chittagong-police-pickup-van-stolen-halishahar
চট্টগ্রাম নগরীর হালিশহরে জেলা পুলিশ লাইনের সামনে থেকে হালিশহর থানার একটি পিকআপ ভ্যান চুরি হয়েছে। দিনদুপুরে প্রকাশ্য সড়ক থেকে পুলিশের গাড়ি চুরির এ ঘটনায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চুরি যাওয়া গাড়িটি উদ্ধারে পুলিশের একাধিক দল তল্লাশি চালাচ্ছে।
বুধবার বিকাল পৌনে ৩টার দিকে নগরের হালিশহর থানার ছোটপুল এলাকায় জেলা পুলিশ লাইনের সামনে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ বলেন, হালিশহর থানার একটি পুরোনো সিঙ্গেল ডেকার পিকআপ ভ্যান নিয়ে কয়েকজন পুলিশ সদস্য টহলে বের হয়েছিলেন। তাঁদের মধ্যে সম্ভবত তিনজন ছিলেন। তাঁরা পুলিশ লাইনের সামনে গাড়িটি পার্ক করে পাশের একটি রেস্তোরাঁয় খাবার খেতে যান। খাওয়া শেষে ফিরে এসে দেখেন, গাড়িটি সেখানে নেই।
তিনি জানান, সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, এক ব্যক্তি গাড়িতে উঠে দ্রুত সেটি নিয়ে চলে যাচ্ছেন। চোরকে গ্রেপ্তার ও গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ওই ব্যক্তিকে শনাক্তের কাজ করছে পুলিশ।
একটি সূত্র জানায়, হালিশহর থানার সহকারী উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি টহল দল গাড়িটি নিয়ে বের হয়েছিল। দলে দুজন কনস্টেবল ও একজন চালক ছিলেন।
পুলিশের নিজস্ব গাড়ি দিনের আলোয় প্রকাশ্য সড়ক থেকে চুরি যাওয়ার ঘটনায় সিএমপির ভেতরে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল বলেন, তদন্তের পর ঘটনার বিস্তারিত জানা যাবে।