× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাগলা মসজিদ

দেড়শ কোটি ছাড়াল তহবিল, নির্মিত হবে আন্তর্জাতিক ইসলামিক কমপ্লেক্স

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ১৭ মিনিট আগে

পাগলা মসজিদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পাগলা মসজিদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার পাওয়া গেছে রেকর্ড ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা। চার মাস ২৪ দিন পর দানবাক্স খুলে পাওয়া এই অর্থ আগের জমার সঙ্গে যুক্ত হওয়ায় মসজিদের তহবিলে মোট অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ১৫১ কোটি ৪৩ লাখ ৫০ হাজার ৮১ টাকা। এর মধ্য দিয়ে পাগলা মসজিদের তহবিল দেড়শ কোটি টাকার মাইলফলক ছাড়িয়েছে।

এর আগে শনিবার সকালে মসজিদের ১০টি স্থায়ী দানবাক্স ও পাঁচটি অস্থায়ী ট্রাঙ্ক খোলা হয়। দিনভর গণনা শেষে রাত সোয়া ১০টার দিকে অর্থের পরিমাণ ঘোষণা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক এরশাদুল আহমেদ।


তিনি জানান, দানবাক্স ও ট্রাঙ্ক থেকে এবার ৫১ বস্তা টাকা পাওয়া যায়। সকাল ৯টা থেকে গণনা শুরু করেন প্রশাসনের কর্মকর্তা, ব্যাংক কর্মকর্তা, মসজিদ পরিচালনা কমিটির সদস্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। প্রথম ধাপে গণনা শেষে দুপুর সাড়ে ১২টার দিকে ১০ কোটি টাকা রূপালী ব্যাংকের সেভিংস হিসাবে জমা করা হয়। দ্বিতীয় ধাপে পাওয়া যায় আরও ৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা। সব মিলিয়ে এবার দানবাক্সে পাওয়া গেছে ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা।

জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন জানান, দানবাক্স খোলার আগে মসজিদের ব্যাংক হিসাবে জমা ছিল ১৩৩ কোটি ২১ লাখ ৮০ হাজার ৫৬৪ টাকা। নতুন পাওয়া অর্থ যোগ করে মোট তহবিল দাঁড়িয়েছে ১৫১ কোটি ৪৩ লাখ ৫০ হাজার ৮১ টাকা।

১০০ কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত হবে ইসলামিক কমপ্লেক্স


পাগলা মসজিদের বিপুল তহবিলের অর্থ জনকল্যাণমূলক কাজে ব্যবহারের পরিকল্পনার অংশ হিসেবে ১০০ কোটি টাকার বেশি ব্যয়ে ১০ তলাবিশিষ্ট আন্তর্জাতিক মানের ইসলামিক কমপ্লেক্স নির্মাণ করা হবে। শনিবার সকালে দানবাক্স খোলার পর আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জেলা প্রশাসক সোহানা নাসরিন।

তিনি জানান, এ জন্য মসজিদের নামে ৫৩ দশমিক ৭৭ শতাংশ জমি কেনা হয়েছে। আধুনিক তুর্কি স্থাপত্যশৈলীতে নির্মিতব্য কমপ্লেক্সে একসঙ্গে প্রায় ৩০ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা থাকবে। মসজিদের পাশাপাশি সেখানে মাদরাসা, এতিমখানা, সমৃদ্ধ লাইব্রেরি, অডিটোরিয়াম ও গেস্টহাউস থাকবে। নারীদের নামাজের জন্যও থাকবে পৃথক ব্যবস্থা। কমপ্লেক্সের নান্দনিক নকশা প্রণয়নের কাজ শেষ পর্যায়ে রয়েছে।

দানবাক্সে নগদ অর্থের পাশাপাশি স্বর্ণালংকার


পাগলা মসজিদে প্রতি দানবাক্স খোলার পরই নতুন রেকর্ডের সৃষ্টি হচ্ছে। সাধারণত তিন মাস পরপর দানবাক্স খোলা হলেও এবার খোলা হয়েছে চার মাস ২৪ দিন পর। নগদ অর্থের পাশাপাশি এবারও দানবাক্সে পাওয়া গেছে স্বর্ণ ও রুপার অলংকার, বৈদেশিক মুদ্রা এবং বিভিন্ন মূল্যবান সামগ্রী। মুসল্লিদের অনেকে মানতের চিঠিও দান করেন।

প্রতি শুক্রবার কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা থেকে অসংখ্য মানুষ এ মসজিদে নামাজ আদায় ও দান করতে আসেন। মুসল্লির সংখ্যা বাড়তে থাকায় মসজিদে জায়গার সংকটও দেখা দিয়েছে। অনেক সময় ভেতরে জায়গা না পেয়ে মুসল্লিদের খোলা আকাশের নিচে ও আশপাশের সড়কে নামাজ আদায় করতে হয়। স্থানীয় বাসিন্দা ও মুসল্লিদের প্রত্যাশা, নতুন কমপ্লেক্স নির্মিত হলে নামাজের জায়গা বাড়ার পাশাপাশি ধর্মীয় শিক্ষা ও জনকল্যাণমূলক কার্যক্রমও সম্প্রসারিত হবে।

মসজিদ পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, দানের অর্থ মসজিদের উন্নয়ন, পরিচালনা ও ধর্মীয় কার্যক্রমের পাশাপাশি জেলার বিভিন্ন মসজিদ, মাদরাসা ও এতিমখানায় সহায়তা দিতে ব্যয় করা হয়। শিক্ষা, চিকিৎসা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডেও এ তহবিল থেকে সহায়তা দেওয়া হয়।

পাগলা মসজিদের নামকরণ নিয়ে জনশ্রুতি

পাগলা মসজিদের নামকরণ নিয়ে স্থানীয়ভাবে একাধিক জনশ্রুতি প্রচলিত রয়েছে। একটি কাহিনি অনুযায়ী, মহাবীর ঈশা খানের অধস্তন পুরুষ দেওয়ান জিলকদর খান ‘পাগলা’ নামে পরিচিত ছিলেন। দুনিয়াদারি ছেড়ে আধ্যাত্মিক সাধনায় জীবন কাটানো এই ব্যক্তিকে স্থানীয় মানুষ ‘পাগলা সাহেব’ নামে ডাকতেন। জনশ্রুতি রয়েছে, তিনি নরসুন্দা নদীর মাঝখানে মাদুর পেতে ভেসে এসে বর্তমান মসজিদের কাছে অবস্থান নেন। পরে তার ইবাদতের জন্য দেওয়ান পরিবারের পক্ষ থেকে সেখানে টিনের ঘর নির্মাণ করা হয়। সেই ঘরই একসময় পাগলা মসজিদ নামে পরিচিতি পায়।

আরেকটি জনশ্রুতি অনুযায়ী, হয়বতনগরের প্রতিষ্ঠাতাদের পরিবারের এক নিঃসন্তান বেগমকে স্থানীয় লোকজন ‘পাগলা বিবি’ বলে ডাকতেন। তিনি স্বপ্নাদিষ্ট হয়ে নরসুন্দা নদীর তীরে একটি মসজিদ নির্মাণ করেন। সেটি প্রথমে ‘পাগলা বিবির মসজিদ’ নামে পরিচিত হলেও পরে সংক্ষিপ্ত হয়ে পাগলা মসজিদ নাম ধারণ করে।

শনিবার দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক সোহানা নাসরিন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা