× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাদকের টাকায় হাত না দিতে ৭১ থানার ওসিকে শপথ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ মিনিট আগে

রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর আশরাফ আলী। ছবি: সংগৃহীত

রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর আশরাফ আলী। ছবি: সংগৃহীত

মাদকের অবৈধ টাকায় পুলিশ হাত দেবে না—এমন শপথ করানো হয়েছে রাজশাহী রেঞ্জের ৭১টি থানার অফিসার ইনচার্জ (ওসি)। মাদকের বিরুদ্ধে কোনো ধরনের আপস করা হবে না জানিয়ে রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর আশরাফ আলী বলেছেন, মাদকের রুট পুরোপুরি নির্মূল করাই পুলিশের লক্ষ্য।

পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে বুধবার বিকালে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিআইজি বলেন, পুলিশের সক্ষমতা বিন্দুমাত্র কমবে না। পুলিশকে কখনোই আলাদা করে দেখার সুযোগ নেই। পুলিশের ওপর সাধারণ মানুষের আস্থা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির বিবেচনায় পাবনা অনেক ভালো অবস্থানে রয়েছে। কিশোর গ্যাং নিয়ন্ত্রণেও পুলিশ কাজ করছে।

সম্প্রতি সাঁথিয়া থানার ওসির বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ প্রসঙ্গে মীর আশরাফ আলী বলেন, পুলিশের কোনো সদস্য সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করতে পারবেন না। এ বিষয়ে পুলিশ সদস্যদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

অপরাধ নিয়ন্ত্রণ ও তদন্তের স্বার্থে বাড়িতে বাড়িতে সিসি ক্যামেরা স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন ডিআইজি। তিনি বলেন, প্রতিটি বাড়িতে এমনভাবে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে, যাতে ঘরের পাশাপাশি সামনের রাস্তার দৃশ্যও ধারণ করা যায়। এতে অপরাধী শনাক্ত ও মামলার তদন্ত সহজ হবে। ইতোমধ্যে যেসব মামলার রহস্য উদ্‌ঘাটন করা হয়েছে, সেগুলোর বেশির ভাগ ক্ষেত্রেই সিসি ক্যামেরার ফুটেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তারা ভালো কাজগুলো তুলে ধরবেন। সাংবাদিকরা জেগে থাকলে পুরো দেশ জেগে থাকে। পুলিশের নেতিবাচক কর্মকাণ্ডের পাশাপাশি ইতিবাচক কাজও তুলে ধরার আহ্বান জানান তিনি।

পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক ও সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরে ডিআইজি বলেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি থেকে শুরু করে পুলিশ সুপাররা সাংবাদিকদের সঙ্গে আন্তরিক ও মিশুক আচরণে বিশ্বাসী।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পাবনার পুলিশ সুপার আবু আশরাফ, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান ইবনে রহমান ও প্রণব কুমার, সহকারী পুলিশ সুপার আবু বকর সিদ্দিক ও আরজুমা আকতার, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, পাবনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শামসুল আলমসহ জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা