সাতক্ষীরা প্রতিবেদক
প্রকাশ : ৫ মিনিট আগে
নদীর প্রবল স্রোতে বাঁধের মাটি ধসে নদীগর্ভে বিলীন হচ্ছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া এলাকায় খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ফের ভাঙন দেখা দিয়েছে।
এর মধ্যে ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে রাত থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় ভাঙনকবলিত এলাকায় নতুন করে ঝুঁকি তৈরি হয়েছে। যেকোনো সময় বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশের আশঙ্কায় আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের ভাষ্য, গত কয়েক দিন ধরে কুড়িকাহুনিয়া এলাকায় বেড়িবাঁধের অন্তত ৩০ মিটার অংশে ভাঙন দেখা দিয়েছে। নদীর প্রবল স্রোতে বাঁধের মাটি ধসে নদীগর্ভে বিলীন হচ্ছে। এতে বাঁধের ওই অংশ ক্রমেই সরু ও দুর্বল হয়ে পড়েছে। দ্রুত সংস্কার করা না হলে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করছেন এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দা শাহজালাল জানান, কুড়িকাহুনিয়া এলাকায় বেড়িবাঁধের একটি বড় অংশ ধসে পড়েছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকতে পারে। এতে হাজার হাজার মানুষের ঘরবাড়ি, ফসলি জমি ও মৎস্যঘের পানিতে তলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে।
প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী বলেন, “কুড়িকাহুনিয়া এলাকায় দ্রুততম সময়ে বাঁধ সংস্কারের কাজ শুরু করা না হলে বেড়িবাঁধ ভেঙে প্রতাপনগর ও আনুলিয়া ইউনিয়ন প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে”।
সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাযকিয়া জানান, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। দ্রুত সংস্কারকাজ শুরু করার জন্য প্রয়োজনীয় প্রচেষ্টা চলছে।
উল্লেখ্য, এর আগেও একই এলাকায় বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছিল। সে সময় স্থানীয় বাসিন্দারা স্বেচ্ছাশ্রমে বালু ও মাটি ফেলে বাঁধ রক্ষার চেষ্টা করেন। পরে পানি উন্নয়ন বোর্ড জরুরি ভিত্তিতে সংস্কারকাজ করে বাঁধটি রক্ষা করে।
এলাকাবাসীর দাবি, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার আর কালক্ষেপণ না করে দ্রুত টেকসই সংস্কারকাজ শুরু করতে হবে। অন্যথায় বাঁধ ভেঙে বিস্তীর্ণ জনপদ প্লাবিত হওয়ার পাশাপাশি মানুষের জানমাল ও কৃষি-মৎস্য সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে।