সদরপুর (ফরিদপুর) প্রতিবেদক
প্রকাশ : ১০ মিনিট আগে
নিজের তৈরি উড়োজাহাজে আকাশে উড়ছেন ফরিদপুরের সদরপুর উপজেলার মারুফ মোল্যা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ছোটবেলা থেকেই আকাশে ওড়ার স্বপ্ন দেখতেন মারুফ মোল্যা। সেই স্বপ্ন পূরণে এক বছর আগে নিজ হাতে তৈরি করেছিলেন প্যারাগ্লাইডার। সেটি নিয়ে আকাশে উড়ে তাক লাগিয়েছিলেন সবাইকে। এবার সাত মাসের নিরলস প্রচেষ্টায় তৈরি করেছেন এক আসনের ছোট উড়োজাহাজ।
গত শুক্রবার সদরপুর উপজেলার আকোটেরচর ইউনিয়নের গুচ্ছগ্রাম-সংলগ্ন পদ্মা নদীর বিস্তীর্ণ চরে নিজের তৈরি লাল রঙের উড়োজাহাজ নিয়ে সফলভাবে আকাশে উড্ডয়ন করেন তিনি। কিছুক্ষণ আকাশে ওড়ার পর নিরাপদে অবতরণ করে নিজের উদ্ভাবনী সক্ষমতার প্রমাণ দেন মারুফ।
যদিও উড়োজাহাজটি এখনো কাঙ্ক্ষিত উচ্চতায় উঠতে পারেনি, তবে এমন সাফল্যে নতুন করে আলোচনায় এসেছেন ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণপুর ইউনিয়নের খেজুরতলা গ্রামের এই তরুণ।
শুধু নিজের স্বপ্ন পূরণ নয়, দেশেই উড়োজাহাজ তৈরির প্রযুক্তি নিয়ে কাজ করার স্বপ্ন দেখেন মারুফ। আর্থিক সংকট, প্রাতিষ্ঠানিক শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের অভাব- কোনো কিছুই তাকে দমিয়ে রাখতে পারেনি। ইউটিউব দেখে প্রযুক্তি সম্পর্কে ধারণা নেওয়া, বিভিন্ন যন্ত্রাংশ সংগ্রহ এবং নিজের চিন্তাভাবনা কাজে লাগিয়ে ধাপে ধাপে তৈরি করেছেন ছোট উড়োজাহাজটি। তার এই উদ্ভাবনী উদ্যোগ দেখতে এখন বাড়িতে ভিড় করছেন আশপাশের বিভিন্ন এলাকার মানুষ।
মারুফের আকাশে ওড়ার স্বপ্নের শুরু কক্সবাজার থেকে। বেড়াতে গিয়ে সমুদ্রসৈকতে প্যারাগ্লাইডারে মানুষকে উড়তে দেখে তার মনেও আকাশে ওড়ার ইচ্ছা জাগে। সেই ইচ্ছাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন প্যারাগ্লাইডার তৈরির পরিকল্পনা। ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে কাজ শুরু করেন। প্রায় ছয় মাসের চেষ্টায় তৈরি করেন নিজের প্যারাগ্লাইডার। গত বছর সেটি নিয়ে আকাশে উড়তে সক্ষম হন তিনি। ওই সাফল্যের পর থেকেই নিজের উড়োজাহাজ তৈরির স্বপ্ন দেখতে শুরু করেন মারুফ।
এবার সেই স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে যান আরও এক ধাপ। মানিকগঞ্জের উদ্ভাবক জুলহাসের তৈরি উড়োজাহাজ আকাশে উড়তে দেখে অনুপ্রাণিত হন তিনি। এরপর নিজের উদ্যোগেই উড়োজাহাজ তৈরির কাজ শুরু করেন। প্রায় সাত মাস ধরে বিভিন্ন যন্ত্রাংশ সংগ্রহ, প্রযুক্তিগত বিষয় নিয়ে গবেষণা ও পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে তৈরি করেন এক আসনের ছোট উড়োজাহাজ। এতে ব্যয় হয়েছে প্রায় দেড় লাখ টাকা।
তবে উড়োজাহাজ তৈরি করেই প্রথমবার সফলতা পাননি মারুফ। কয়েক দফা চেষ্টা করেও সেটি আকাশে তুলতে ব্যর্থ হন। পরে মানিকগঞ্জের বিমান নির্মাতা জুলহাসকে আমন্ত্রণ জানান তিনি। জুলহাস এসে উড়োজাহাজটির বিভিন্ন প্রযুক্তিগত ত্রুটি শনাক্ত করেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেন। সেই পরামর্শ অনুযায়ী কিছু পরিবর্তন ও সংশোধনের পর অবশেষে আকাশে ওড়ে মারুফের তৈরি উড়োজাহাজ। প্রথমবার নিজের তৈরি উড়োজাহাজকে আকাশে ভাসতে দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন তিনি।
মারুফ জানান, তার তৈরি উড়োজাহাজটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। আরও কিছু কারিগরি উন্নয়ন ও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন। বিশেষ করে উড়োজাহাজটিকে আরও বেশি উচ্চতায় এবং নিরাপদে ওড়ানোর জন্য কাজ করছেন তিনি।
মারুফের পারিবারিক জীবন অবশ্য খুব একটা স্বচ্ছল নয়। পরিবারের আর্থিক সংকটের কারণে এসএসসি পাসের পর আর পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। তবে প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ না পেলেও প্রযুক্তির প্রতি তার আগ্রহ কমেনি। নিজের চেষ্টায় ইউটিউব থেকে বিভিন্ন বিষয় শেখা এবং হাতে-কলমে পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়েই এগিয়ে চলেছেন তিনি।
উড়োজাহাজটি আকাশে ওড়ার খবর ছড়িয়ে পড়ার পর থেকে তার বাড়িতে উৎসুক মানুষের আনাগোনা বেড়েছে। প্রথমদিকে অনেকেই তার এমন উদ্যোগকে অবাস্তব বলে মনে করতেন। কেউ কেউ করেছেন কটূক্তি ও সমালোচনা। কিন্তু নিজের প্রচেষ্টা দিয়ে উড়োজাহাজ আকাশে ওড়াতে সক্ষম হওয়ার পর সেই মানুষদের অনেকেই এখন তাকে উৎসাহ দিচ্ছেন। উড়োজাহাজ উড্ডয়নের সময় শত শত মানুষ উপস্থিত হয়ে এমন ব্যতিক্রমী দৃশ্য উপভোগ করেন।
মারুফের তৈরি উড়োজাহাজের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখে গত ২২ অক্টোবর মালয়েশিয়া থেকে তার বাড়িতে ছুটে আসেন এক বিদেশি দম্পতি। তারা হলেন হ্যানরি ও তার স্ত্রী দিয়ানা। মারুফের তৈরি উড়োজাহাজটি সরেজমিনে দেখে বিস্ময় প্রকাশ করেন তারা। তার উদ্ভাবনী সক্ষমতায় মুগ্ধ হয়ে তাকে মালয়েশিয়ায় নিয়ে যাওয়ার আগ্রহও প্রকাশ করেন। সেখানে তাদের সহযোগিতায় মারুফকে দিয়ে উড়োজাহাজ তৈরির কাজ করানোর পরিকল্পনার কথা জানান তারা। তবে বিদেশে যাওয়ার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি মারুফ।
মারুফ বলেন, “ছোটবেলা থেকেই আকাশে ওড়ার স্বপ্ন দেখতাম। সেই স্বপ্ন থেকেই প্রথমে প্যারাগ্লাইডার তৈরি করেছি। এবার নিজের হাতে একটি ছোট উড়োজাহাজ তৈরি করে সেটি আকাশে ওড়াতে পেরেছি। এটি আমার জন্য অনেক আনন্দের ও গর্বের। তবে এখনো অনেক কাজ বাকি। উড়োজাহাজটিকে আরও উঁচুতে ও নিরাপদে ওড়ানোর জন্য চেষ্টা করছি।”
খরচের তুলনায় নিজের উদ্ভাবনের সক্ষমতা তুলে ধরে তিনি বলেন, “বিদেশ থেকে একটি প্যারাগ্লাইডার কিনতে প্রায় ৫ থেকে ৬ লাখ টাকা খরচ হয়। অথচ আমি নিজের চেষ্টায় মাত্র এক লাখ টাকায় প্যারাগ্লাইডার তৈরি করেছি। আর ছোট উড়োজাহাজটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় দেড় লাখ টাকা। আমার ইচ্ছা, দেশের মাটিতেই আরও উন্নত উড়োজাহাজ তৈরি করা। এ জন্য সরকারি সহযোগিতা, প্রয়োজনীয় কারিগরি প্রশিক্ষণ ও প্রযুক্তিগত পরামর্শ খুবই দরকার। সঠিক সহযোগিতা পেলে ভবিষ্যতে আরও ভালো কিছু তৈরি করতে পারব বলে আশা করি।”
মালয়েশিয়ায় যাওয়ার প্রস্তাব প্রসঙ্গে মারুফের ভাষ্য, “আপাতত বিদেশে যাওয়ার বিষয়ে ভাবছি না। আমি দেশে থেকেই দেশের জন্য কিছু করতে চাই। আমার উদ্ভাবনী কাজকে এগিয়ে নিতে দেশে যদি প্রয়োজনীয় সহযোগিতা ও প্রশিক্ষণের সুযোগ পাই, তাহলে এখানেই আরও বড় কিছু করার চেষ্টা করব।”
চরবিষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন বলেন, “মারুফের মধ্যে অসাধারণ উদ্ভাবনী প্রতিভা রয়েছে। সীমিত সামর্থ্যের মধ্যেও নিজের চেষ্টায় প্যারাগ্লাইডার তৈরির পর এবার ছোট উড়োজাহাজ তৈরি করে আকাশে ওড়াতে সক্ষম হয়েছে, যা সত্যিই প্রশংসনীয়। এমন প্রতিভাকে উৎসাহিত করা প্রয়োজন। সরকারি-বেসরকারি পর্যায়ে প্রয়োজনীয় সহযোগিতা, কারিগরি প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতা পেলে মারুফের এই প্রতিভা আরও বিকশিত হবে। সে শুধু সদরপুর নয়, পুরো দেশের জন্য গর্ব বয়ে আনতে পারে।”
সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওন বলেন, মারুফের এই ব্যতিক্রমী উদ্যোগকে উৎসাহিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। তার উদ্ভাবনী কার্যক্রমকে এগিয়ে নিতে উপজেলা প্রশাসন সব সময় তার পাশে থাকবে। ভবিষ্যতেও এ ধরনের সৃজনশীল উদ্যোগে প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে।
ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেন, “মারুফের মতো তরুণদের উদ্ভাবনী উদ্যোগকে আমাদের উৎসাহিত করতে হবে। তার পাশে দাঁড়াতে হবে, যাতে আগ্রহ ও উদ্যম হারিয়ে না ফেলেন। সীমিত সামর্থ্যের মধ্যে নিজের চেষ্টায় এমন একটি উড়োজাহাজ তৈরি করা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। আমি ব্যক্তিগতভাবে মারুফের পাশে থাকব। আর্থিক সহযোগিতাসহ তার প্রয়োজন অনুযায়ী সব ধরনের সহযোগিতা করার চেষ্টা করব। তার এই প্রতিভা যেন যথাযথভাবে বিকশিত হওয়ার সুযোগ পায়, সে বিষয়েও উদ্যোগ নেওয়া প্রয়োজন।”