× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নওগাঁয় গ্রাম পুলিশদের সাইকেল কেনায় পুকুর চুরি!

এম আর ইসলাম রতন, নওগাঁ

প্রকাশ : ১৬ মিনিট আগে

নওগাঁয় গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নওগাঁয় গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নওগাঁয় গ্রাম পুলিশের মধ্যে নিম্নমানের বাইসাইকেল বিতরণ করার অভিযোগ উঠেছে। এতে বিপুল অঙ্কের টাকা লোপাট হয়েছে বলে গ্রাম পুলিশদের অভিযোগ। 

তবে স্থানীয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছে নিয়ম মেনে টেন্ডারের মাধ্যমে বাইসাইকেল বিতরণ করা হয়েছে এবং বরাদ্দের যে টাকা খরচ হয়নি, তা সরকারের কোষাগারে জমা পড়েছে। এদিকে নিম্নমানের বাইসাইকেল কেনাই শুধু নয়, ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে বদলি বাণিজ্য হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। 

জানা গেছে, দেশের প্রতিটি ওয়ার্ড পর্যায়ে গ্রাম পুলিশের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা করছেন। এই দায়িত্ব আরও গতিশীল করার জন্য তাদের বাইসাইকেল দেওয়ার উদ্যোগ নেয় সরকার।  কিন্তু তাদের যে সাইকেল দেওয়া হয়েছে তা খুবই নিম্নমানের। এতে গ্রাম পুলিশ সদস্যদের মেধ্যে ক্ষোভ সঞ্চারিত হয়েছে। 

চলতি বছরে নওগাঁর ৯শ ৫০জন গ্রাম পুলিশদের মধ্যে বাইসাইকেল দেওয়া হয়। গ্রাম পুলিশদের মধ্যে বিতরণের নামে সরকারের কোটি টাকায় অতি নিম্নমানের সস্তা বাংলা সাইকেল দেওয়ার অভিযোগ উঠেছে। সাইকেল কেনার নামে পুকুর চুরি করা হয়েছে বলে মনে করা হচ্ছে। সুবিধাভোগীদের ক্ষোভ ২৪ নং ছোট আকারের মানহীন ও সস্তা এই সাইকেলগুলো এক বছরও টিকবে না। অবশেষে তা কেজি দরে ভাঙ্গারির দোকানেই বেচে দিতে হবে বলে জানিয়েছেন গ্রাম পুলিশ সদস্যরা। গ্রাম পুলিশদের দাবী যদি মানসম্পন্ন দামী ব্র্যান্ডের সাইকেল দেওয়া হতো তাহলে তা অনেক দিন ব্যবহার করা যেত। 

নওগাঁর স্থানীয় সরকার শাখা সূত্রে জানা গেছে দফাদার মহল্লাদার (গ্রাম পুলিশ) বাহিনীর সদস্যদের আরও আধুনিকায়নের মাধ্যমে সক্রিয় করার লক্ষ্যে প্রতি বছরই সরকারের পক্ষ থেকে বিভিন্ন উপহার সামগ্রী দেওয়া হয়। এমন কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় সরকার বিভাগ থেকে গ্রাম পুলিশের পোশাক খাতে বরাদ্দকৃত টাকা থেকে জেলার ৯৯টি ইউনিয়ন পরিষদের ৯শ ৯০জন গ্রাম পুলিশের মধ্যে ৯শ ৫০জনকে বাইসাইকেল দেওয়া হয়েছে। জেলার ১১টি উপজেলার ৯৯টি ইউনিয়নের গ্রাম পুলিশকে সাইকেল দেওয়ার জন্য সরকার ১কোটি ৪২লাখ টাকা বরাদ্দ দিয়েছে। এরমধ্যে ৯শ ৫০টি নিম্মমানের বাংলা সাইকেল কেনা হয়। সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠান প্রতিটি ২৪নং বাংলা সাইকেল (আকারে ছোট) প্রায় ৯হাজার ১শ টাকা দামে কিনেছে। ৯ শ ৫০টি সাইকেল কেনায় ব্যয় হয়েছে ১ কোটি ১৬লাখ টাকা। বরাদ্দের অবশিষ্ট টাকা সংশ্লিষ্ট দপ্তরে ফেরত দেওয়া হয়েছে বলে দপ্তর সূত্রে জানা গেছে।

শহরের বিভিন্ন সাইকেল ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, গ্রাম পুলিশদেরকে যে ২৪নং বাংলা বাইসাইকেল দেওয়া হয়েছে, তার একটি দাম সর্বোচ্চ ৮হাজার টাকা। অথচ ১০ থেকে ১১ হাজার টাকায় দামী ব্র্যান্ডের ভালো বাইসাইকেল পাওয়া যায়। এগুলো দীর্ঘদিন ব্যবহার করলেও নষ্ট হয় না। সাইকেল ব্যবসায়ীরা আরও জানান, বাংলা সাইকেল দেশের খোলা বাজারে সচরাচর বিক্রি হতে দেখা যায় না।

জেলার রাণীনগর উপজেলার গ্রাম পুলিশ রহিদুল ইসলাম (ছদ্ম নাম) বলেন, সময়ের পরিবর্তনের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে শতকরা ৮০শতাংশ গ্রাম পুলিশ মোটর সাইকেল ব্যবহার করে। এছাড়া সময় বাঁচাতে ও দ্রুত দাপ্তরিক কাজ শেষ করতে গ্রাম পুলিশ বাইসাইকেলের যার সাধ্য রয়েছে তিনি মোটরসাইকেল চালান। 

অধিকাংশ  গ্রাম পুলিশের বাইসাইকেল পরিবারের অন্য সদস্যরা ব্যবহার করেন। বিগত সময়ে যে বাংলা সাইকেল দেওয়া হয়েছিল, সেগুলোর মান এতোটাই খারাপ ছিল যে, ব্যবহারের ৬ মাস থেকে এক বছরের মধ্যে নষ্ট হয়ে যায়। আবার অনেকেই নষ্ট হওয়া সাইকেলের মেরামতে টাকা খরচ না করে ভাঙ্গারীর দোকানে বেচে দেয়। অথচ একটু ভালো মানের সাইকেল দিলে তা অনেকদিন ব্যবহার করা যেত।

জেলার মহাদেবপুর উপজেলার গ্রাম পুলিশ রহমত আলী (ছদ্ম নাম) বলেন, এবারো আমরা একটি করে ভালো মানের সাইকেল দাবি করেছিলাম। কিন্তু দেওয়া হয়েছে ছোট আকারের নিম্মমানের বাংলা সাইকেল। প্রতিবাদ করেও কোনো লাভ হয়নি। আমাদের প্রতিবাদ কোনো কাজে আসেনি। বর্তমান সরকার প্রধান তিনবছর পর পর সাইকেল দেওয়ার ঘোষণা দিয়েছে, তাই আর প্রতিবাদ করবো না। চলতি বছর পাওয়া সাইকেল দিয়ে কোনোমতে সময় পার করার পর আবার তো নতুন সাইকেল পাবো। আর নষ্ট সাইকেল মেরামত করার খরচ দিয়ে মোটরসাইকেল ব্যবহার করা অনেক সুবিধ। এই কারণে সাইকেল আমার ছেলে ব্যবহার করে।

অপরদিকে সাইকেল কেনার কেলেঙ্কারির পাশাপাশি জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-প্রশাসনিক কর্মকর্তা হৃষিকেশ চন্দ্র মণ্ডলের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও চরম স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলেছেন ভুক্তভোগী কর্মচারীরা। এই কর্মকর্তার ঘুষ বাণিজ্য, ফাইল আটকানো ও বদলি হয়রানির সিন্ডিকেট গড়ে তোলায় ফুঁসছেন ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারীরা।

 নওগাঁয় গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ 

ফলে স্থানীয় সরকার শাখার উপ-প্রশাসনিক কর্মকর্তার ঘুষ বাণিজ্যে অতিষ্ঠ হয়ে পড়েছে স্থানীয় সরকার বিভাগের আওতায় থাকা জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাকর্মচারীরা। চাহিদা পূরণ না করলেই ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারিদের চরম হয়রানির শিকার হতে হচ্ছে। এমন কর্মকাণ্ড দীর্ঘদিন চলে আসলেও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে জানিয়েছেন একাধিক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক জেলার বিভিন্ন উপজেলার ইউনিয়ন পরিষদের ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারীরা জানান যে, নওগাঁর স্থানীয় সরকার শাখার উপ-প্রশাসনিক কর্মকর্তার চাহিদা পূরণ না করলেই নানা অজুহাত দেখিয়ে বিভিন্ন ট্যাগ লাগিয়ে জেলার এক প্রান্ত থেকে অপরপ্রান্তে বদলি করে হয়রানি করে আসছেন। আর যারা চাহিদা পূরণ করেন, তারা পছন্দ মাফিক ও সুবিধাজনক জায়গায় চাকরি করার সুযোগ পাচ্ছেন। এছাড়া কোনো কারণ ছাড়াই বিভিন্ন ফাইল আটকিয়ে সুবিধা নেওয়া এই শাখায় নিয়মে পরিণত হয়েছে।

স্থানীয় সরকার বিভাগ নওগাঁর উপ-প্রশাসনিক কর্মকর্তা হৃষিকেশ চন্দ্র মণ্ডল বলেন, তার বিরুদ্ধে করা অভিযোগ পুরোপুরি ভুয়া। ইউপি পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারীদের রুটিন মাফিক বদলি করা হয়ে থাকে। আর বদলির বিষয়টি দেখেন জেলা প্রশাসক। বদলির বিষয়ে তার কোনো হাত নেই।

স্থানীয় সরকার বিভাগ নওগাঁর উপ-পরিচালক টি এম এ মোমিন বলেন, গ্রাম পুলিশ নেতাদের অংশগ্রহণে জেলা কমিটি গঠন করার মধ্য দিয়ে ইজিপি দরপত্রের মাধ্যমে কম দামের মধ্যে ভালো মানের সাইকেল কেনা হয়েছে। গ্রাম পুলিশরা যে মানের সাইকেল চেয়েছে, তাই দেওয়া হয়েছে তাদের। অপরদিকে বদলি সিন্ডিকেটের বিষয়টি সত্য নয়। যারা একই স্থানে দীর্ঘদিন ধরে আছেন তাদেরকে অন্য কোথাও বদলি করলেই সমস্যা। বদলির বিষয়টি একটি নিয়মিত প্রক্রিয়া। আমার দপ্তরের সবাইকে কোনো অনিয়ম না করতে কঠোর হুশিয়ারি দিয়েছি। তবুও যদি অভিযোগগুলোর বিষয়ে লিখিত আবেদন পাওয়া যায় তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা