খুলনা অফিস
প্রকাশ : ২০ মিনিট আগে
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ বিএনপি নেতা মাফিক সর্দার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
খুলনার তেরখাদায় বাড়ি ফেরার পথে বিএনপি নেতা মাফিক সর্দারকে (৪০) লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে তিনটি গুলি তার কোমর, হাত ও পায়ে বিদ্ধ হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে উপজেলার মোকামপুর বাজারসংলগ্ন বন্ধুর মোড়ে এ ঘটনা ঘটে।
আহত মাফিক সর্দার তেরখাদা উপজেলার মোকামপুর গ্রামের মৃত আবুল হোসেন সরদারের ছেলে। তিনি মধুপুর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য।
তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহমেদ আলী বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করেছেন।
আহতের ভাই জানান, শনিবার রাতে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন মাফিক। পথে দুটি মোটরসাইকেলে আসা চার থেকে পাঁচজন অস্ত্রধারী দুর্বৃত্ত তার পথরোধ করে। একপর্যায়ে তাকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোড়ে হামলাকারীরা। এতে তিনটি গুলি তার শরীরে বিদ্ধ হয়। পরে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও জানান, হামলাকারীরা মোকামপুর বাজারের ওপর দিয়ে দক্ষিণ দিকে চলে গেছে।
স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত আছেন মাফিক। তবে কী কারণে তার ওপর এ হামলা চালানো হয়েছে, সে বিষয়ে তারা নিশ্চিত নন।
এ বিষয়ে ওসি আহমেদ আলী বিশ্বাস বলেন, “গুলির ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। ঘটনাস্থলে পৌঁছানোর পর বিস্তারিত জানা যাবে”।