চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১১ মিনিট আগে
আহতদের মধ্যে ছয়জন বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি রয়েছেন।
চট্টগ্রামের কর্ণফুলীতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিলে বাসের ধাক্কায় অন্তত ১৪ নেতাকর্মী আহত হয়েছেন।
বুধবার মইজ্জ্যারটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটি জব্দ করেছে পুলিশ। পাশাপাশি চালককে আটক করে থানায় নেওয়া হয়েছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘটনার পরপরই বাসটি জব্দ এবং চালককে আটক করা হয়। আহতদের মধ্যে বিএনপি নেতা জসিম উদ্দিন জুয়েল ও সেলিম ইমরান, যুবদল নেতা একরামুল হক বাবলু এবং ছাত্রদল নেতা মামুন ও ফরহাদুল ইসলামের পরিচয় পাওয়া গেছে।
ওসি মো. নূর আহমেদ বলেন, “দুর্ঘটনার পরপরই বাসটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। ঘটনাটি নিছক দুর্ঘটনা, নাকি উদ্দেশ্যপ্রণোদিত- তা খতিয়ে দেখছে পুলিশ”।
এ বিষয়ে কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এস এম মামুন মিয়া বলেন, “দলীয় প্রতিবাদ মিছিল চলাকালে একটি বাস সজোরে নেতাকর্মীদের ধাক্কা দেয়। এতে অন্তত ১৪ জন আহত হয়েছেন”।
তিনি আরও জানান, আহতদের মধ্যে ছয়জন বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। এ ছাড়া কলেজ বাজার সাউথ হাসপাতালে ছয় থেকে আটজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।