প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ মিনিট আগে
জাহিদ মালেকের বাড়ির সামনে পার্কিং করে রাখা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ছবি: সংগৃহীত
মানিকগঞ্জে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা জাহিদ মালেকের বাড়ির সামনে পার্কিং করে রাখা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার রাত সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ঠাটাঙ্গা এলাকায় গড়পাড়া নিউ মডেল হাইস্কুলের সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পুড়ে যাওয়া বাসটি ভুইয়া পরিবহনের। এটি ঢাকা-উত্তরা থেকে মোহাম্মদপুর রুটে চলাচল করত।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, যান্ত্রিক ত্রুটি ও চালক না থাকায় গত চার-পাঁচ দিন ধরে বাসটি সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ির সামনে পার্কিং করে রাখা হয়েছিল। বাসটির মালিক স্থানীয় বাসিন্দা আবু মোহাম্মদ জাফর। তিনি অসুস্থ থাকায় কয়েক দিন আগে বাসটি ঢাকা থেকে এনে সেখানে রাখেন। শুক্রবার চিকিৎসার জন্য তিনি ঢাকায় যান।
শনিবার রাতে হঠাৎ বাসটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা। পরে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হলে এলাকাবাসী ছুটে এসে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
মানিকগঞ্জ সদর উপজেলা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. মিয়া রাজ উদ্দিন বলেন, “রাত ১২টা ১৫ মিনিটের দিকে গড়পাড়া নিউ মডেল হাইস্কুলের সামনে আগুন লাগার খবর পান তারা। পরে দুটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে এ ঘটনায় প্রায় দুই থেকে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে”।
ওসি মো. মনির হোসেন বলেন, “পার্কিং করা বাসে অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুনের সূত্রপাত খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন”।
ঘটনাস্থল পরিদর্শন করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন বলেন, “চলমান পরিস্থিতিতে জনমনে ভীতি সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং মামলা করা হবে”।
তিনি আরও বলেন, “জেলার বিভিন্ন এলাকায় পুলিশের টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা পুলিশের কার্যক্রমও অব্যাহত রয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাবে”।