নারী ও শিশুসহ ২৮ জনকে উদ্ধার করেছে পুলিশ। ছবি: প্রতিদনের বাংলাদেশ
মালয়েশিয়া নেওয়ার প্রলোভন দেখিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ৭২ জনকে মাছ ধরার ট্রলারে তুলে টানা আট দিন সাগরে ভাসিয়ে রাখার অভিযোগ উঠেছে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে। পরে চক্রের সদস্যদের মধ্যে বিরোধের জেরে কক্সবাজার সমুদ্রসৈকতে যাত্রীদের নামিয়ে দিয়ে পালিয়ে যায় পাচারকারীরা। এ ঘটনায় নারী ও শিশুসহ ২৮ জনকে উদ্ধার করেছে পুলিশ। ট্রলারে থাকা বাকি যাত্রীদের অনেকেই বিভিন্ন স্থানে চলে গেছেন বলে জানিয়েছেন উদ্ধার হওয়া ব্যক্তিরা।
শুক্রবার রাতে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া ২৮ জনের মধ্যে একজন শিশু, দুই নারী ও ২৫ জন পুরুষ রয়েছেন।
উদ্ধার হওয়া ব্যক্তিদের ভাষ্য, মালয়েশিয়া নেওয়ার কথা বলে তাদের ট্রলারে তোলা হয়েছিল। কিন্তু সাগরে অবস্থানকালে মাঝিমাল্লা ও পাচারকারী চক্রের সদস্যদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ ও বাক্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ট্রলারটি লাবণী পয়েন্টের কাছে এনে তীরে ভেড়ানো হয়। পরে পাচারকারী চক্রের সদস্যরা দ্রুত নেমে পালিয়ে যান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১২ নভেম্বর টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া নৌঘাট থেকে ছোট মাছ ধরার নৌকায় করে যাত্রীদের সাগরে অবস্থানরত একটি বড় ট্রলারে তুলে দেওয়া হয়। এরপর থেকে ৭২ জন ওই ট্রলারে অবস্থান করছিলেন। তাদের মধ্যে নারী ও শিশুও ছিলেন।
উদ্ধার হওয়া টেকনাফ সদর ইউনিয়নের কচুবনিয়া এলাকার বাসিন্দা মোহাম্মদ ইলিয়াস জানান, ১২ নভেম্বর মিঠাপানির ছড়া ঘাট থেকে ছোট নৌকায় করে তাদের বড় ট্রলারে নেওয়া হয়। এরপর টানা কয়েক দিন সাগরে ভাসমান অবস্থায় থাকতে হয়। এ সময় ট্রলারে থাকা ১৭ জন মাঝিমাল্লা ও দালাল চক্রের সদস্যদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ সৃষ্টি হয়।
ইলিয়াসের দাবি, বিরোধের একপর্যায়ে ট্রলারটি লাবণী পয়েন্টের কাছে ভেড়ানো হয়। পরে পাচারকারীরা দ্রুত নেমে পালিয়ে যান। এ সময় ট্রলারে থাকা দুজনকে আটকে রেখে বেঁধে রাখা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও জানান, ট্রলারে মোট ৭২ জন ছিলেন। তাদের মধ্যে ২৮ জনকে পুলিশ উদ্ধার করেছে। বাকিরা ট্রলার থেকে নেমে বিভিন্ন দিকে চলে গেছেন।
এদিকে এ ঘটনার সঙ্গে টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া এলাকার বাসিন্দা আব্দুল হাকিমের ছেলে আব্দুল আমিনের (৪১) সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছেন স্থানীয়রা। তার বিরুদ্ধে মানবপাচার, অপহরণ ও মাদক কারবারসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
স্থানীয়রা বলছেন, এলাকায় প্রভাব বিস্তার করে পাহাড়কেন্দ্রিক বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করেন আব্দুল আমিন। মালয়েশিয়াগামী যাত্রীদের প্রথমে জিম্মি করে রাখা হয়। পরে রাতের আঁধারে ছোট মাছ ধরার নৌকায় করে সাগরের মাঝপথে বড় ট্রলারে তুলে দেওয়া হয়। এই প্রক্রিয়ায় তার সংশ্লিষ্টতা রয়েছে বলেও দাবি স্থানীয়দের।
স্থানীয়দের ভাষ্য, আব্দুল আমিনের বিরুদ্ধে পুলিশ হত্যা ও তিন বন্ধু হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তিনি পলাতক আসামি বলে দাবি তাদের। এ ছাড়া তার বিরুদ্ধে অপহরণ, মাদক কারবার ও মানবপাচারের অভিযোগও রয়েছে।
অন্যদিকে টেকনাফ সদর ইউনিয়নকেন্দ্রিক মানবপাচারে সাইফুল ইসলাম ওরফে দাঁড়িওয়ালা, শামসুল আলম ওরফে কালা বাম্বু, হেলাল, ইসমাইল ও মো. আব্দুল্লাহসহ ২০ থেকে ৩০ জনের একটি সংঘবদ্ধ চক্র সক্রিয় রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।