মোহাম্মদ ইউনুছ অভি, সেন্ট মার্টিন থেকে ফিরে
প্রকাশ : ৭ মিনিট আগে
দ্বীপের ২০ শয্যার হাসপাতালের জন্য প্রায় ৭ লাখ টাকার ওষুধ ও চিকিৎসাসামগ্রী সরবরাহ করা হলেও এর বড় অংশ রোগীদের না দিয়ে বাইরে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের দরিদ্র মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে পাঠানো বিনা মূল্যের ওষুধ রোগীদের ভাগ্যে জোটেনি। গত এক বছরে দ্বীপের ২০ শয্যার হাসপাতালের জন্য প্রায় সাত লাখ টাকার ওষুধ ও চিকিৎসাসামগ্রী সরবরাহ করা হলেও এর বড় অংশ রোগীদের না দিয়ে বাইরে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। রোগীদের নামে ওষুধ বিতরণের হিসাব দেখানো হলেও বাস্তবে অনেকেই প্রয়োজনীয় ওষুধ পাননি। সন্তান প্রসবের জন্য ভর্তি হওয়া প্রসূতি রোগীদের স্বজনদের কাছ থেকেও ওষুধ, স্যালাইন ও অন্যান্য চিকিৎসাসামগ্রীর খরচ বাবদ নির্দিষ্ট অঙ্কের টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
গত ২৪ অক্টোবর সরেজমিনে দেখা যায়, দ্বীপের
কোনাপাড়া এলাকা থেকে সেন্ট মার্টিন হাসপাতালে চিকিৎসা নিতে আসেন ফাতেমা খাতুন। কর্তব্যরত
চিকিৎসক তাঁর নাম লিখে দিলেও হাসপাতাল থেকে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়নি। তাঁকে বাইরে
থেকে ওষুধ কিনে খাওয়ার পরামর্শ দেওয়া হয়। ক্ষোভ প্রকাশ করে ফাতেমা খাতুন বলেন, এখানে
আগে দু-একটা প্যারাসিটামল ছাড়া ভালো ওষুধ পাইনি। দু-একবার এখান থেকে টাকা দিয়ে ওষুধ
কিনেছি।
আয়েশা নামের আরেক রোগী বলেন, রেজিস্টার
খাতায় আমার নাম আছে। কিন্তু আমাকে কোনো ওষুধ দেয়নি। অথচ তালিকায় দেখানো হয়েছে, আমাকে
ওষুধ দেওয়া হয়েছে। তারা হয়তো মনে করেছে আমি অশিক্ষিত, কিছু বুঝব না।
সেন্ট মার্টিন দক্ষিণপাড়ার বাসিন্দা
আবু তাহের বলেন, অক্টোবরের শুরুর দিকে জ্বর ও কাশি নিয়ে হাসপাতালে গেলে উপসহকারী মেডিকেল
অফিসার আব্দুল জলিল তাঁকে ওষুধ বিক্রির প্রস্তাব দেন। পরে হাসপাতাল থেকেই টাকা দিয়ে
ওষুধ নিতে হয়েছে।
শুধু সাধারণ রোগী নন, সন্তান প্রসবের
জন্য হাসপাতালে ভর্তি হওয়া নারীদের স্বজনদের কাছ থেকেও টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
সেন্ট মার্টিন দক্ষিণপাড়ার বাসিন্দা
আবুল হোসেন বলেন, এক মাস আগে আমার স্ত্রীকে সন্তান প্রসবের জন্য হাসপাতালে ভর্তি করি।
প্রথমে আমার সঙ্গে পাঁচ হাজার টাকায় চুক্তি করা হয়। জানানো হয়, ওষুধসহ সব খরচ মিলিয়ে
এই টাকা দিতে হবে। নিরুপায় হয়ে রাজি হই। এ ছাড়া আরও তিন প্রসূতির স্বজনের অভিযোগও প্রায়
একই।
স্থানীয় সূত্রে জানা যায়, হাসপাতালের
কর্মচারী রমজান আলীর ছেলে মো. কাদেরের সেন্ট মার্টিন বাজারে একটি ফার্মেসি রয়েছে। অভিযোগ
রয়েছে, হাসপাতালের উপসহকারী মেডিকেল অফিসারদের সঙ্গে যোগাযোগের ভিত্তিতে হাসপাতাল থেকে
ওষুধ না পাওয়া রোগীদের ওই ফার্মেসিতে পাঠানো হতো। পরে সেখান থেকে তাঁদের ওষুধ কিনতে
বলা হতো।
এ ছাড়া উপসহকারী মেডিকেল অফিসার শহিদুল
ইসলামের বিরুদ্ধে হাসপাতাল থেকে ব্যাগে করে ওষুধ টেকনাফে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন
হাসপাতালের এক নার্স। তাঁর দাবি, বিভিন্ন সময় শহিদুল ইসলাম টেকনাফে যাওয়ার সময় হাসপাতালের
ওষুধ সঙ্গে করে নিয়ে যেতেন।
হাসপাতালের কয়েকজন নার্সের অভিযোগ,
চলতি বছরের আগস্ট থেকে ওষুধ বিতরণের রেজিস্টার তৈরি শুরু হলেও তালিকায় নাম থাকা অনেক
রোগীই ওষুধ পাননি। রোগীদের নামের পাশে ওষুধের নাম লিখে বিতরণের হিসাব দেখানো হয়েছে,
কিন্তু বাস্তবে ওষুধ দেওয়া হয়নি।
আগস্ট মাসে দায়িত্ব পালন করা মেডিকেল
অফিসার ডা. তন্ময় বলেন, আমি যাওয়ার আগে ওষুধ বিতরণের কোনো রেজিস্টার ছিল না। পরে রেজিস্টার
খাতা করে দিয়ে এসেছি। তবে এসব কাজ কে বা কারা করেছে, তা ধরতে পারিনি।
প্রতিবেদকের হাতে আসা চট্টগ্রাম মা
ও শিশু হাসপাতালের গত ১১ নভেম্বর সরবরাহ করা ওষুধ ও চিকিৎসাসামগ্রীর তালিকায় ১৭ ধরনের
সামগ্রীর উল্লেখ রয়েছে। এর মধ্যে রয়েছে অ্যান্টিহিস্টামিন সিরাপ ১০০টি, মেট্রোনিডাজল
সিরাপ ৬৬টি, প্যারাসিটামল সিরাপ ১০০টি, অ্যামোক্সিসিলিন সিরাপ ৩৩টি, ৫০০ মিলিগ্রামের
ফ্লুক্লক্স ট্যাবলেট ৫৬০টি, পারমেথ্রিন লোশন ২৬টি, বিভিন্ন মাপের আইভি ক্যানুলা ২০০টি,
ক্যাটগাট ও সেলাইয়ের সুতা ৪৮টি, সাইটোমিস ট্যাবলেট ৯০টি, ডিপিএস ১০০টি, ফলিক অ্যাসিড
ট্যাবলেট ৫০০টি এবং এলপি নিডল ১০০টি।
তালিকায় শিশুদের সিরাপ থেকে শুরু করে
অ্যান্টিবায়োটিক, গর্ভবতী ও প্রসূতি রোগীদের জন্য প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসামগ্রী
রয়েছে। অথচ হাসপাতালের ওষুধের স্টোরে গিয়ে এসব ওষুধের নতুন কোনো বক্স পাওয়া যায়নি।
কয়েকটি কার্টন ছাড়া পুরোনো কিছু ওষুধ পড়ে থাকতে দেখা গেছে।
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল সূত্রে
জানা গেছে, গত এক বছরে সেন্ট মার্টিনের ২০ শয্যার হাসপাতালের জন্য প্রায় সাত লাখ টাকার
ওষুধ ও চিকিৎসাসামগ্রী পাঠানো হয়েছে। প্রতি মাসে প্রয়োজনীয় ওষুধের তালিকা পাঠানোর পর
সেগুলো সরবরাহ করা হতো।
এ বিষয়ে অভিযুক্ত উপসহকারী মেডিকেল
অফিসার আব্দুল জলিল বলেন, আমরা রোগী অনুযায়ী ওষুধ দিই। তবে সরবরাহ করা বিপুল পরিমাণ
ওষুধের কতটুকু রোগীদের দেওয়া হয়েছে এবং স্টোরে ওষুধ পড়ে থাকার বিষয়ে জানতে চাইলে তিনি
সন্তোষজনক উত্তর দিতে পারেননি। অপর অভিযুক্ত উপসহকারী মেডিকেল অফিসার শহিদুল ইসলাম
বলেন, অভিযোগগুলো তদন্ত করা হোক।
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল
কলেজের ট্রেজারার ড. মোহাম্মদ সানাউল্লাহ বলেন, আমিও বিভিন্ন অভিযোগ পেয়েছি। অনেক কষ্ট
করে প্রাথমিক পর্যায়ের প্রয়োজনীয় ওষুধগুলো পাঠিয়েছি। কিন্তু দুর্নীতি বন্ধ করতে পারিনি।
এগুলো টেকনাফ হাসপাতাল থেকে তদারকি করা প্রয়োজন ছিল।
কক্সবাজারের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের বলেন, তাদের পাঠানো ওষুধ যদি চিকিৎসকেরা রোগীদের না দিয়ে দুর্নীতি করে থাকেন, তাহলে বিষয়টি তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।