বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ২৬ মিনিট আগে
বাঞ্ছারামপুরের মাওলাগঞ্জ বাজার অডিটরিয়ামে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহী করে তুলতে আনন্দময় শিক্ষা কার্যক্রম চালুর ওপর গুরুত্বারোপ করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।
তিনি বলেছেন, তরুণ ও কিশোরদের নানা ধরনের অপকর্ম থেকে দূরে রাখতে শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান ও সহশিক্ষা কার্যক্রম এমনভাবে সাজাতে হবে, যাতে শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে শিক্ষাকার্যক্রমে অংশ নিতে পারে।
শনিবার (২১ নভেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মাওলাগঞ্জ বাজার অডিটরিয়ামে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে আয়োজিত শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, নানারকম অপকর্মের সঙ্গে আমাদের তরুণ ও কিশোররা যুক্ত হয়ে পড়ছে। তাদের রক্ষা করতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। শিক্ষা কার্যক্রম ও শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ এমনভাবে সাজাতে হবে, যাতে শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে পড়াশোনায় অংশ নেয়। প্রধানমন্ত্রী তারেক রহমানও আনন্দময় শিক্ষা ব্যবস্থার সংস্কারকে অন্যতম প্রধান গুরুত্বের জায়গা হিসেবে বিবেচনা করেছেন। শিক্ষার্থীদের জন্য পুরো শিক্ষা ব্যবস্থাকে কীভাবে আরও আনন্দময় করা যায়, সে বিষয়ে শিক্ষকদের ভাবতে হবে।
বাঞ্ছারামপুর উপজেলা ইউএনও আল ইমরানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেনÑ উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম ইলিয়াস, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি আমিরুল ইসলাম সাজ্জাদ, জেলা বিএনপির সদস্য ও বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালে মুসা এবং বাঞ্ছারামপুর উপজেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মেজর সাঈদ। বাঞ্ছারামপুর সরকারি এস এম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান সভাটি সঞ্চালনা করেন।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন। এতে মাধ্যমিক শিক্ষার বর্তমান পরিস্থিতি, শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের পাঠদানে আগ্রহ বৃদ্ধি, শিক্ষকদের দায়িত্ব ও শিক্ষাপ্রতিষ্ঠানের বিদ্যমান বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়।
এ সময় শিক্ষার পরিবেশ আরও উন্নত করা, পাঠদান পদ্ধতিকে শিক্ষার্থীবান্ধব করা এবং শিক্ষার সার্বিক মানোন্নয়নে শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।