রাসেল মাহমুদ, বরগুনা
প্রকাশ : ২০ মিনিট আগে
ঘূর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে টানা বৃষ্টিতে বিপর্যস্ত বরগুনার জনজীবন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে উপকূলীয় জেলা বরগুনার জনজীবন। গত তিন দিন ধরে থেমে থেমে বৃষ্টির পর শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে শুরু হয়েছে মুষলধারে বর্ষণ।
এতে জলাবদ্ধতা, কর্মহীনতা ও ফসলের ক্ষতির আশঙ্কায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে কৃষক, জেলে, দিনমজুর ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকায় দেখা দিয়েছে অনিশ্চয়তা।
আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে ঘূর্ণিঝড় ‘আকভান’এর প্রভাবে পায়রাসহ দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সাগর উত্তাল থাকায় গভীর সমুদ্রে অবস্থানরত মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
টানা বৃষ্টিতে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। নিচু জমিতে পানি জমে শীতকালীন সবজির বীজতলা ও বিভিন্ন ফসলের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। কোথাও কোথাও বাতাস ও বৃষ্টিতে পাকা-আধাপাকা ধান মাটিতে নুয়ে পড়েছে। এতে উৎপাদন খরচ তুলে আনা নিয়েও শঙ্কায় রয়েছেন চাষিরা।
তালতলী উপজেলার সওদাগরপাড়ার কৃষক শাহাদাত হোসেন বলেন, টানা বৃষ্টিতে কৃষিকাজ নিয়ে আমাদের দুশ্চিন্তা বেড়েছে। নিচু জমিতে পানি জমে যাওয়ায় শীতকালীন সবজি ও অন্যান্য ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। অনেক কষ্ট করে টাকা খরচ করে ফসল আবাদ করেছি। বৃষ্টি অব্যাহত থাকলে বড় ধরনের লোকসানে পড়তে হবে।
বরগুনা সদরের বুড়িরচর এলাকার কৃষক আলাউদ্দিন আকন বলেন, এখন মাঠে বিভিন্ন ধরনের ফসল রয়েছে। কিন্তু বৃষ্টির কারণে জমিতে কাজ করা যাচ্ছে না। কোথাও কোথাও পানি জমে গেছে। আরও কয়েক দিন এভাবে বৃষ্টি হলে ফসলের গোড়া পচে যাওয়ার আশঙ্কা রয়েছে। উৎপাদন খরচ বেশি হওয়ায় ফসল নষ্ট হলে আমাদের পথে বসতে হবে।
অন্যদিকে বৈরী আবহাওয়ায় সাগর ও নদীতে মাছ ধরা বন্ধ থাকায় আয়-রোজগারহীন হয়ে পড়েছেন জেলেরা। নৌকা ও ট্রলার নিয়ে নদী-সাগরে যেতে না পারায় সংসার চালানো নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তাদের।
জেলে জহিরুল ইসলাম বলেন, সাগর ও নদী উত্তাল থাকায় নৌকা-ট্রলার নিয়ে মাছ ধরতে যাওয়া যাচ্ছে না। মাছ ধরা বন্ধ থাকায় আমাদের আয়ও বন্ধ হয়ে গেছে। এভাবে চলতে থাকলে পরিবার-পরিজন নিয়ে বিপাকে পড়তে হবে।
বরগুনা ট্রলার মালিক সমিতির সভাপতি মোস্তফা চৌধুরী বলেন, ঘূর্ণিঝড়ের সতর্কতা জারির পর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার ট্রলারগুলো নিরাপদে উপকূলে ফিরিয়ে আনা হয়েছে। সম্ভাব্য দুর্যোগ এড়াতে ট্রলারগুলো নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে। এতে জেলেরা মাছ ধরতে না পেরে আর্থিক সংকটে পড়ছেন। দীর্ঘদিন মাছ ধরা বন্ধ থাকলে ট্রলার মালিকদের জ্বালানি, শ্রমিকের মজুরি ও অন্যান্য খরচ বহন করা কঠিন হয়ে পড়বে।
এদিকে বৈরী আবহাওয়ার মধ্যে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে বরগুনার ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ। জেলার ৭২ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে ৪৪ কিলোমিটারই ঝুঁকিপূর্ণ। ফলে জলোচ্ছ্বাস কিংবা পানির চাপ বাড়লে বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢোকার আশঙ্কায় আতঙ্কে রয়েছেন উপকূলীয় এলাকার হাজারো মানুষ।
তবে ভাঙন রোধে দুটি প্রকল্প অনুমোদন হয়েছে জানিয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হান্নান প্রধান বলেন, ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধের সমস্যা সমাধানে প্রকল্প নেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে টেকসই বেড়িবাঁধ নির্মাণের কাজ শুরু হবে।
সব মিলিয়ে ঘূর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে বরগুনায় একদিকে যেমন জনজীবন স্থবির হয়ে পড়েছে। অন্যদিকে কৃষি ও মৎস্য খাতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। এর সঙ্গে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধের শঙ্কা উপকূলবাসীর উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে। দ্রুত আবহাওয়ার উন্নতি না হলে জেলার কৃষি, মৎস্য ও সাধারণ মানুষের জীবন জীবিকায় এর প্রভাব আরও প্রকট হতে পারে।