নেত্রকোনা প্রতিবেদক
প্রকাশ : ২৭ মিনিট আগে
নেত্রকোনার বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
আগুনে কার্যালয়টি এবং পাশে থাকা একটি দোকান পুড়ে গেছে।
বুধবার ভোরে উপজেলার বামনগাঁও বাজারে চিরাম ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরের দিকে দুর্বৃত্তরা চিরাম ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন দেয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের লাকড়ির দোকানে। এতে কার্যালয় ও দোকানটি পুড়ে যায়।
এ বিষয়ে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা কার্যালয়টিতে আগুন দিয়েছে। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে বারহাট্টা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল সাংবাদিকদের জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুষ্কৃতকারীরা এ অগ্নিসংযোগ করেছে।