আজ শুরু হলো সপ্তাহব্যাপী ট্রায়াল রান
কক্সবাজার অফিস
প্রকাশ : ১ ঘণ্টা আগে
তিন মাসব্যাপী ‘কক্সবাজার পর্যটন কার্নিভাল-২০২৬’ এবং সপ্তাহব্যাপী পরীক্ষামূলক বা ট্রায়াল রান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
তিন মাসব্যাপী ‘কক্সবাজার পর্যটন কার্নিভাল-২০২৬’
এরই ধারাবাহিকতায় আজ রবিবার বিকেল ৩টা
৩০ মিনিটে কক্সবাজারের হোটেল শৈবাল-এ বিচফ্রন্টে “Introducing the Wave of
Experience” শীর্ষক এক অনুষ্ঠানের মাধ্যমে কার্নিভালটির আনুষ্ঠানিক পরিচিতি এবং সপ্তাহব্যাপী
পরীক্ষামূলক বা ট্রায়াল রান কার্যক্রমের উদ্বোধন করা হয়।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে
এবং স্পেলবাউন্ড কমিউনিকেশন লিমিটেড-এর পরিকল্পনা ও সৃজনশীল ব্যবস্থাপনায় এই কার্নিভালটি
আয়োজিত হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংরক্ষিত
নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা বেগম স্বপ্না কক্সবাজারের পর্যটন উন্নয়ন,
পর্যটনবান্ধব পরিবেশ সৃষ্টি এবং স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, ‘এই কার্নিভালের মূল লক্ষ্য হলোÑ পর্যটনের মাধ্যমে দেশের জিডিপি প্রবৃদ্ধি
ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করা এবং আমাদের সৃজনশীল অর্থনীতিকে (Creative
Economy) এগিয়ে নেওয়া। সরকারি-বেসরকারি অংশীদারত্ব এবং স্থানীয় জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণের
মাধ্যমে আমরা কক্সবাজারকে বিশ্বের মানচিত্রে একটি অন্যতম সেরা ও টেকসই পর্যটন কেন্দ্র
হিসেবে গড়ে তুলতে চাই।”
সভাপতির বক্তব্যে বাংলাদেশ পর্যটন করপোরেশনের
চেয়ারম্যান মো. সামীমুজ্জামান কার্নিভাল আয়োজনের উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে
ধরে বলেন, “কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের সর্বোচ্চ সুবিধা কাজে লাগিয়ে বিশ্বের
দীর্ঘতম অবিচ্ছিন্ন এই সমুদ্র সৈকতকে আমরা বৈশ্বিক পর্যটকদের জন্য একটি অন্যতম আন্তর্জাতিক
গন্তব্য হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার মতো আধুনিক সুযোগ-সুবিধা,
পরিচ্ছন্নতা এবং বিশ্বমানের অভিজ্ঞতা নিশ্চিত করার ক্ষেত্রে এই কার্নিভাল আমাদের অন্যতম
প্রথম একটি বড় পদক্ষেপ।”
তিনি আরো জানান, সমুদ্রসৈকতের প্রাকৃতিক
সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় পুরো কার্নিভাল এলাকাকে ‘প্লাস্টিকমুক্ত ও পরিবেশবান্ধব
জোন’ হিসেবে গড়ে তোলা হচ্ছে এবং পর্যটকদের দিন-রাত ২৪ ঘণ্টা নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ,
লাইফগার্ড টিম ও সিসিটিভি নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে।
এর আগে স্বাগত বক্তব্যে বাংলাদেশ পর্যটন
করপোরেশনের পরিচালক মো. গনী উল আজম কার্নিভালের সামগ্রিক রূপরেখা তুলে ধরেন। তিনি জানান,
আজ থেকে শুরু হওয়া এক সপ্তাহের পরীক্ষামূলক কার্যক্রম শেষে ছুটির মৌসুমের শুরু থেকেই
কার্নিভালটি পূর্ণাঙ্গভাবে চালু হবে। কক্সবাজারের সবাইকে এই উৎসবের সঙ্গে যুক্ত হওয়ার
জন্য তিনি আহ্বান জানান।
কার্নিভালের মূল আকর্ষণসমূহ:
পর্যটকদের দিন-রাত ২৪ ঘণ্টা আনন্দ ও
বিনোদনে মাতিয়ে রাখতে কার্নিভালটি কয়েকটি বিশেষ জোনে সাজানো হয়েছে:
শিল্প ও সংস্কৃতি: দেশি-বিদেশি
শিল্পীদের তৈরি বালুর ভাস্কর্য, ওপেন থিয়েটারে লোকজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান, জমজমাট
কনসার্ট এবং ওপেন-এয়ার সিনেমা।
প্রকৃতি ও রোমাঞ্চ: সমুদ্রের
তীরে ক্যাম্পিং, ক্যাম্পফায়ার, তারাভরা আকাশ দেখার সুযোগ এবং বিচ ও অ্যাডভেঞ্চার স্পোর্টস।
খাবার ও কেনাকাটা: দেশীয় ও স্থানীয়
খাবারের বিশাল ফুড জোন এবং হস্তশিল্প ও জিআই (GI) পণ্যের বিশেষ মার্কেট জোন।
পরিবার ও জ্ঞানচর্চা: শিশুদের
জন্য আলাদা কিডস জোন এবং সমুদ্রের তীরে বসে বই পড়ার ওপেন লাইব্রেরি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক এম, এ, মান্নান, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য
(প্রকৌশল) লেফটেন্যান্ট কর্নেল আবু নাঈম মো. তালাত (পিপিএম), স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫-এর
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মো. মাহমুদুর রহমান, কক্সবাজারের পুলিশ সুপার
এ.এন.এম, সাজেদুর রহমান, কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক এ.টি.এম. নুরুল বাশার চৌধুরী
এবং ট্যুরিস্ট পুলিশ (কক্সবাজার অঞ্চল)-এর পুলিশ সুপার মিসেস নিশাত অ্যাজেলা।
অনুষ্ঠানে কক্সবাজারের ঐতিহ্য ও বালিয়াড়ির
গল্প নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘কক্সবাজারের গল্প’ প্রদর্শিত হয় এবং কার্নিভালের
থিম সং পরিবেশন করা হয়।