× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাগলা মসজিদে এবার রেকর্ড ৫১ বস্তা টাকা, চলছে গণনা

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ১৪ মিনিট আগে

আপডেট : ৯ মিনিট আগে

পাগলা মসজিদে এবার রেকর্ড ৫১ বস্তা টাকা, চলছে গণনা

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩টি লোহার দানবাক্স দীর্ঘ ৪ মাস ২৪ দিন পর খোলা হয়েছে। এতে পাওয়া গেছে ৫১ বস্তা টাকা, বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার।

জেলা প্রশাসক ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিনের উপস্থিতিতে শনিবার সকাল ৭টায় দানবাক্সগুলো খোলা হয়। এখন চলছে টাকা গণনার কাজ। গণনা শেষে জানা যাবে মোট দানের পরিমাণ। এবারও আগের সব রেকর্ড ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।


এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এরশাদুল আহমেদ এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

দানবাক্স থেকে বের করা টাকা প্রথমে বস্তায় ভরে মসজিদের দ্বিতীয় তলায় নেওয়া হয়। সেখানে গণনার কাজে অংশ নেন মসজিদ পরিচালনা কমিটির সদস্য, মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পার্শ্ববর্তী জামিয়া এমদাদিয়া মাদরাসার শিক্ষার্থী এবং রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ পাঁচ শতাধিক ব্যক্তি।


এর আগে গত ২৭ জুন ছয় মাস পর দানবাক্সগুলো খোলা হয়েছিল। তখন পাওয়া যায় ৪৩ বস্তা টাকা। দিনভর গণনা শেষে দানের পরিমাণ দাঁড়ায় ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা। পাশাপাশি পাওয়া যায় বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার। সেটিই ছিল মসজিদের দানবাক্স থেকে পাওয়া সর্বোচ্চ দানের রেকর্ড।

সাধারণত প্রতি তিন মাস পরপর পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়। তবে দানের পরিমাণ বাড়তে থাকায় নতুন করে আরও দুটি দানবাক্স যুক্ত করা হয়েছে। এ কারণে এবার নির্ধারিত সময়ের চেয়ে বেশি, ৪ মাস ২৪ দিন পর দানবাক্স খোলা হয়।

প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ এ মসজিদে দান করতে আসেন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এখানে দান করলে মনোবাসনা পূর্ণ হয়। টাকা-পয়সার পাশাপাশি স্বর্ণালঙ্কার, হাঁস-মুরগি, গবাদিপশু ও বিভিন্ন সামগ্রীও দান করেন অনেকে। এসব দান থেকে পাওয়া অর্থ মসজিদ, মাদরাসা, এতিমখানা ও বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজে ব্যয় করা হয়।


মসজিদ সূত্রে জানা যায়, ২০২০ সালের ১১ মার্চ দান করা স্বর্ণ ও রৌপ্যালঙ্কার নিলামে বিক্রি করে ১ কোটি ১৫ লাখ ৪ হাজার ১১০ টাকা এবং বৈদেশিক মুদ্রা বিক্রি করে আরও ৭০ লাখ টাকা আয় হয়েছিল। পরে সংরক্ষিত সম্পদের হিসাব করতে গত ১২ অক্টোবর নয়টি কনটেইনার ও ছয়টি সিলগালা খাম খোলা হয়। এতে ১৭ দেশের বৈদেশিক মুদ্রার পাশাপাশি ১ হাজার ৪৪ ভরি স্বর্ণালঙ্কার ও ১ হাজার ৮৮ ভরি রৌপ্যালঙ্কার পাওয়া যায়। সব মিলিয়ে অলঙ্কারের পরিমাণ দাঁড়ায় ২ হাজার ১৩২ ভরি।

এদিকে প্রায় ১১৫ কোটি টাকা ব্যয়ে ছয়তলা আধুনিক ইসলামি কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে। এতে একসঙ্গে প্রায় ৫০ হাজার মুসল্লির নামাজের ব্যবস্থা থাকবে। নারীদের জন্য পৃথকভাবে পাঁচ হাজার মুসল্লির নামাজের ব্যবস্থা রাখা হবে।

জনশ্রুতি রয়েছে, প্রায় আড়াইশ বছর আগে এক আধ্যাত্মিক সাধক নরসুন্দা নদী পেরিয়ে বর্তমান মসজিদের স্থানে এসে অবস্থান নেন। তার মৃত্যুর পর সমাধির পাশে নির্মিত হয় মসজিদটি। ১৯৭৯ সালের ১০ মে থেকে ওয়াকফ স্টেটের মাধ্যমে ঐতিহাসিক এ মসজিদ পরিচালিত হয়ে আসছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা