× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পে-ফিক্সেশনের নামে পকেট কাটার অভিযোগ, দুই প্রধান শিক্ষককে শোকজ

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিবেদক

প্রকাশ : ২২ মিনিট আগে

পে-ফিক্সেশনের নামে পকেট কাটার অভিযোগ, শোকজ। ছবি: প্রতিদিনের বাংলা্দেশ

পে-ফিক্সেশনের নামে পকেট কাটার অভিযোগ, শোকজ। ছবি: প্রতিদিনের বাংলা্দেশ

নেছারাবাদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নবম পে-স্কেল অনুযায়ী বেতন নির্ধারণ (পে-ফিক্সেশন) কার্যক্রমের নামে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।

শিক্ষকপ্রতি ২৫০ থেকে ৩০০ আবার কারো কারো কাছে এক হাজার টাকা করে আদায়ের অভিযোগে দুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পৃথক শোকজ নোটিশ দিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।

নোটিশে আগামী তিন কর্মদিবসের মধ্যে তাদের সন্তোষজনক লিখিত জবাব দিতে বলা হয়েছে। ১৮ নভেম্বর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মঈনুল ইসলাম তাদের লিখিত শোকজ দেন।

শোকজপ্রাপ্ত দুই শিক্ষক হলেনÑ উপজেলার ৪৪ নম্বর ধলহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিন্টু লাল মিস্ত্রী এবং ৭১ নম্বর বিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার বড়াল।

অভিযোগ রয়েছে, পে-ফিক্সেশনের কাজ করে দেওয়ার নামে উপজেলার ১৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯০০ শতাধিক শিক্ষকের কাছ থেকে জনপ্রতি ২৫০ থেকে ৩০০ টাকা আবার এক হাজার টাকা পর্যন্ত আদায় করা হয়েছে। এতে প্রায় ৩ লাখ টাকা আদায়ের অভিযোগ উঠেছে।

ধলহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিন্টু লাল মিস্ত্রীকে দেওয়া শোকজ নোটিশে উল্লেখ করা হয়েছে, নবম পে-স্কেলের পে-ফিক্সেশন কার্যক্রমের জন্য মাহমুদকাঠি ক্লাস্টারের শিক্ষকদের কাছ থেকে জনপ্রতি ২৫০ টাকা করে নেওয়ার অভিযোগ করেছেন ৪২ নম্বর কুড়িয়ানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ আরও ৯ থেকে ১০ জন শিক্ষক।

নোটিশে বলা হয়েছে, ওই ক্লাস্টারে দুইজন সহকারী শিক্ষক পে-ফিক্সেশনের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করলেও তারা কোনো টাকা নেননি। এ অবস্থায় তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সরকারি চাকরির শৃঙ্খলা, সততা ও নৈতিকতার পরিপন্থি এবং গুরুতর অসদাচরণের শামিল বলে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, বিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার বড়ালের বিরুদ্ধে গণকপাড়া ক্লাস্টারের শিক্ষকদের কাছ থেকে জনপ্রতি ২৫০ টাকা এবং সাগরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে এক হাজার টাকা আদায়ের অভিযোগ আনা হয়েছে। তাকেও তিন কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত দুই শিক্ষকই। প্রধান শিক্ষক মিন্টু লাল মিস্ত্রী বলেন, ‘আমি কোনো টাকা পয়সা তুলিনি। পে-ফিক্সেশনের দায়িত্বেও আমি ছিলাম না। প্রধান শিক্ষক উত্তম কুমার বড়াল বলেন, আমি কোনো টাকা তুলিনি। সব মিথ্যা। তাকে শোকজ করার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘শিক্ষা কর্মকর্তার সঙ্গে হয়তো আমার শত্রুতা আছে। না হলে এমন করবেন কেন?

জানা গেছে, নবম পে-স্কেলের বেতন নির্ধারণের কাজ প্রত্যেক শিক্ষককে নিজ উদ্যোগে অনলাইনে সম্পন্ন করার নির্দেশনা রয়েছে। তবে নেছারাবাদ উপজেলায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মইনুল ইসলাম উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রতিটি এলাকায় দুই থেকে তিনজন করে কম্পিউটারে দক্ষ শিক্ষককে এ কাজে সহযোগিতার জন্য নির্ধারণ করে দেন।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মঈনুল ইসলাম বলেন, নবম পে-ফিক্সেশনের কাজের জন্য প্রতিটি ইউনিয়নে একটি করে শিক্ষক দল করে দিয়েছি। তারা সব কাজ সম্পন্ন করেছেন। এখন এই কাজে যদি একটু নাশতা-পানির খরচ লাগে, তাহলে যারা কাজ করেছেন তারা নিতে পারেন। তবে যারা অনৈতিকভাবে বেতন ফিক্সেশনের নামে টাকা নিয়েছেন, তা সম্পূর্ণ চাকরিবিধি পরিপন্থি। টাকা নেওয়ার বিষয়ে বেশ কয়েকজন শিক্ষকের কাছ থেকে অভিযোগ পেয়ে প্রধান শিক্ষক উত্তম কুমার বড়াল ও প্রধান শিক্ষক মিন্টু লাল মিস্ত্রীকে শোকজ নোটিশ দিয়েছি।

 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা