× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উথলীতে ঐতিহ্যবাহী মাছের মেলা

অরুপ রতন, বগুড়া

প্রকাশ : ২১ মিনিট আগে

বগুড়ার শিবগঞ্জের উথলী গ্রামে নবান্নের মাছের মেলায় ২০ কেজির কাতলা দেখাচ্ছেন এক বিক্রেতা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বগুড়ার শিবগঞ্জের উথলী গ্রামে নবান্নের মাছের মেলায় ২০ কেজির কাতলা দেখাচ্ছেন এক বিক্রেতা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কারও হাতে ২০ কেজির কাতলা, কারও পছন্দ ১২ কেজির রুই। আবার কোথাও ২৫ কেজি ওজনের ব্লাড কার্প ঘিরে ক্রেতাদের ভিড়। দরদাম চলছে, কেউ মাছের পিঠে হাত বুলিয়ে ওজন বোঝার চেষ্টা করছেন, কেউ আবার দরকষাকষি শেষে মাছ কিনে বাড়ির পথে।

নবান্নের নতুন ধানের ঘ্রাণ আর বড় মাছের সমারোহে গতকাল বুধবার এমনই দৃশ্যের অবতারণা ঘটে বগুড়ার শিবগঞ্জ উপজেলার উথলী গ্রামে। প্রতিবছরের ধারাবাহিকতায় গ্রামটিতে এবারও বসে শত বছরের পুরনো ঐতিহ্যবাহী নবান্নের মাছের মেলা।

এই মেলা শুধু মাছ কেনাবেচা ঘিরে নয়, চলে স্বজনদের বাড়িতে আসার পালা। দূরদূরান্তে থাকা মেয়ে-জামাই, আত্মীয়-স্বজনকে দাওয়াত করেন গ্রামের মানুষ। নতুন ধানের চালের ভাতের সঙ্গে বড় মাছ আর নতুন সবজি দিয়ে আপ্যায়নের আয়োজন চলে বাড়িতে বাড়িতে। নবান্নের আনন্দে এ দিনটি উথলীসহ আশপাশের ২২টি গ্রাম যেন পরিণত হয় এক বিশাল মিলনমেলায়।

প্রতিবছর অগ্রহায়ণ মাসের প্রথম সপ্তাহে পঞ্জিকা অনুযায়ী এই মেলা বসে। এবার মেলায় দেখা যায় নানা প্রজাতির ছোট-বড় মাছ। মেলায় এক হাজার মণের বেশি মাছ কেনাবেচা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এদিন মেলায় সবচেয়ে বেশি নজর কাড়ে বিশাল আকৃতির মাছ। ২৫ কেজির ব্লাড কার্প, ২০ কেজির কাতলা, ১২ কেজির রুইয়ের পাশাপাশি রয়েছে পাঁচ কেজি ওজনের কাতল মাছ। বিগহেড, সিলভার কার্প, চিতল ও বোয়ালসহ নানা ধরনের মাছের পসরা সাজিয়েছেন বিক্রেতারা।

বড় আকৃতির রুই-কাতলা বিক্রি হয় কেজিপ্রতি পাঁচশ থেকে ১ হাজার ২০০ টাকা দরে। চিতলের দাম ছিল কেজি ৮০০ টাকা। মাঝারি আকারের মাছ বিক্রি হয় ২৮০ টাকা থেকে ৪০০ টাকা কেজি দরে। ব্ল্যাক কার্প, বিগহেড ও সিলভার কার্পের দাম ছিল ৪০০ থেকে ৮০০ টাকা।

শিবগঞ্জ উপজেলা থেকে আসা আবু বক্কর নামের একজন ব্যবসায়ী বলেন, ছোট-বড় মিলিয়ে শতাধিক মাছের দোকান বসেছে এবার। প্রত্যেক বিক্রেতা অন্তত ৫ থেকে ১০ মণ মাছ বিক্রি করেছেন। মেলায় মাছের সরবরাহ ঠিক রাখতে আগের রাত থেকেই ২০টি আড়ত খোলা হয়। সেখান থেকে স্থানীয় ব্যবসায়ীরা পাইকারি দামে মাছ কিনে মেলায় খুচরা বিক্রি করেন।

এই মেলার প্রস্তুতি অবশ্য শুরু হয় আরও আগে থেকে। আশপাশের এলাকার পুকুরে শৌখিন মাছচাষিরা বড় মাছ মজুদ করে রাখেন। কার পুকুরে কত বড় মাছ আছে, মেলার দিন তা নিয়ে চলে একধরনের প্রতিযোগিতা। বড় মাছ মেলায় তুলতে পারলে চাষিদেরও আলাদা আনন্দ। অন্যদিকে ক্রেতাদের মধ্যেও থাকে বড় মাছ কেনার আগ্রহ। পরিবারের জন্য তুলনামূলক বড় মাছ কিনতে পারাকে অনেকে নবান্নের আয়োজনের অংশ মনে করেন।

উথলী গ্রামের বাসিন্দা জালাল উদ্দীন বলেন, এই মেলার বয়স নিয়ে এলাকায় নানা কথা প্রচলিত আছে। কেউ বলেন ২০০ বছর, আবার কেউ বলেন ৪০০ বছর। তবে মাছের জন্য মেলাটি বিশেষভাবে পরিচিত হলেও এখানে নতুন শাকসবজিরও বড় বাজার বসে। এ কারণে আশপাশের গ্রামের মানুষ প্রতিবছর মেলায় ছুটে আসেন।

নবান্নের এই আয়োজনে নতুন ধানের ভাত, বড় মাছ আর স্বজনদের সান্নিধ্যÑ সব মিলিয়ে উথলীর মেলা যেন গ্রামীণ জীবনের এক অনন্য উৎসব। এখানে মানুষ শুধু মাছ কিনতে আসেন না, ফিরে পান শেকড়ের টান, পুরনো সম্পর্ক আর একসঙ্গে আনন্দ করার উপলক্ষ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা