গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ড ও নিরাপত্তাঝুঁকির কারণে খুলনা-ঢাকা রুটে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
শুক্রবার সকাল ৬টায় খুলনা থেকে ঢাকার উদ্দেশে ট্রেনটির ছেড়ে যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত যাত্রা বাতিল করা হয়।
গোপালগঞ্জে থানা ও সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের মহড়া ও হুমকির পরিপ্রেক্ষিতে জেলাটিতে সব ধরনের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে গোপালগঞ্জ হয়ে ঢাকা ও খুলনামুখী ট্রেন চলাচলও স্থগিত রেখেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন খুলনা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. জাকির হোসেন।
তিনি জানান, গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নিরাপত্তার স্বার্থে শুক্রবার সকালে খুলনা থেকে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়েছে।
এদিকে, যাত্রা বাতিল হওয়ায় সংশ্লিষ্ট ট্রেনের যাত্রীদের টিকিটের সম্পূর্ণ টাকা ফেরত নেওয়ার অনুরোধ জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অনলাইনে টিকিট কেনা যাত্রীদের অনলাইনে লগইন করে এবং অফলাইনে টিকিট কেনা যাত্রীদের সংশ্লিষ্ট কাউন্টারে টিকিট জমা দিয়ে টাকা ফেরত নিতে বলা হয়েছে।
স্টেশন মাস্টার জানান, এ বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষ যাত্রীদের টিকিট কেনার সময় ব্যবহৃত মোবাইল নম্বরে বার্তাও পাঠিয়েছে।