খালেদা জিয়ার গাড়িবহরে হামলা
বামে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং গাড়িবহরে হামলার মামলায় গ্রেপ্তারকৃত আসামি সাজ্জাদ আকিব। ছবি: সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি সাজ্জাদ আকিবকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তিনি কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ঘোপাল ইউনিয়ন শাখার সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার ভোরে ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাজ্জাদ আকিব ওই গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৮ অক্টোবর কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শনে যাওয়ার পথে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের করা মামলায় সাজ্জাদ আকিবকে এজাহারভুক্ত আসামি করা হয়।
ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু তাহের জানান, সাজ্জাদ আকিবের বিরুদ্ধে ওই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। শুক্রবার ভোররাতে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে হাজির করার প্রক্রিয়া চলছে।