রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ১৪ মিনিট আগে
টিপু বকসী (বামে) ও হাবিবুর রহমান। ছবি - প্রতিদিনের বাংলাদেশ
কুড়িগ্রামের রাজারহাটে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুজনের একজন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নাজিমখান ইউনিয়ন শাখার সদস্য। বৃহস্পতিবার রাতে উপজেলার নাজিমখান ইউনিয়নের মনারকুঠি গ্রামে স্থানীয় লোকজন তাদের আটক করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- নাজিমখান ইউনিয়নের
মল্লিকবেগ কুটিপাড়া গ্রামের মো. হাবিবুর রহমান এবং একই ইউনিয়নের মমিন বকসীপাড়া গ্রামের
শাহজাহান আলী বকসী ওরফে টিপু। টিপু বকসী জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নাজিমখান ইউনিয়ন
শাখার সদস্য।
পুলিশের এজাহার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার
রাতে রাজারহাট থানা পুলিশের একটি দল মোটরসাইকেলযোগে বিশেষ অভিযান ও মাদক উদ্ধার কার্যক্রম
পরিচালনা করছিলেন। এসময় মনারকুঠি গ্রামের রোমান সরকার নামে এক ব্যক্তির বাড়িতে গিয়ে
পুলিশ দেখতে পান স্থানীয় লোকজন দুই ব্যক্তিকে মারধর করে মাদকসহ আটকে রেখেছেন। পরে স্থানীয়
সাক্ষীদের উপস্থিতিতে তাদের তল্লাশি করে হাবিবুর রহমানের শার্টের ডান পকেট থেকে তিন
পিস এবং শাহজাহান আলী বকসী টিপুর জিন্স প্যান্টের ডান পকেট থেকে দুই পিস ইয়াবা ট্যাবলেট
উদ্ধার করা হয়।
পুলিশের এজাহার অনুযায়ী, হাবিবুর রহমানের
বিরুদ্ধে চলতি বছরের ২১ আগস্ট রাজারহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা
হয়েছিল। ওই মামলায় তার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। অন্যদিকে শাহজাহান আলী বকসী
টিপুর বিরুদ্ধে ২০২০ সালের ২৬ ফেব্রুয়ারি রাজারহাট থানায় একই আইনে আরেকটি মামলা হয়েছিল।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) মামুনুর রশীদ বলেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
দায়েরের পর শুক্রবার তাদের কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।