রাজশাহী অফিস
প্রকাশ : ৪৩ মিনিট আগে
বিস্ফোরণে গ্রামীণ ব্যাংক ভবনের নিচতলার কাচের ফিটিং ও জানালা ভেঙে যায়। ছবি: সংগৃহীত
রাজশাহী নগরীর বনলতা আবাসিক এলাকায় গ্রামীণ ব্যাংকের সমন্বিত জোনাল ও এরিয়া অফিস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে মোটরসাইকেলযোগে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা ব্যাংক ভবনের নিচতলায় রাস্তার পাশ থেকে পরপর দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে ভবনের কাচের ফিটিং ও জানালায় আগুন ধরে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
গ্রামীণ ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক আ. ক. ম. শামসুদ্দোহা জানান, গত রাত ১টা ২৪ মিনিটে রাস্তা থেকে কে বা কারা ভবনের নিচতলায় অবস্থিত এরিয়া অফিসের বারান্দার জানালায় দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে সেখানে আগুন ধরে যায়।
তিনি আরও জানান, ঘটনার সময় অফিসের ভেতরে একজন পিয়ন ও সামনে একজন নৈশপ্রহরী ছিলেন। আগুন লাগার সাথে সাথে পিয়ন টের পেয়ে দ্রুত ভেতর থেকে এবং পরে বাইরে থেকে আগুন নিভিয়ে ফেলেন। খবর পেয়ে ৫-৭ মিনিট পর সহকারী মহাব্যবস্থাপক নিচে নেমে দেখেন, আগুনে অফিসের বড় কোনো ক্ষতি না হলেও দুটি জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে।
জানা গেছে, বনলতা আবাসিক এলাকার এই ভবনের ওপরের তলায় অডিট অফিস, মাঝের তলায় জোনাল অফিস এবং নিচতলায় এরিয়া অফিস অবস্থিত। এই জোনাল অফিস থেকে তিনটি জেলা ও নওগাঁর একটি থানাসহ মোট ৮২টি শাখা এবং ৮টি এরিয়া অফিস নিয়ন্ত্রণ করা হয়।
ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য এরিয়া ম্যানেজার এবং প্রশাসনিক কর্মকর্তা শাহ মখদুম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে গেছেন।
শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর আলী বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে, কাচের বোতলে করে কিছু দাহ্য পদার্থ ব্যাংক ভবন লক্ষ্য করে ছুড়ে মারা হয়েছিল। এ সময় ভবনের নিচতলার রাস্তার পাশে পরপর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ভবনের কাচের ফিটিং ও জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ব্যাংকের দাপ্তরিক কার্যক্রমে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। গুরুত্বপূর্ণ কোনো নথিপত্র বা সম্পদও ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পাওয়া যায়নি।”
ওসি আরও বলেন, “ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে তারা ব্যাংক ভবনকে লক্ষ্যবস্তু করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।”