বরিশাল সিএমএম কোর্ট ও ইনসেটে সিনিয়র সহকারী সিভিল জজ শেখ ফারহান নাদিম।
বরিশালে আদালতের কার্যক্রম শেষে বের হয়ে নিখোঁজ হয়েছেন সিনিয়র সহকারী সিভিল জজ শেখ ফারহান নাদিম। মঙ্গলবার মাগরিবের নামাজের পর আদালত থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। প্রায় ২০ ঘণ্টা পেরিয়ে গেলেও তার খোঁজ না মেলায় উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছেন সহকর্মী ও স্বজনেরা।
শেখ ফারহান নাদিম বরিশালের মেহেন্দিগঞ্জ ও উজিরপুর সিভিল জজ আদালতে সিনিয়র সহকারী সিভিল জজ হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ঘটনায় বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
বরিশাল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ইমন বিষয়টি নিশ্চিত করেছেন। জেলা নাজির সৈয়দ মাইনুল হাসান জানান, মঙ্গলবার রাত থেকেই বিচারকের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সহকর্মীরা নিজেদের উদ্যোগে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
বরিশাল আদালতের বেঞ্চ সহকারী মো. রাসেল সিকদার জানান, মঙ্গলবার মাগরিবের নামাজের পর আদালত থেকে বের হয়ে নগরীর ব্রাউন কম্পাউন্ড এলাকার ভাড়া বাসায় ফেরেননি শেখ ফারহান নাদিম। পরে তার স্ত্রী বিষয়টি অন্য এক বিচারককে জানান। এরপর সহকর্মীরা হাসপাতাল, হোটেলসহ বিভিন্ন সম্ভাব্য স্থানে খোঁজ নেন।
তিনি আরও জানান, বুধবার সকাল ১০টায় আদালতে আসার কথা থাকলেও তিনি আসেননি। দুপুর ২টা পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।
বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) হাফিজ আহমেদ বাবলু জানান, মঙ্গলবার রাতে নগরীর গির্জামহল্লা রোডের কসাই মসজিদে এশার নামাজ আদায় করেন বিচারক। এরপর থেকে তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। তার মোবাইল ফোনও বন্ধ রয়েছে।
আবুল কালাম আজাদ ইমন জানান, জেলা ও দায়রা জজ আদালতের নাজির মাইনুল হাসান কোতোয়ালি মডেল থানায় জিডি করেছেন। সড়কের সিসিটিভি ফুটেজে বিচারককে একটি রিকশায় নগরীর আমতলার মোড় পর্যন্ত যেতে দেখা গেছে।
কোতোয়ালি মডেল থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, পুলিশ মঙ্গলবার রাত থেকেই তাঁকে খুঁজছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, আদালত থেকে বের হয়ে তিনি সদর রোডের একটি পোশাকের শোরুমে যান। পরে গির্জা মহল্লা রোডের জামে কসাই মসজিদে এশার নামাজ আদায় করেন। রাত ১০টার দিকে তাঁকে বাংলাবাজার এলাকায় দেখা যায়। এরপর তার অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশ জানায়, মঙ্গলবার বিকেল ৫টার দিকে তার মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। ফলে ফোনের লোকেশন ব্যবহার করেও তার অবস্থান শনাক্ত করা যাচ্ছে না। নিখোঁজ বিচারকের সন্ধানে নগরীর বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে পুলিশ।