গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মো. তৌহিদুল ইসলাম (৩০) ও রিফাত সরদার (২৫)। তাদের দুজনের বাড়ি খুলনা জেলার শিরোমণি এলাকায়।

গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ইনচার্জ মুনতাসির মাহমুদ সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি বাসের চাকার নিচে চলে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. মালেক আলী সরকার বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।