খাগড়াছড়ি প্রতিবেদক
প্রকাশ : ১১ মিনিট আগে
খাগড়াছড়ি সদর উপজেলার মাটির নিচে থেকে উদ্ধার হওয়া পরিত্যক্ত মর্টারশেলটি নিরাপদে নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ দল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
খাগড়াছড়ি সদর উপজেলার শালবন রসুলপুর এলাকায় মাটির নিচে থেকে উদ্ধার হওয়া পরিত্যক্ত ৮২ মিলিমিটার মর্টারশেলটি নিরাপদে নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ দল।
এছাড়া মর্টারশেল উদ্ধারের স্থানেও পুনরায়
তল্লাশি ও পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে সেনাবাহিনী।
শনিবার সকালে জেলা সদরের খবংপড়িয়া এলাকায়
চেঙ্গী নদীর বালুচরে ১৮ বেঙ্গলের বোমা ডিসপোজাল ইউনিট মর্টারশেলটি নিষ্ক্রিয় করে।
এর আগে শুক্রবার বিকেল ৪টার দিকে শালবন
এলাকার রসুলপুরে নিজ বাড়ির পাশে সবজি চাষের জন্য মাটি খুঁড়তে গিয়ে মর্টারশেলটি পান
স্থানীয় বাসিন্দা বেলাল হোসেন। প্রায় এক ফুট মাটির নিচে কোদালের আঘাতে শক্ত কিছু অনুভব
করলে মাটি সরিয়ে লোহার বস্তুটি দেখতে পান তিনি। পরে ভাইকে বিষয়টি জানান।
একপর্যায়ে মর্টারশেলটি চেঙ্গী নদীর
পাড়ের গঞ্জপাড়া এলাকায় নিয়ে কাটার চেষ্টা করলে বিষয়টি জানাজানি হয়। স্থানীয়রা পুলিশ
ও সেনাবাহিনীকে খবর দেন। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে মর্টারশেলটি শনাক্ত
করে। এ সময় আশপাশের লোকজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়। পরে নিরাপত্তার স্বার্থে
মর্টারশেলটি সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ দলের কাছে হস্তান্তর করা হয়।
শনিবার সকালে মর্টারশেলটি নিষ্ক্রিয়
করার পাশাপাশি উদ্ধারের স্থানেও পুনরায় তল্লাশি চালানো হয়।