লক্ষ্মীপুর প্রতিবেদক
প্রকাশ : ২৮ মিনিট আগে
লক্ষ্মীপুর শহরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী প্রবাসীর বাবা বক্তব্য রাখেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
লক্ষ্মীপুরে ফয়সাল নামে এক সৌদি আরব প্রবাসীর পাঠানো ৭৭ লাখ ৭৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এক আত্মীয়র বিরুদ্ধে। এঘটনায় লক্ষ্মীপুরের রায়পুর থানায় একটি অভিযোগ করেছেন প্রবাসীর বাবা আবদুর রশিদ ভূঁইয়া।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী প্রবাসীর বাবা।
অভিযুক্ত বেলায়েত হোসেন ও বিল্লাল হোসেন দুইজন আপন ভাই। তারা রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের মোল্লারহাট এলাকার মৃত হুমায়ুন কবিরের ছেলে। তারা সম্পর্কে প্রবাসী ফয়সালের আত্মীয়। আবদুর রশিদ ভূঁইয়ার চার ছেলেমেয়ের মধ্যে চারজনই সৌদি আরবপ্রবাসী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবদুর রশিদ ভূঁইয়া বলেন, তার ছেলে ফয়সাল দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত। বিদেশের মাটিতে কঠোর পরিশ্রম করে উপার্জিত অর্থ দিয়ে দেশে জমি কেনার উদ্দেশ্যে গত ২৭ ও ২৮ অক্টোবর আত্মীয় বেলায়েত হোসেন ও বিল্লাল হোসেনের ব্যাংক হিসাবে ৭৭ লাখ ৭৭ হাজার টাকা পাঠান। পারিবারিক ও আত্মীয়তার সম্পর্কের কারণে তাদের ব্যাংক হিসাব ব্যবহার করা হয়েছিল। কথা ছিল, ওই টাকা তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে।
তিনি আরো বলেন, দীর্ঘদিন পার হলেও অভিযুক্তরা ওই টাকা ফেরত দিচ্ছেন না। বারবার টাকা চাইতে গেলে নানা অজুহাতে সময়ক্ষেপণ করছেন। পরবর্তী সময়ে ছেলে তাদের ব্যাংক হিসাবে আরও প্রায় ১৩ লাখ টাকা পাঠালে সেই টাকা পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়। তবে আগের ৭৭ লাখ ৭৭ হাজার টাকা এখনো ফেরত পাওয়া যায়নি।
সংবাদ সম্মেলনে ছেলের কষ্টার্জিত অর্থ ফেরত পেতে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা কামনা করছেন বাবা।