কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যা মামলার বিচারিক কার্যক্রম শুরু হচ্ছে আগামী ২৯ নভেম্বর।
এদিন মামলার চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে। তবে প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক আসামিদের বিচার হবে পৃথক দুটি আদালতে।
শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. কাইমুল হক রিংকু।
তিনি জানান, মামলার অভিযোগপত্র (চার্জশিট) আদালত গ্রহণ করেছেন। আসামিরা কারাগারে রয়েছেন। আগামী ২৯ নভেম্বর অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হবে। দুই অপ্রাপ্তবয়স্ক আসামির বিচার হবে জুভেনাইল কোর্টে এবং দুই প্রাপ্তবয়স্ক আসামির বিচার হবে কুমিল্লার সেশন কোর্টে। আসামিপক্ষ মানবাধিকার সংগঠন থেকে আইনজীবী নিয়োগের চেষ্টা করছে বলেও দাবি করেন তিনি।
অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ারও জানান, ২৯ নভেম্বর কুমিল্লা জেলা আদালতে মামলার অভিযোগ গঠন করা হবে। প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক আসামিদের বিচার হবে পৃথক আদালতে।
এর আগে চলতি বছরের ১৮ সেপ্টেম্বর কুমিল্লার কোটবাড়ির গন্ধমতি এলাকার ভাড়া বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতিম।
পরদিন সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের নির্জন জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।