প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ মিনিট আগে
ছবি: সংগৃহীত
সাতক্ষীরার শ্যামনগরে দৈনিক আমাদের সময়-এর প্রতিনিধি ও সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেনকে গভীর রাতে বাড়ি থেকে মাইক্রোবাসে তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল ও বিএনপির কয়েকজন নেতার বিরুদ্ধে।
এ সময় তার কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি, মারধর এবং তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালানো হয়েছে বলেও অভিযোগ করেছেন ওই সাংবাদিক। পরে স্থানীয়দের বাধায় তাকে তুলে নিতে না পারলে তিনি পাশের একটি ঘেরে পালিয়ে আত্মরক্ষা করেন।
বুধবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের আটির উপর গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী বিলাল হোসেন দৈনিক আমাদের সময়-এর শ্যামনগর প্রতিনিধি, মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল দ্য এডিটরস-এর উপকূলীয় প্রতিনিধি এবং স্থানীয় পত্রিকা সাতক্ষীরার সকাল-এর ব্যুরোপ্রধান হিসেবে কর্মরত। পাশাপাশি তিনি স্থানীয় সুন্দরবন প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করছেন।
সাংবাদিক বিলাল হোসেন জানান, রাতে তিনি বাড়িতে ঘুমিয়ে ছিলেন। এ সময় সাবেক জাসাস নেতা রায়হানুল ইসলামসহ কয়েকজন তাকে ডাকাডাকি করেন। ঘুম থেকে উঠে বাইরে এলে তাকে জানানো হয়, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, সদস্যসচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুর ও যুগ্ম আহ্বায়ক হাফিজ আল আসাদ কল্লোলসহ কয়েকজন নেতা সড়কে তার জন্য অপেক্ষা করছেন। পরে তিনি তার বৃদ্ধ বাবা আক্তার মল্লিককে সঙ্গে নিয়ে সড়কে যান।
বিলালের অভিযোগ, সড়কে গিয়ে তিনি যুবদল ও বিএনপির ওই নেতাদের সঙ্গে আরও কয়েকজনকে দেখতে পান। সেখানে তার কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে একটি মাইক্রোবাসে ওঠার জন্য চাপ দেওয়া হয়। রাজি না হওয়ায় তাকে মারধর শুরু করা হয়। তার চিৎকারে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। এরপর তিনি ফেসবুক লাইভে এসে নিজের ও পরিবারের নিরাপত্তা চান এবং পাশের একটি ঘেরে আশ্রয় নিয়ে প্রাণে রক্ষা পান।
বিলালের আরও অভিযোগ, তাকে না পেয়ে অভিযুক্ত ব্যক্তিরা আবার তার বাড়িতে গিয়ে হামলা চালান। এতে তার স্ত্রী ও পরিবারের সদস্যরা আক্রান্ত ও আতঙ্কিত হয়ে পড়েন। একপর্যায়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তার বৃদ্ধ বাবাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
তবে চাঁদা দাবি ও মারধরের অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু এবং ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুজ্জামান। তাদের দাবি, সাংবাদিক পরিচয়ের আড়ালে বিলাল আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছিলেন।
তারা জানান, বুধবার রাতে রমজাননগরের ভেটখালী এলাকায় নাশকতার পরিকল্পনার অভিযোগে আব্দুল কাদের নামে এক শ্রমিক লীগ নেতার মুঠোফোন পরীক্ষা করা হয়। সেখানে আওয়ামী লীগের কয়েকটি টেলিগ্রাম গ্রুপে বিলালসহ স্থানীয় কয়েকজনের যুক্ত থাকার তথ্য মেলে। ওই গ্রুপে বৃহস্পতিবার সকাল ১০টায় একটি বৈঠকের বিষয়েও আলোচনা হচ্ছিল বলে তাদের দাবি।
যুবদল ও বিএনপির এই দুই নেতা আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সতর্ক করতেই তারা রাতে বিলালের বাড়িতে গিয়েছিলেন। কিন্তু বিলাল ফেসবুক লাইভে এসে বিভ্রান্তিকর তথ্য প্রচার করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর তিনি পালিয়ে যান। ওই সময় বিলালের বাবা পুলিশের গাড়িতে হামলা চালান এবং তার পরিবারের সদস্যরা নেতা-কর্মীদের ওপর আক্রমণাত্মক আচরণ করেন বলেও দাবি করেন তারা।
এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিউল ইসলাম পাটোয়ারী বলেন, বিলাল হোসেনের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তুলে স্থানীয় লোকজনের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। খবর পেয়ে সেখানে পুলিশের একটি দল পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিলাল সেখান থেকে চলে যান। তবে ১৫-২০ মিনিটের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বিলালের বাবাকে থানায় নেওয়ার বিষয়ে ওসি জানান, তাকে গ্রেপ্তার বা আটক করা হয়নি। উত্তপ্ত পরিস্থিতিতে তার নিরাপত্তার স্বার্থে স্থানীয় লোকজন তাকে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন। পরে পুলিশ তাকে নিরাপত্তার কথা ভেবেই থানায় নিয়ে আসে।
এ ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক বিলাল হোসেন ও তার পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পাশাপাশি রাজনৈতিক পরিচয়ে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা এবং চাপ সৃষ্টির অভিযোগ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।