× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাগলা মসজিদে ৩ ঘণ্টায় মিলল ১০ কোটি টাকা, চলছে গণনা

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ২৭ মিনিট আগে

গণনা শেষে বান্ডিল করে রাখা হচ্ছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গণনা শেষে বান্ডিল করে রাখা হচ্ছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দীর্ঘ ৪ মাস ২৪ দিন পর খোলা হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স। এবার ১০টি স্থায়ী সিন্দুক ও পাঁচটি অস্থায়ী ট্রাংক খুলে পাওয়া গেছে ৫১ বস্তা টাকা। এর সঙ্গে মিলেছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার। দান করা টাকা গণনা করে মাত্র তিন ঘণ্টায় পাওয়া গেছে ১০ কোটি টাকা। এখনও চলছে গণনার কাজ। এবার দানের পরিমাণ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

শনিবার সকাল ৭টায় জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিনের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়। পরে বস্তায় ভরে দানের টাকা মসজিদ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় নেওয়া হয়। সকাল ৯টা থেকে শুরু হয় টাকা গণনা।

দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

রূপালী ব্যাংকের ডিজিএম ও জোনাল ম্যানেজার মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, সকাল ৭টায় দানবাক্স খোলার পর বস্তায় ভরে টাকা মসজিদ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় নেওয়া হয়। সেখানে সকাল ৯টা থেকে গণনা শুরু হয়। প্রথম তিন ঘণ্টায় ১০ কোটি টাকা গণনা করা হয়েছে। গণনা করা টাকা ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে রূপালী ব্যাংকের কিশোরগঞ্জ শাখায় পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, টাকা গণনায় মসজিদ পরিচালনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সের মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পার্শ্ববর্তী জামিয়া এমদাদিয়া মাদরাসার শিক্ষার্থী এবং রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ মোট ৬৮০ জন অংশ নিয়েছেন।

সর্বশেষ গত ২৭ জুন ছয় মাস পর পাগলা মসজিদের ১৩টি দানবাক্স খোলা হয়েছিল। তখন পাওয়া যায় ৪৩ বস্তা টাকা। দিনভর গণনা শেষে দানের পরিমাণ দাঁড়ায় ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা। এ ছাড়া পাওয়া যায় বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, স্বর্ণালঙ্কার ও অন্যান্য সামগ্রী। ওই দানের পরিমাণ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে নতুন মাইলফলক সৃষ্টি করেছিল। এবার সেই রেকর্ডও ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।


সাধারণত প্রতি তিন মাস পরপর পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়। তবে দানের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকায় নতুন করে আরও দুটি দানবাক্স যুক্ত করা হয়েছে। ফলে এবার নির্ধারিত সময়ের চেয়ে বেশি, ৪ মাস ২৪ দিন পর দানবাক্সগুলো খোলা হয়েছে।

প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ পাগলা মসজিদে এসে দান করেন। অনেকের বিশ্বাস, এ মসজিদে দান করলে মনোবাসনা পূরণ হয়। সেই বিশ্বাস থেকেই দিন দিন বাড়ছে দানের পরিমাণ। টাকা-পয়সার পাশাপাশি স্বর্ণালঙ্কার, হাঁস-মুরগি, গবাদিপশু ও বিভিন্ন সামগ্রীও দান করেন মানুষ। রোগমুক্তি, উচ্চশিক্ষা, সন্তান লাভসহ নানা উদ্দেশ্যে অনেকে মানত করেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে মসজিদটি একটি সার্বজনীন ধর্মীয় কেন্দ্র হিসেবে পরিচিত।

বর্তমানে পাগলা মসজিদ দেশের অন্যতম আয়কারী ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। মসজিদে দান করা অর্থ দিয়ে মসজিদ, মাদরাসা, এতিমখানা ও বিভিন্ন সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হয়।

এ ছাড়া প্রায় ১১৫ কোটি টাকা ব্যয়ে ছয়তলা বিশিষ্ট আধুনিক ইসলামি কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে। নির্মিতব্য এ কমপ্লেক্সে একসঙ্গে প্রায় ৫০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। নারীদের জন্য পৃথকভাবে পাঁচ হাজার মুসল্লির নামাজের ব্যবস্থা থাকবে।

জনশ্রুতি রয়েছে, প্রায় আড়াইশ বছর আগে পাগলবেশী এক আধ্যাত্মিক সাধক নরসুন্দা নদীর বুকে মাদুরে ভেসে বর্তমান মসজিদের স্থানে এসে অবস্থান নেন। পরে তাঁকে ঘিরে ভক্তদের সমাগম বাড়তে থাকে। তার মৃত্যুর পর সমাধির পাশে নির্মিত হয় মসজিদটি, যা বর্তমানে পাগলা মসজিদ নামে দেশজুড়ে সুপরিচিত। ১৯৭৯ সালের ১০ মে থেকে ওয়াকফ স্টেটের মাধ্যমে ঐতিহাসিক এ মসজিদটি পরিচালিত হয়ে আসছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা