা ও দুর্লভ সামগ্রী সংগ্রহ করাই তার বিশেষ আগ্রহ। সংগ্রহের কাজে স্ত্রীও তাকে উৎসাহ দিয়ে আসছেন।
বিড়ির কাগজ হতে হতে হারিয়ে যাচ্ছিল ইতিহাস
শরীফের সংগ্রহের যাত্রা শুরু ২০১৫ সালের দিকে। তখন কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কয়েকটি দোকানে পুরোনো নিউজপ্রিন্টের পত্রিকা ও ম্যাগাজিন অন্য কাগজের তুলনায় বেশি দামে বিক্রি হতে দেখেন তিনি। খোঁজ নিয়ে জানতে পারেন, ৪০ থেকে ৫০ বছর আগের এসব পত্রিকা কেটে টুকরো করে বিড়ি তৈরির কাজে ব্যবহার করা হচ্ছে।
যেসব পত্রিকার পাতায় দেশের রাজনৈতিক পরিবর্তন, সামাজিক ঘটনা, মুক্তিযুদ্ধ কিংবা মানুষের জীবনের নানা গুরুত্বপূর্ণ মুহূর্তের সংবাদ রয়েছে, সেগুলো এভাবে হারিয়ে যেতে দেখে ভাবনায় পড়েন শরীফ। সেই ভাবনা থেকেই পুরোনো বই ও পত্রিকা সংগ্রহ শুরু করেন। পরে তার সংগ্রহে যুক্ত হয় মুদ্রা, ডাকটিকিট, রেলওয়ের টিকিট, হাতে লেখা চিঠি, পুরোনো যন্ত্রপাতিসহ নানা ঐতিহাসিক সামগ্রী।

এরপর থেকে দেশের বিভিন্ন স্থানে পুরোনো ও গুরুত্বপূর্ণ কোনো জিনিসের সন্ধান পেলেই নিজের সামর্থ্য অনুযায়ী সংগ্রহের চেষ্টা করেন তিনি। সংগ্রহ করা সামগ্রী প্রথমে নিজের গুদামে রাখেন। পরে বাছাই করে গুরুত্বপূর্ণ ও দুর্লভ জিনিসগুলো দোকানের সংগ্রহশালায় সাজিয়ে রাখেন।
পুথি থেকে বিদ্যাসাগরের ‘বোধোদয়’
শরীফের সংগ্রহশালার অন্যতম আকর্ষণ তুলট কাগজে হাতে লেখা একটি প্রাচীন পুথি। পুথিটির বয়স প্রায় ৫০০ বছর বলে দাবি করেন তিনি। এটি সংস্কৃত ভাষায় লেখা। এ ছাড়া রয়েছে উনিশ শতকের মাঝামাঝি সময়ে প্রকাশিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিশুশিক্ষাবিষয়ক বই ‘বোধোদয়’।
সংগ্রহে রয়েছে শতাব্দীপ্রাচীন পাঠ্যবই ‘আমার সাথী’, পাঁচ আনা মূল্যের দুর্লভ বাংলা পাঠ্যবই ‘মুক্তাহার’ এবং ১৩৫৫ বঙ্গাব্দে প্রকাশিত পাঁচ সিকা মূল্যের কাব্যগ্রন্থ ‘জয়গান’।
পুরোনো পত্রিকার সংগ্রহেও রয়েছে উল্লেখযোগ্য বৈচিত্র্য। মুক্তিযুদ্ধকালীন ও স্বাধীনতা-পরবর্তী বিভিন্ন পত্রিকার সংখ্যা, সংবাদ কাটিং এবং ঐতিহাসিক প্রকাশনায় উঠে এসেছে দেশের রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের নানা অধ্যায়।
১৯৭১ সালের ১৭ ডিসেম্বর প্রকাশিত ‘দৈনিক বাংলাদেশ’ পত্রিকার একটি সংখ্যা তার সংগ্রহের অন্যতম আলোচিত সামগ্রী। এটি এক প্রবাসী লেখকের কাছে ৬০ হাজার টাকায় বিক্রি করেছেন বলে জানান শরীফ। স্বাধীনতার আগে পত্রিকাটি ‘দৈনিক পাকিস্তান’ নামে প্রকাশিত হতো।
এ ছাড়া ১৯৭০ সালে রচিত গোয়েন্দা উপন্যাস ‘দুষ্টগ্রহ’ নামের একটি বই এক অস্ট্রেলিয়া প্রবাসীর কাছে ৪০ হাজার টাকায় বিক্রি করেছেন তিনি। তবে সংগ্রহে থাকা সব দুর্লভ বই কিংবা সামগ্রী বিক্রি করেন না শরীফ। একই জিনিসের একাধিক কপি থাকলে একটি রেখে বাকিগুলো বিক্রি করেন। কোনো সংগ্রহের দ্বিতীয় কপি পাওয়া কঠিন মনে হলে সেটি হাতছাড়া করতে চান না।
এক দোকানে অতীতের প্রযুক্তি
পুরোনো বই ও পত্রিকার পাশাপাশি শরীফের সংগ্রহে রয়েছে একসময় মানুষের দৈনন্দিন জীবনে ব্যবহৃত নানা প্রযুক্তি ও সামগ্রী। কলের গান, হ্যাজাক লাইট, রেডিও, টেপ রেকর্ডার, সাদাকালো টেলিভিশন কিংবা ব্রিটিশ আমলের ট্রাংক দেখে দর্শনার্থীরা ফিরে যান অতীতের স্মৃতিতে।
শহরের বাসিন্দা মোহাম্মদ কামরুজ্জামান স্বপন বলেন, বর্তমান প্রজন্মের অনেকেই একসময় ব্যবহৃত এসব জিনিস সম্পর্কে জানে না। মোবাইল ও অনলাইন যুগে এসে অতীতের অনেক স্মৃতি হারিয়ে যাচ্ছে। এখানে এসে কলের গান দেখে খুব ভালো লেগেছে।

তিনি বলেন, একসময় বিদ্যুৎ কিংবা ব্যাটারি ছাড়াই হাতে ঘুরিয়ে রেকর্ড বাজিয়ে গান শোনা যেত। এখনকার অনেকেই হয়তো এই যন্ত্রটি চেনেন না। পুরোনো রেডিও, টেলিভিশন, টেপ রেকর্ডার ও হ্যাজাক লাইটের মতো সামগ্রী অমূল্য সম্পদ। এগুলো যথাযথভাবে সংরক্ষণ করে জাদুঘরের আদলে সাজানো গেলে নতুন প্রজন্ম অতীতের জীবনযাপন ও প্রযুক্তি সম্পর্কে জানতে পারবে।
ব্যক্তিগত উদ্যোগে ইতিহাস সংরক্ষণ
কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন, শুরুতে শরীফের কাগজের গুদামকে তারা সাধারণ ব্যবসাপ্রতিষ্ঠান মনে করতেন। পরে দেখতে পান, শরীফ পুরোনো কাগজের মধ্য থেকে ঐতিহাসিক দলিল ও গুরুত্বপূর্ণ পত্রিকা আলাদা করে সংরক্ষণ করছেন।
তিনি বলেন, ‘এটা অনেক ধৈর্যের কাজ। শরীফ ভাই ধৈর্য সহকারেই কাজটি করেছেন। ধীরে ধীরে কাগজ বিক্রির জায়গা থেকে ঐতিহাসিক দলিলগুলো আলাদা করে সংগ্রহশালায় নিয়ে এসেছেন। আজ তার এই সংগ্রহশালা দেখে আমরা মুগ্ধ। বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ দলিলগুলো সংরক্ষণে সরকারি উদ্যোগ প্রয়োজন। শরীফের এই সংগ্রহশালা দেশের ইতিহাস সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’
আইটি এক্সপার্ট আশরাফ আলী সোহান বলেন, ইতিহাস জানার আগ্রহ থেকে অনলাইনে কিংবা পত্রপত্রিকায় বিভিন্ন তথ্য খুঁজতেন তিনি। কিন্তু শরীফের সংগ্রহশালায় এসে একসঙ্গে এত পুরোনো পত্রিকা ও ঐতিহাসিক তথ্য দেখে অবাক হয়েছেন।
তিনি বলেন, স্বাধীনতার আগ থেকে আজ পর্যন্ত বিভিন্ন পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ এখানে রয়েছে। রাজনৈতিক উত্থান-পতন, দেশের নানা ঘটনা এবং কিশোরগঞ্জের অনেক ইতিহাসও এখানে পাওয়া যাচ্ছে। কিশোরগঞ্জের সন্তান হয়েও এখানকার কিছু ঘটনা আগে জানতাম না। ছোট সংগ্রহশালা হলেও এর তথ্যভাণ্ডার অনেক সমৃদ্ধ। দীর্ঘদিনের পরিশ্রমে শরীফ ইতিহাসের নানা উপকরণ একত্র করেছেন। সংগ্রহশালাটি আরও বড় করা গেলে এবং সবার দেখার সুযোগ সৃষ্টি করা গেলে নতুন প্রজন্ম ইতিহাসের বিভিন্ন বাঁক সম্পর্কে জানতে পারবে।
স্থানীয় বাসিন্দা আশরাফুল ইসলাম পিয়াদ বলেন, শরীফের সংগ্রহশালায় পাকিস্তান আমল থেকে শুরু করে বিভিন্ন সময়ের ঐতিহাসিক বিষয় জানা যায়। রাজনৈতিক ব্যক্তিত্ব ও দেশের নানা গুরুত্বপূর্ণ ঘটনার স্মৃতি এখানে সংরক্ষিত রয়েছে। পশ্চিম হারুয়া এলাকায় এমন সংগ্রহশালা গড়ে ওঠায় স্থানীয় বাসিন্দারা গর্বিত।
১৫ দিন স্টেশনেই রাত কাটিয়ে সংগ্রহ
শরীফুল ইসলাম বলেন, ৪৭-এর সমাধান, ৭১-এর অবদানÑ এ সবকিছুর সংগ্রহের নামই হচ্ছে ওল্ড কালেকশন। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে ব্যক্তিগতভাবে বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য রক্ষায় কাজ করে চলছি। এই কাজের পেছনে সবচেয়ে বেশি প্রেরণা ও শক্তি জুগিয়েছে আমার পরিবার।
তিনি জানান, পরিবারের পুরোনো জিনিসপত্র সংরক্ষণের অভ্যাস থেকেই তার সংগ্রহের আগ্রহ তৈরি হয়। তার বাবা ব্রিটিশ আমলের বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী যত্ন করে রেখে দিতেন। বাবার সেই অভ্যাস দেখে শেখেন তিনি। পরিবারের পুরোনো জিনিসগুলো এখনো তাদের কাছে সংরক্ষিত রয়েছে।
সংগ্রহশালা গড়ে তোলার পেছনে নিজের শ্রমের কথা তুলে ধরে শরীফ বলেন, শুরুর দিকে আর্থিক সামর্থ্য না থাকায় সংগ্রহের কাজে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে হোটেলে থাকার সুযোগ ছিল না। একটানা প্রায় ১৫ দিন ট্রেন, বাস ও বিভিন্ন শহরে ঘুরে সংগ্রহ করেছেন পুরোনো বই, পত্রিকা ও ঐতিহাসিক সামগ্রী। কখনো রেলস্টেশনে রাত কাটিয়েছেন, কখনো নদীতে গোসল করে আবার সংগ্রহের কাজে বেরিয়ে পড়েছেন।
খুলনা থেকে দিনাজপুর, সেখান থেকে কুড়িগ্রামসহ বিভিন্ন জেলায় ঘুরে পুরোনো সামগ্রী সংগ্রহ করেছেন। সংগ্রহ করা জিনিস প্যাকেট করে কুরিয়ারে পাঠিয়ে আবার অন্য এলাকায় চলে গেছেন। এভাবেই নিজের শ্রম, সময় ও সামর্থ্য দিয়ে সমৃদ্ধ করেছেন ‘ওল্ড কালেকশন’।
শরীফ বলেন, পুরোনো বই-পত্রিকা সংগ্রহ করতে গিয়ে অনেক সময় মানুষ এগুলোকে মূল্যহীন মনে করে। ধুলা-ময়লা জমে থাকা পুরোনো কাগজের স্তূপ থেকে ঐতিহাসিক দলিল উদ্ধার করতে গিয়ে নানা অবহেলা ও অবজ্ঞার মুখেও পড়তে হয়েছে। তবে যারা তার সংগ্রহের গুরুত্ব বোঝেন, তাঁদের প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশই সবচেয়ে বড় প্রাপ্তি।
জেলাভিত্তিক সংগ্রহশালা গড়ার আহ্বান
শরীফুল ইসলাম বলেন, পুরোনো বই, পত্রিকা ও ঐতিহাসিক দলিলপত্রের অনেক কিছুই অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে। বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তিগত পাঠাগার কিংবা পরিবারের পুরোনো বই-পত্রিকা অপ্রয়োজনীয় মনে করে বিক্রি করে দেওয়া হচ্ছে। সেখান থেকে অনেক মূল্যবান ইতিহাস চলে যাচ্ছে কাগজের মিলে, তৈরি হচ্ছে নতুন কাগজ। অথচ সেগুলো সংরক্ষণ করা গেলে ইতিহাসের গুরুত্বপূর্ণ তথ্য ও স্মৃতি আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া সম্ভব।
তিনি বলেন, রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য রক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। শুধু বাংলাদেশভিত্তিক নয়, প্রতিটি জেলায় জেলাভিত্তিক ঐতিহাসিক সংগ্রহশালা গড়ে তোলা দরকার। সেখানে জেলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং ঐতিহাসিক ও গুণী ব্যক্তিদের অবদান সংরক্ষিত থাকবে। তাহলে বর্তমান ও আগামী প্রজন্ম নিজেদের ইতিহাস থেকে নতুন ধারণা ও শিক্ষা নিতে পারবে।