× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাগলা মসজিদে আবারও দানের রেকর্ড

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ১৭ মিনিট আগে

আপডেট : ১৭ মিনিট আগে

পাগলা মসজিদে আবারও দানের রেকর্ড

দেশের অন্যতম আলোচিত ধর্মীয় প্রতিষ্ঠান কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে আবারও সৃষ্টি হয়েছে নতুন ইতিহাস। দীর্ঘ ৪ মাস ২৪ দিন পর মসজিদের ১০টি স্থায়ী দানবাক্স ও পাঁচটি অস্থায়ী ট্রাংক খুলে পাওয়া গেছে রেকর্ড ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা।

অতীতের সব রেকর্ড ছাড়িয়ে এবার দানের পরিমাণ নতুন মাইলফলক স্পর্শ করেছে। নগদ অর্থের পাশাপাশি দানবাক্সে পাওয়া গেছে বিপুল পরিমাণ স্বর্ণ ও রুপার অলংকার, বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা এবং মূল্যবান সামগ্রী।

শনিবার সকাল ৭টায় জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিনের উপস্থিতিতে দানবাক্স খোলার কার্যক্রম শুরু হয়। মসজিদের ১০টি স্থায়ী দানবাক্স ও পাঁচটি অস্থায়ী ট্রাংক খুলে বের করা হয় ৫১ বস্তা টাকা। বস্তাগুলো মসজিদ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় নিয়ে শুরু হয় গণনার কাজ।

দিনভর গণনা, যাচাই-বাছাই ও হিসাব সংরক্ষণের পর রাত ১০টা ১৮ মিনিটে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ আনুষ্ঠানিকভাবে দানের পরিমাণ ঘোষণা করেন। এবার মোট ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা পাওয়া গেছে। নগদ অর্থের পাশাপাশি পাওয়া স্বর্ণ, রুপা, বৈদেশিক মুদ্রা ও অন্যান্য মূল্যবান সামগ্রী আলাদাভাবে সংরক্ষণ করা হয়েছে।

গণনায় অংশ নেন জামিয়া ইমদাদিয়া মাদ্রাসা ও পাগলা মসজিদ মাদ্রাসার শিক্ষার্থী, রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, মসজিদের কর্মচারী এবং জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা। প্রতিটি বস্তা খুলে টাকা বাছাই, গণনা, যাচাই-বাছাই ও হিসাব সংরক্ষণের কাজ চলে দিনভর। পুরো কার্যক্রমে নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন ছিল বিপুলসংখ্যক পুলিশ সদস্য।

এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

দানবাক্সে মানুষের নানা আকুতি

পাগলা মসজিদের দানবাক্সে এবারও পাওয়া গেছে শত শত মানতের চিঠি। কোটি কোটি টাকার দানের সঙ্গে এসব চিঠিতে জমা হয়েছে মানুষের ব্যক্তিগত জীবনের নানা আকুতি, সংকট ও প্রত্যাশা। কেউ হারানো অর্থ ফিরে পাওয়ার প্রার্থনা করেছেন, কেউ প্রতারণার বিচার চেয়েছেন। কেউ বিদেশযাত্রার স্বপ্ন পূরণ, কেউ প্রিয় মানুষকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা জানিয়েছেন। আবার কেউ পারিবারিক অশান্তি দূর হওয়া, সন্তান লাভ, রোগমুক্তি ও জীবনের নানা সংকট থেকে মুক্তির জন্য মহান আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়েছেন।

নারায়ণগঞ্জ থেকে পরিবার নিয়ে পাগলা মসজিদে আসা আমেনা বেগম বলেন, “আমরা পরিবারের সবাই মিলে পাগলা মসজিদে এসেছি। অনেক দিন ধরেই শুনে আসছি, এই মসজিদে মানত করলে মানুষের মনের আশা পূরণ হয়। সেই বিশ্বাস থেকেই এখানে আসা। আমি একটি ছাগল মানত করেছি। আমার বিয়ে হয়েছে অনেক বছর, কিন্তু এখনো সন্তান হয়নি। সন্তান লাভের আশায় আল্লাহর কাছে দোয়া করতে এবং মানত পূরণ করতে পরিবারের সদস্যদের নিয়ে এখানে এসেছি। আল্লাহ যেন আমার মনের আশা পূরণ করেন, সেই প্রার্থনা করছি।”

ঢাকা থেকে আসা ব্যবসায়ী মনির হোসেন বলেন, “দীর্ঘদিন ধরে আমার ব্যবসার অবস্থা ভালো যাচ্ছে না। ব্যবসায় লোকসান হচ্ছে, নানা সমস্যার মধ্যদিয়ে দিন কাটছে। অনেকের কাছে শুনেছি, পাগলা মসজিদে এসে দান ও দোয়া করলে মানুষের মনের আশা পূরণ হয়। সেই বিশ্বাস থেকেই ঢাকা থেকে এখানে এসেছি। মসজিদে দুই রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করেছি, যেন ব্যবসার পরিস্থিতি ভালো হয়, লোকসান কাটিয়ে উঠতে পারি এবং পরিবার নিয়ে শান্তিতে জীবনযাপন করতে পারি।”

উন্নয়ন ও স্বচ্ছতা নিয়ে প্রত্যাশা

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ বিরুল্লাহ বলেন, “আমার জন্ম এই এলাকায়, এখানেই নামাজ পড়ি। দীর্ঘদিন ধরে পাগলা মসজিদের সম্প্রসারণ ও উন্নয়নের কথা শুনছি, কিন্তু বাস্তবে উল্লেখযোগ্য কাজ দেখিনি। জায়গার সংকটে অনেক মুসল্লিকে রোদে ও রাস্তার ওপর নামাজ পড়তে হয়। দূরদূরান্ত থেকে আসা মুসল্লিদের রাতযাপনেরও ব্যবস্থা নেই। প্রতি তিন মাসে দানবাক্সে কোটি কোটি টাকা পাওয়া গেলেও এসব অর্থ ও সম্পদের ব্যয় সম্পর্কে স্বচ্ছতা থাকা প্রয়োজন। দ্রুত মসজিদের উন্নয়ন ও সম্প্রসারণকাজ শুরু হলে মুসল্লিদের দুর্ভোগ কমবে।”

কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম বলেন, “পাগলা মসজিদকে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন কমপ্লেক্সে রূপান্তর করা প্রয়োজন। মাদ্রাসার শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার ব্যবস্থা করতে চাই, যাতে তারা বিভিন্ন পেশায় যুক্ত হতে পারে। মসজিদের উন্নয়নের নকশা করা হয়েছে, দ্রুত তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি দান ও ব্যবস্থাপনাকে ঘিরে কোনো সিন্ডিকেট থাকলে তা ভেঙে দিয়ে দানের অর্থের স্বচ্ছতা নিশ্চিত করা হবে।”

তহবিলে জমা ১৩৩ কোটি টাকা

জেলা প্রশাসক সোহানা নাসরিন জানান, এবারের দানসহ বর্তমানে পাগলা মসজিদের তহবিলে মোট ১৩৩ কোটি ২১ লাখ ৮০ হাজার ৫৬৪ টাকা জমা রয়েছে। মসজিদের নিজস্ব ওয়েবসাইট (www.paglamosque.org) চালু করা হয়েছে। এর মাধ্যমে যে কেউ যেকোনো স্থান থেকে মোবাইল ব্যাংকিং ও অনলাইন ব্যাংকিংয়ে দান করতে পারবেন। অনলাইনে এখন পর্যন্ত ৪৪ লাখ ৯ হাজার ৯৩৬ টাকা অনুদান পাওয়া গেছে।

তিনি আরও জানান, ২০২০ সালের ১১ মার্চের পর প্রায় ছয় বছর ধরে দানবাক্সে পাওয়া স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রা সিলগালা অবস্থায় জেলা ট্রেজারিতে সংরক্ষিত ছিল। গত ১২ অক্টোবর সেগুলো খুলে গণনা করা হয়। এতে ১ হাজার ৪৪ ভরি ১৪ আনা ৪ রতি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা এবং ১৭টি দেশের বিভিন্ন পরিমাণ বৈদেশিক মুদ্রা পাওয়া যায়।

পরে বৈদেশিক মুদ্রা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে নগদায়ন করে ৬৫ লাখ ৬২ হাজার ৭২৪ টাকা পাওয়া গেছে। গণনা করা স্বর্ণ ও রুপার বাজারমূল্য নির্ধারণ এবং নিলামের কার্যক্রম চলমান। দ্রুতই এ কার্যক্রম সম্পন্ন করা হবে বলে জানান জেলা প্রশাসক।

মুসল্লিদের সুবিধায় নতুন অবকাঠামো

জেলা প্রশাসক জানান, পাগলা মসজিদে মুসল্লিদের নামাজের স্থান সংকুলান না হওয়ায় সমস্যা নিরসনে ১ কোটি ১০ লাখ ৮৮ হাজার ৪৬৪ টাকা ব্যয়ে তিনটি নামাজের শেড, অযুখানা ও নারীদের জন্য ওয়াশব্লক নির্মাণের কাজ শুরু হয়েছে। গত ২৭ সেপ্টেম্বর এ কাজের কার্যাদেশ দেওয়া হয়েছে। মসজিদের বাইরে আগত মুসল্লিদের জন্য পাবলিক টয়লেট নির্মাণের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।

আধুনিক মসজিদ কমপ্লেক্স নির্মাণের অংশ হিসেবে বর্তমান মসজিদ কমপ্লেক্স ও কবরস্থানের মধ্যবর্তী ৫৩ দশমিক ৭৭ শতাংশ জমি পাগলা মসজিদের নামে কেনা হয়েছে। কমপ্লেক্সের নান্দনিক নকশা প্রণয়নের কাজও শেষ পর্যায়ে রয়েছে।

তিনি জানান, পাগলা মসজিদের জমাকৃত তহবিল থেকে কমপ্লেক্সের মাদ্রাসার এতিম ও অসহায় শিক্ষার্থীদের যাবতীয় খরচ বহন করা হয়। এ ছাড়া ৩৫ জন কর্মচারী ও ১০ জন আনসার সদস্যের বেতন, মসজিদের বিদ্যুৎ বিল এবং উন্নয়ন খাতে ব্যয় করা হয়। জমাকৃত অর্থের লভ্যাংশ থেকে কিশোরগঞ্জ জেলার দরিদ্র রোগীদের চিকিৎসার জন্য অনুদান দেওয়া হয়। পাগলা মসজিদের মাদ্রাসা থেকে এখন পর্যন্ত ২৫৩ জন শিক্ষার্থী হাফেজ হয়েছেন।

আগের রেকর্ডও ছাড়িয়ে গেল

এর আগে গত ২৭ জুন ছয় মাস পর পাগলা মসজিদের ১৩টি লোহার দানবাক্স খোলা হয়েছিল। তখন পাওয়া গিয়েছিল ৪৩ বস্তা টাকা। দিনভর গণনা শেষে দানের পরিমাণ দাঁড়িয়েছিল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা। ওই দানের পরিমাণও অতীতের সব রেকর্ড ছাড়িয়ে নতুন মাইলফলক সৃষ্টি করেছিল।

সাধারণত প্রতি তিন মাস পরপর পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়। তবে দানের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকায় নতুন করে আরও দুটি দানবাক্স যুক্ত করা হয়েছে। ফলে এবার নির্ধারিত সময়ের চেয়ে বেশি, ৪ মাস ২৪ দিন পর দানবাক্সগুলো খোলা হয়েছে।

পাগলা মসজিদে শুধু টাকা-পয়সা নয়, স্বর্ণালঙ্কার, হাঁস-মুরগি, গবাদিপশু ও বিভিন্ন পণ্যসামগ্রীও দান করেন মানুষ। অনেকে রোগমুক্তি, উচ্চশিক্ষা, সন্তান লাভসহ বিভিন্ন উদ্দেশ্যে মানত করেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে মসজিদটি একটি সার্বজনীন ধর্মীয় কেন্দ্র হিসেবে পরিচিত।

৫০ হাজার মুসল্লির নামাজের পরিকল্পনা

বর্তমানে পাগলা মসজিদ দেশের অন্যতম আয়কারী ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। মসজিদে দান করা অর্থ দিয়ে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও বিভিন্ন সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হয়। এ ছাড়া প্রায় ১১৫ কোটি টাকা ব্যয়ে ছয়তলা বিশিষ্ট আধুনিক ইসলামি কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে। নির্মিতব্য এ কমপ্লেক্সে একসঙ্গে প্রায় ৫০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। নারীদের জন্য পৃথকভাবে পাঁচ হাজার মুসল্লির নামাজের ব্যবস্থা থাকবে।

জনশ্রুতি রয়েছে, প্রায় আড়াইশ বছর আগে পাগলবেশী এক আধ্যাত্মিক সাধক নরসুন্দা নদীর বুকে মাদুরে ভেসে বর্তমান মসজিদের স্থানে এসে অবস্থান নেন। পরে তাকে ঘিরে ভক্তদের সমাগম বাড়তে থাকে। তার মৃত্যুর পর সমাধির পাশে নির্মিত হয় মসজিদটি, যা বর্তমানে পাগলা মসজিদ নামে দেশজুড়ে সুপরিচিত।

১৯৭৯ সালের ১০ মে থেকে ওয়াকফ স্টেটের মাধ্যমে ঐতিহাসিক এ মসজিদটি পরিচালিত হয়ে আসছে। মানুষের বিশ্বাস, প্রার্থনা, দান ও নানা মানবিক আকাঙ্ক্ষার কেন্দ্র হয়ে ওঠা পাগলা মসজিদ এবারও দানের পরিমাণে নতুন ইতিহাস গড়েছে। তবে বিপুল এই সম্পদের সঙ্গে মানুষের প্রত্যাশা- মসজিদের উন্নয়ন, মুসল্লিদের সুবিধা বৃদ্ধি এবং দানের অর্থের স্বচ্ছ ও জনকল্যাণমূলক ব্যবহার নিশ্চিত করা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা