জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিনের উপস্থিতিতে শনিবার সকাল ৭টায় পাগলা মসজিদের দানবাক্সগুলো খোলা হয়।ছবি: প্রতিদিনের বাংলাদেশ
দীর্ঘ ৪ মাস ২৪ দিন পর আবারও খোলা হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩টি লোহার দানবাক্স। চলতি বছরের শেষবারের মতো খোলা এসব দানবাক্সে এবার অতীতের সব রেকর্ড ছাড়িয়ে বিপুল পরিমাণ অর্থ জমা পড়েছে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিনের উপস্থিতিতে শনিবার সকাল ৭টায় দানবাক্সগুলো খোলা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইশতিয়াক ইমন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এরশাদুল আহমেদ এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মারুফসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
দানবাক্স থেকে পাওয়া টাকা প্রথমে বস্তায় ভরে মসজিদের দ্বিতীয় তলায় নেওয়া হবে। সেখানে শুরু হবে গণনার কাজ। এ কার্যক্রমে মসজিদ পরিচালনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সের মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পার্শ্ববর্তী জামিয়া এমদাদিয়া মাদরাসার শিক্ষার্থী এবং রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ চার শতাধিক ব্যক্তি অংশ নেওয়ার কথা রয়েছে।
এর আগে, চলতি বছরের ২৭ জুন ছয় মাস পর দানবাক্সগুলো খোলা হয়েছিল। সেবার ৪৩ বস্তা টাকা পাওয়া যায়। দিনভর গণনা শেষে অর্থের পরিমাণ দাঁড়ায় ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা। এ ছাড়া পাওয়া যায় বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, স্বর্ণালঙ্কার ও অন্যান্য সামগ্রী। ওই দান অতীতের সব রেকর্ড ছাড়িয়ে নতুন মাইলফলক তৈরি করেছিল। এবার সেই রেকর্ডও ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা সংশ্লিষ্টদের।
সাধারণত প্রতি তিন মাস পরপর পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়। তবে দানের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকায় নতুন করে আরও দুটি দানবাক্স যুক্ত করা হয়েছে। এ কারণে এবার নির্ধারিত সময়ের চেয়ে বেশি, ৪ মাস ২৪ দিন পর দানবাক্সগুলো খোলা হলো।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন অসংখ্য মানুষ এ মসজিদে দান করতে আসেন। অনেকের বিশ্বাস, এখানে দান করলে মনোবাসনা পূর্ণ হয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে পাগলা মসজিদ একটি সার্বজনীন ধর্মীয় কেন্দ্র হিসেবে পরিচিত।
জানা যায়, ২০২০ সালের ১১ মার্চ দানবাক্সে পাওয়া ৪২০ ভরি স্বর্ণালঙ্কার ও ১৮৮ ভরি রৌপ্যালঙ্কার নিলামে বিক্রি করে ১ কোটি ১৫ লাখ ৪ হাজার ১১০ টাকা আয় হয়। একই সময়ে বৈদেশিক মুদ্রা বিক্রি করে পাওয়া যায় আরও ৭০ লাখ টাকা। পরবর্তী সময়ে ছয় বছরে জমা হওয়া স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রা জেলা ট্রেজারিতে সংরক্ষণ করা হয়।
এর আগে, ১২ অক্টোবর এসব সম্পদের গণনা ও মূল্য নির্ধারণের জন্য নয়টি কনটেইনার ও ছয়টি সিলগালা খাম খোলা হয়। সেখান থেকে ১৭ দেশের বৈদেশিক মুদ্রার পাশাপাশি ১ হাজার ৪৪ ভরি স্বর্ণালঙ্কার ও ১ হাজার ৮৮ ভরি রৌপ্যালঙ্কার পাওয়া যায়। সব মিলিয়ে অলঙ্কারের পরিমাণ দাঁড়ায় ২ হাজার ১৩২ ভরি।
বর্তমানে পাগলা মসজিদ দেশের অন্যতম আয়কারী ধর্মীয় প্রতিষ্ঠান। দানের অর্থ দিয়ে মসজিদ, মাদরাসা, এতিমখানা ও বিভিন্ন সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হয়। প্রায় ১১৫ কোটি টাকা ব্যয়ে ছয়তলাবিশিষ্ট আধুনিক ইসলামি কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে। এতে একসঙ্গে প্রায় ৫০ হাজার মুসল্লির নামাজের ব্যবস্থা থাকবে। পাশাপাশি পৃথকভাবে পাঁচ হাজার নারীর নামাজের ব্যবস্থাও রাখা হবে।
জনশ্রুতি রয়েছে, প্রায় আড়াইশ বছর আগে পাগলবেশী এক আধ্যাত্মিক সাধক নরসুন্দা নদীর বুকে মাদুরে ভেসে বর্তমান মসজিদের স্থানে এসে অবস্থান নেন। পরে তাকে ঘিরে ভক্তদের সমাগম বাড়তে থাকে। তার মৃত্যুর পর সমাধির পাশে নির্মিত হয় মসজিদটি। ১৯৭৯ সালের ১০ মে থেকে ওয়াক্ফ স্টেটের মাধ্যমে ঐতিহাসিক এ মসজিদ পরিচালিত হয়ে আসছে।