বগুড়ায় সাড়ে ১১ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মা ও ছেলেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সদর উপজেলায় বুধবার ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় বাড়ির ছাদের ওপর অস্থায়ী মুরগির খামার থেকে ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন কুলসুম বেগম (৩৮) ও তার ছেলে আবদুল কাইয়ুম লাম (১৯)। তারা উপজেলার ফুলবাড়ী মধ্যপাড়া গ্রামের বাসিন্দা।
বুধবার বিকাল তিনটার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান।
তিনি বলেন, “মাদক উদ্ধার অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর ৪টা ৫০ মিনিটে ফুলবাড়ী মধ্যপাড়া গ্রামে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল।” ওই সময় নিজ বাড়ি থেকে কুলসুম বেগম ও তার ছেলেকে গ্রেপ্তার করা হয়।
আতোয়ার রহমান আরও জানান, বাড়িটির ছাদের থাকা এক অস্থায়ী মুরগির খামারে তল্লাসি চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনসহ পলাতক আসামিদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।