ইউরোপ যাওয়ার স্বপ্ন নিয়ে দালালের হাতে লাখ লাখ টাকা তুলে দিয়েছিলেন এক বিদেশগামী। কিন্তু সেই স্বপ্ন পূরণের বদলে জুটেছে প্রতারণা, আর্থিক ক্ষতি ও মানসিক যন্ত্রণা। হারানো অর্থের কষ্ট থেকে মুক্তি, প্রতারকদের বিচার এবং নিরাপদে বিদেশ যাওয়ার আকুতি জানিয়ে মহান আল্লাহর কাছে চিঠি লিখেছেন তিনি। আবেগঘন সেই চিঠি পাওয়া গেছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে।
শনিবার সকালে দীর্ঘ ৪ মাস ২৪ দিন পর পাগলা মসজিদের ১৫টি লোহার দানবাক্স খোলা হলে টাকা ও বিভিন্ন সামগ্রীর সঙ্গে চিঠিটি পাওয়া যায়।
চিঠিতে ইউরোপে যাওয়ার পথ সহজ ও নিরাপদ করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছেন লেখক। পাশাপাশি বাংলাদেশে ইউরোপের সব দেশের দূতাবাস ও ভিসাসেবা নিশ্চিত করার আকুতি জানিয়েছেন। কোনো বিদেশগামী যেন দালালদের প্রতারণার শিকার না হন, সেই প্রার্থনাও করেছেন তিনি।
চিঠিতে প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া ব্যক্তিদের উপযুক্ত বিচার ও হেদায়েত কামনা করা হয়েছে। একই সঙ্গে নিজের মতো প্রতারণার শিকার হয়ে আর কোনো পরিবার যেন নিঃস্ব না হয়, সেই আকুতিও তুলে ধরেছেন লেখক।
বিদেশযাত্রার স্বপ্ন পূরণ করতে গিয়ে অর্থ হারানোর পাশাপাশি যে মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হচ্ছে, তা থেকেও মুক্তি চেয়েছেন তিনি। ধৈর্য, মানসিক প্রশান্তি ও হালাল রিজিকের জন্যও দোয়া করেছেন। চিঠির শেষে নিজের পরিচয় দিয়েছেন ‘একজন প্রতারিত বিদেশগামী’ হিসেবে।
উল্লেখ্য, কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ নামাজ আদায়, দান ও মানত করতে আসেন। বিশেষ করে শুক্রবার মুসল্লি ও দর্শনার্থীদের উপস্থিতি বাড়ে।
মসজিদটির দানবাক্সে অর্থের পাশাপাশি অনেকে নিজেদের মনের কথা, ব্যক্তিগত চাওয়া-পাওয়া, দুঃখ-কষ্ট ও নানা আকাঙ্ক্ষার কথা জানিয়ে চিঠি জমা দেন। এসব চিঠিতে উঠে আসে মানুষের জীবনের নানা আবেগ, স্বপ্ন ও হতাশার গল্প।
দালালের প্রতারণায় সর্বস্ব হারানোর কষ্ট নিয়ে লেখা এই চিঠিও তেমনই এক বেদনার গল্প। ইউরোপ যাওয়ার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করা একজন মানুষের অসহায়ত্বের পাশাপাশি এতে উঠে এসেছে নিরাপদ অভিবাসন ও প্রতারণার শিকার অন্যদের জন্য ন্যায়বিচারের আকুতি।