× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৫১ বস্তা টাকার সঙ্গে পাগলা মসজিদে মিলল স্বর্ণের চামচ-বাটি

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ২৪ মিনিট আগে

কিশোরগঞ্জে পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জে পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার বিপুল পরিমাণ নগদ টাকা, বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কারের পাশাপাশি পাওয়া গেছে স্বর্ণের চামচ ও বাটি। ব্যতিক্রমী এসব সামগ্রী দানবাক্স থেকে বের হওয়ার পর গণনাস্থলে উপস্থিত কর্মকর্তা ও কর্মীদের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে পাগলা মসজিদের ইমাম মুফতি মিজবাহ উদ্দীন স্বর্ণের চামচ ও বাটি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে শনিবার সকালে দীর্ঘ চার মাস ২৪ দিন পর মসজিদের ১০টি স্থায়ী দানবাক্স ও পাঁচটি অস্থায়ী ট্রাঙ্ক খোলা হয়। এসব দানবাক্স থেকে এবার পাওয়া গেছে ৫১ বস্তা টাকা। এর সঙ্গে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, স্বর্ণালঙ্কার ও অন্যান্য সামগ্রীও পাওয়া গেছে। বর্তমানে এসব টাকা ও সামগ্রী গণনা এবং যাচাই-বাছাইয়ের কাজ চলছে।

শনিবার সকাল ৭টার দিকে জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিনের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়। পরে দানবাক্স থেকে বের করা টাকা, স্বর্ণালঙ্কার ও অন্যান্য সামগ্রী পৃথক করে গণনার জন্য মসজিদের দ্বিতীয় তলায় নেওয়া হয়। সেখানে শুরু হয় টাকা গণনা ও বিভিন্ন সামগ্রী যাচাই-বাছাই।

গণনার একপর্যায়ে অন্যান্য সামগ্রীর সঙ্গে স্বর্ণের চামচ ও বাটি পাওয়া যায়। নগদ অর্থের পাশাপাশি এ ধরনের মূল্যবান সামগ্রী দান করায় উপস্থিত ব্যক্তিদের মধ্যে আলোচনা তৈরি হয়। অনেকে এসব সামগ্রী দেখতে আগ্রহ প্রকাশ করেন।

দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেনÑ কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এরশাদুল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মারুফসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

দানবাক্স থেকে পাওয়া টাকা গণনার কাজে মসজিদ পরিচালনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সের মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পার্শ্ববর্তী জামিয়া এমদাদিয়া মাদরাসার শিক্ষার্থী এবং রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ চার শতাধিক ব্যক্তি অংশ নেন।

এদিকে, গণনা শেষে দানের টাকা ব্যাংকে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। দুপুর পর্যন্ত গণনা করা ১০ কোটি টাকা রূপালী ব্যাংকে পাঠানো হয়েছে। বাকি টাকা গণনা শেষে মোট দানের পরিমাণ জানা যাবে। এবার দানের পরিমাণ আগের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ গত ২৭ জুন ছয় মাস পর পাগলা মসজিদের ১৩টি দানবাক্স খোলা হয়েছিল। তখন পাওয়া যায় ৪৩ বস্তা টাকা। দিনভর গণনা শেষে দানের পরিমাণ দাঁড়ায় ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা। এ ছাড়া পাওয়া যায় বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, স্বর্ণালঙ্কার ও অন্যান্য সামগ্রী। ওই দানের পরিমাণ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে নতুন মাইলফলক সৃষ্টি করেছিল। এবার সেই রেকর্ডও ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

সাধারণত প্রতি তিন মাস পরপর পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়। তবে দানের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকায় নতুন করে আরও দুটি দানবাক্স যুক্ত করা হয়েছে। ফলে এবার নির্ধারিত সময়ের চেয়ে বেশি, চার মাস ২৪ দিন পর দানবাক্সগুলো খোলা হয়েছে।

প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ পাগলা মসজিদে এসে দান করেন। অনেকের বিশ্বাস, এ মসজিদে দান করলে মনোবাসনা পূরণ হয়। সেই বিশ্বাস থেকেই দিন দিন বাড়ছে দানের পরিমাণ। টাকা-পয়সার পাশাপাশি স্বর্ণালঙ্কার, হাঁস-মুরগি, গবাদিপশু ও বিভিন্ন সামগ্রীও দান করেন মানুষ। রোগমুক্তি, উচ্চশিক্ষা, সন্তান লাভসহ নানা উদ্দেশ্যে অনেকে মানত করেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে মসজিদটি একটি সার্বজনীন ধর্মীয় কেন্দ্র হিসেবে পরিচিত।

বর্তমানে পাগলা মসজিদ দেশের অন্যতম আয়কারী ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। মসজিদে দান করা অর্থ দিয়ে মসজিদ, মাদরাসা, এতিমখানা ও বিভিন্ন সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হয়। এ ছাড়া প্রায় ১১৫ কোটি টাকা ব্যয়ে ছয়তলা বিশিষ্ট আধুনিক ইসলামি কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে। নির্মিতব্য এ কমপ্লেক্সে একসঙ্গে প্রায় ৫০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। নারীদের জন্য পৃথকভাবে পাঁচ হাজার মুসল্লির নামাজের ব্যবস্থা থাকবে।

জনশ্রুতি রয়েছে, প্রায় আড়াইশ বছর আগে পাগলবেশী এক আধ্যাত্মিক সাধক নরসুন্দা নদীর বুকে মাদুরে ভেসে বর্তমান মসজিদের স্থানে এসে অবস্থান নেন। পরে তাকে ঘিরে ভক্তদের সমাগম বাড়তে থাকে। তার মৃত্যুর পর সমাধির পাশে নির্মিত হয় মসজিদটি, যা বর্তমানে পাগলা মসজিদ নামে দেশজুড়ে সুপরিচিত। ১৯৭৯ সালের ১০ মে থেকে ওয়াকফ স্টেটের মাধ্যমে ঐতিহাসিক এ মসজিদটি পরিচালিত হয়ে আসছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা