× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঘরে বসেই দান করা যায় পাগলা মসজিদে, তহবিলে ১৩৩ কোটি টাকা

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ২০ মিনিট আগে

pagla-mosque-fund-133-crore-online-donation

pagla-mosque-fund-133-crore-online-donation

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের তহবিলে জমা হয়েছে ১৩৩ কোটি ২১ লাখ ৮০ হাজার ৫৬৪ টাকা। এবার মসজিদের দানবাক্স খুলে পাওয়া গেছে ৫১ বস্তা টাকা, বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার।

চার মাস ২৪ দিন পর শনিবার সকালে ১০টি স্থায়ী সিন্দুক ও পাঁচটি অস্থায়ী ট্রাংক খোলা হয়। এখন চলছে দানের টাকা গণনা।


এদিকে মসজিদের নিজস্ব ওয়েবসাইট চালু হওয়ায় এখন থেকে বিশ্বের যেকোনো স্থান থেকে মোবাইল ব্যাংকিং ও অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে দান করা যাবে।

সকাল ৭টায় জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিনের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়। এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মারুফসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।


দানবাক্স থেকে বের করা টাকা বস্তায় ভরে মসজিদের দ্বিতীয় তলায় নেওয়া হয়। সেখানে গণনার কাজে অংশ নিয়েছেন ৬৮০ জন। তাদের মধ্যে জামিয়া এমদাদিয়া মাদরাসার ৩০০ শিক্ষার্থী, পাগলা মসজিদ মাদরাসার ৯০ শিক্ষার্থী, রূপালী ব্যাংকের ১৫০ কর্মকর্তা, মসজিদের ৩৫ কর্মচারী এবং জেলা প্রশাসনের ২৪ কর্মচারী রয়েছেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে সাত সদস্যের একটি উপকমিটি এ কার্যক্রম পরিচালনা করছে।

গণনার পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে রয়েছেন জেলা প্রশাসনের ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৪০ জন পুলিশ সদস্য, আটজন এসআরবি সদস্য ও ১০ জন ব্যাটালিয়ন আনসার সদস্য।


জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, সর্বশেষ গত ২৭ জুন পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়েছিল। সেদিন পাওয়া দানের পরিমাণ ছিল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৫৬ টাকা। গণনা শেষে ওই টাকা রূপালী ব্যাংকের পাগলা মসজিদের হিসাবে জমা করা হয়। এ ছাড়া সেদিন পাওয়া স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রা সিলগালা করে জেলা ট্রেজারিতে সংরক্ষণ করা হয়।

তিনি বলেন, বর্তমানে পাগলা মসজিদের তহবিলে মোট ১৩৩ কোটি ২১ লাখ ৮০ হাজার ৫৬৪ টাকা জমা রয়েছে। মসজিদের নিজস্ব ওয়েবসাইট চালু করা হয়েছে। এর মাধ্যমে যে কেউ যেকোনো স্থান থেকে মোবাইল ব্যাংকিং ও অনলাইন ব্যাংকিংয়ে দান করতে পারবেন। অনলাইনে এখন পর্যন্ত ৪৪ লাখ ৯ হাজার ৯৩৬ টাকা অনুদান পাওয়া গেছে।


জেলা প্রশাসক আরও বলেন, ২০২০ সালের ১১ মার্চের পর প্রায় ছয় বছর ধরে দানবাক্সে পাওয়া স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রা সিলগালা অবস্থায় জেলা ট্রেজারিতে সংরক্ষিত ছিল। গত ১২ অক্টোবর সেগুলো খুলে গণনা করা হয়। এতে ১ হাজার ৪৪ ভরি ১৪ আনা ৪ রতি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা এবং ১৭টি দেশের বিভিন্ন পরিমাণ বৈদেশিক মুদ্রা পাওয়া যায়। পরে বৈদেশিক মুদ্রা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে নগদায়ন করে ৬৫ লাখ ৬২ হাজার ৭২৪ টাকা পাওয়া গেছে। গণনা করা স্বর্ণ ও রুপার বাজারমূল্য নির্ধারণ এবং নিলামের কার্যক্রম চলমান রয়েছে। দ্রুতই এ কার্যক্রম সম্পন্ন করা হবে।

মসজিদে মুসল্লিদের স্থান সংকুলান সমস্যা নিরসনে ১ কোটি ১০ লাখ ৮৮ হাজার ৪৬৪ টাকা ব্যয়ে তিনটি নামাজের শেড, অযুখানা ও নারীদের জন্য ওয়াশব্লক নির্মাণের কাজ শুরু হয়েছে। গত ২৭ সেপ্টেম্বর এ কাজের কার্যাদেশ দেওয়া হয়। এ ছাড়া মসজিদের বাইরে আগত মুসল্লিদের জন্য পাবলিক টয়লেট নির্মাণের কাজ শেষ হয়েছে।

আধুনিক মসজিদ কমপ্লেক্স নির্মাণের জন্য বর্তমান মসজিদ কমপ্লেক্স ও কবরস্থানের মধ্যবর্তী ৫৩ দশমিক ৭৭ শতাংশ জমি মসজিদের নামে কেনা হয়েছে। কমপ্লেক্সের নান্দনিক নকশা প্রণয়নের কাজও শেষ পর্যায়ে রয়েছে।

জেলা প্রশাসক জানান, মসজিদের তহবিল থেকে মাদরাসার এতিম ও অসহায় শিক্ষার্থীদের যাবতীয় খরচ, ৩৫ জন কর্মচারী ও ১০ জন আনসার সদস্যের বেতন, বিদ্যুৎ বিল এবং উন্নয়ন খাতে ব্যয় করা হয়। এ ছাড়া তহবিলের লভ্যাংশ থেকে জেলার দরিদ্র রোগীদের চিকিৎসার জন্য অনুদান দেওয়া হয়। মাদরাসাটি থেকে এখন পর্যন্ত ২৫৩ জন শিক্ষার্থী হাফেজ হয়েছেন।

উল্লেখ্য, সাধারণত প্রতি তিন মাস পরপর পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়। তবে দানের পরিমাণ বাড়তে থাকায় নতুন করে আরও দুটি দানবাক্স যুক্ত করা হয়েছে। আগেরবার ২৭ জুন ১৩টি দানবাক্স খুলে ৪৩ বস্তা টাকা পাওয়া গিয়েছিল। দিনভর গণনা শেষে দানের পরিমাণ দাঁড়িয়েছিল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা। এবার সেই রেকর্ড ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা