× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাশকতা প্রতিহত করতে গ্রাম পুলিশকে জিরো টলারেন্স নীতিতে থাকার নির্দেশ প্রতিমন্ত্রীর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ মিনিট আগে

ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত গ্রাম পুলিশদের সঙ্গে দিকনির্দেশনামূলক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য দেন  তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত গ্রাম পুলিশদের সঙ্গে দিকনির্দেশনামূলক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। ছবি: সংগৃহীত

নাশকতা প্রতিহত করতে গ্রাম পুলিশকে জিরো টলারেন্স নীতি অবলম্বনের নির্দেশ দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, একটি নিষিদ্ধ সংগঠন বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে গ্রাম পুলিশকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত গ্রাম পুলিশদের সঙ্গে দিকনির্দেশনামূলক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে শনিবার দুপুরে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘একটি নিষিদ্ধ সংগঠনের চিরাচরিত স্বভাব অগ্নিসংযোগ, যানবাহন ও অফিস-আদালত পোড়ানো, মানুষ হত্যা এবং বাস ও থানায় আগুন দেওয়া। এসব নাশকতা প্রতিহত করতে আপনারা জিরো টলারেন্স নীতি অবলম্বন করবেন।’

গ্রাম পুলিশদের মনোবল শক্ত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের খবর পেলে প্রয়োজনে ওয়ার্ড পর্যায়ে যোগাযোগ করে একত্রিত হবেন। এরপর নাশকতাকারীদের প্রতিহত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেবেন। সন্ত্রাস ও মাদক নিয়ন্ত্রণে গ্রাম পুলিশকে অতন্দ্র প্রহরী ও আইনশৃঙ্খলা রক্ষার অন্যতম চালিকাশক্তি হিসেবেও উল্লেখ করেন তিনি।

নান্দাইলে আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশের ভূমিকার গুরুত্ব তুলে ধরে ইয়াসের খান চৌধুরী বলেন, উপজেলার ১৩টি ইউনিয়নে থানার পুলিশ সদস্য রয়েছেন ৬০ থেকে ৬৫ জন। অন্যদিকে গ্রাম পুলিশের সংখ্যা ১৩০। তাই এলাকার মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে মাদক কারবারি ও জুয়াড়িদের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখতে হবে। তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, মাদক কারবারি ও সেবনকারীরা পরিবার ও সমাজ ধ্বংস করছে। তাদের প্রশ্রয় দেওয়া যাবে না। তারা কারাগারে থাকুক, এলাকাবাসী শান্তিতে থাকুক।

বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, ওই সময়ে সমাজে মাদক ও জুয়ার যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, তা নির্মূলে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে গ্রাম পুলিশকেই কার্যকর ভূমিকা রাখতে হবে।

গ্রাম পুলিশের সুযোগ-সুবিধা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ১৯৭৬ সালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান গ্রাম পুলিশকে স্বীকৃতি দিয়েছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের পদের মর্যাদা ও সুযোগ-সুবিধা বৃদ্ধির উদ্যোগ নিয়েছেন। পেনশন ও মোবাইল ভাতা বাড়ানোর পাশাপাশি যাতায়াত ভাতা ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে। পেনশন ভাতা ৮০ হাজার থেকে বাড়িয়ে এক লাখ টাকা করা হয়েছে। পর্যায়ক্রমে বেতন আরও বৃদ্ধি এবং প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হবে।

নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা