টেকনাফ (কক্সবাজার) প্রতিবেদক
প্রকাশ : ১৪ মিনিট আগে
বৈরী আবহাওয়ার কারণে সেন্টমার্টিন দ্বীপে আটকা পড়া পর্যটকদের মধ্যে সাড়ে তিনশ’ পর্যটক ঝুঁকি নিয়ে ট্রলারে করে টেকনাফে ফিরেছেন। ছবি : প্রতিদিনের বাংলাদেশ
বৈরী আবহাওয়ার কারণে সেন্টমার্টিন দ্বীপে আটকা পড়া পর্যটকদের মধ্যে সাড়ে তিনশ’ পর্যটক ঝুঁকি নিয়ে ট্রলারে করে টেকনাফে ফিরেছেন।
শনিবার সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ১০টি ট্রলারে
করে তারা দ্বীপ ছাড়েন। তবে ট্রলারের সংকট থাকায় এখনো অনেক পর্যটক জেটিঘাটে অপেক্ষা
করছেন।
বৈরী আবহাওয়ার কারণে গত বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কক্সবাজার-সেন্টমার্টিন
নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধের নির্দেশ দেয় জেলা প্রশাসন। এতে কক্সবাজার থেকে
জাহাজে করে দ্বীপে বেড়াতে যাওয়া প্রায় এক হাজার পর্যটক আটকা পড়েন।
টেকনাফ-সেন্টমার্টিন ট্রলার মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ শনিবার
দুপুরে বলেন, বৈরী আবহাওয়ার কারণে অনেক পর্যটক দ্বীপে আটকা পড়েছেন। এতে কারও কারও আর্থিক
সংকট দেখা দিয়েছে। তাদের কথা বিবেচনা করে স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে সকাল থেকে
ট্রলারে করে পর্যটকদের ফিরিয়ে নেওয়া হচ্ছে। প্রতিটি ট্রলারে ৩০ থেকে ৩৫ জন করে মোট
সাড়ে তিনশ’ পর্যটক টেকনাফের উদ্দেশে রওনা হয়েছেন। ট্রলারের সংকট থাকায় আরও অনেক পর্যটক
সেন্টমার্টিন জেটিঘাটে অপেক্ষা করছেন।
দ্বীপের জেটিঘাটে পরিবারের সদস্যদের নিয়ে অপেক্ষা করছিলেন রাজশাহী
থেকে আসা পর্যটক খলিলুর রহমান। তিনি বলেন, পরিবারের নয় সদস্যকে নিয়ে আনন্দ ভ্রমণে সেন্টমার্টিনে
এসেছিলেন। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দ্বীপে আটকা পড়েছেন।
আনন্দ ভ্রমণ এখন দুর্ভোগে পরিণত হয়েছে। তাদের ভ্রমণের বাজেটও শেষ হয়ে গেছে। তাই যেকোনো
উপায়ে দ্বীপ ছাড়তে চান। এখন ট্রলারের জন্য অপেক্ষা করছেন।
সেন্টমার্টিনের সৈকতকর্মী নুরুল আমিন বলেন, দ্বীপে এসে অনেক পর্যটক
আটকা পড়েছেন। শনিবার সকাল থেকে অনেকে ট্রলারে করে টেকনাফের উদ্দেশে রওনা হয়েছেন। এরই
মধ্যে ১০টি ট্রলার দ্বীপ ছেড়েছে।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম
বলেন, বৈরী আবহাওয়ার কারণে আটকা পড়া পর্যটকদের মধ্যে যারা ফিরতে চান, তারা ট্রলারে
করে টেকনাফে চলে যাচ্ছেন। সেন্টমার্টিন জেটিঘাট থেকে ট্রলারে উঠে তারা টেকনাফের শাহপরীর
দ্বীপ জেটিঘাটে পৌঁছাবেন। আর যারা দ্বীপে থাকতে চান, তারা অবস্থান করছেন। কক্সবাজার
থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হলে অবশিষ্ট পর্যটকেরা জাহাজে করে কক্সবাজার ফিরবেন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম অনীক চৌধুরী বলেন, বৈরী আবহাওয়ার কারণে দ্বীপে আটকা পড়া পর্যটকদের মধ্যে বিশেষ জরুরি প্রয়োজন ও আর্থিক সংকটে থাকা কিছু পর্যটক সেন্টমার্টিন থেকে টেকনাফে ফিরছেন। দ্বীপে অবস্থানরত পর্যটকদের খোঁজখবর রাখা হচ্ছে।