× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাত বছরেও হয়নি সেতু

দুর্ভোগ ১০ গ্রামের মানুষের

আলামিন আল হোসাইন, বকশীগঞ্জ (জামালপুর)

প্রকাশ : ২৭ মিনিট আগে

সেতুর অভাবে ১০ গ্রামের প্রায় ৩০ হাজার মানুষকে পারাপারে নির্ভর করতে হচ্ছে নৌকার ওপর। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সেতুর অভাবে ১০ গ্রামের প্রায় ৩০ হাজার মানুষকে পারাপারে নির্ভর করতে হচ্ছে নৌকার ওপর। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জামালপুরের বকশীগঞ্জে খালের দুই পাশে রয়েছে পাকা সড়ক, অথচ মাঝখানে নেই সেতু। ২০১৯ সালের বন্যায় সেতুটি ভেঙে যাওয়ার পর কেটে গেছে প্রায় সাত বছর। একটি সেতুর অভাবে ১০ গ্রামের প্রায় ৩০ হাজার মানুষকে পারাপারে নির্ভর করতে হচ্ছে নৌকার ওপর। কৃষিপণ্য পরিবহন থেকে শুরু করে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত সব ক্ষেত্রেই পোহাতে হচ্ছে ভোগান্তি। আর জরুরি প্রয়োজনে রোগীদের হাসপাতালে নেওয়া হয়ে উঠেছে আরও কঠিন। দীর্ঘদিনেও সেতু পুনর্নির্মাণ না হওয়ায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে।

স্থানীয় সূত্রে জানা যায়, বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের গাজীরপাড়া এলাকায় বকশীগঞ্জ-গাজীরপাড়া পাকা সড়কের ওপর গাজীরপাড়া খালের একটি সেতু ছিল। সেতুটি চালু থাকাকালে প্রতিদিন এ পথে চলাচল করতেন হাজারো মানুষ ও বিভিন্ন ধরনের যানবাহন। কিন্তু ২০১৯ সালের বন্যায় সেতুটি ভেঙে যায়। এরপর দীর্ঘ সাত বছর পেরিয়ে গেলেও সেখানে নতুন সেতু নির্মাণ কিংবা পুরনো সেতুটি সংস্কারের উদ্যোগ বাস্তবায়িত হয়নি। সেতুটি ভেঙে যাওয়ায় আর্চাকান্দি, ডেরুরবিল, বিলেরপাড়, বাঙ্গালপাড়া, গাজীরপাড়া, চর গাজীপাড়া, দপরপাড়া ও কলাকান্দাসহ আশপাশের প্রায় ১০ গ্রামের মানুষের যোগাযোগব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অথচ খালের দুই পাশেই রয়েছে পাকা সড়ক।

স্থানীয়রা জানান, বর্তমানে খাল পারাপারের জন্য নৌকার ওপর নির্ভর করতে হয়। এতে প্রতিদিন কর্মজীবী মানুষ, কৃষক ও সাধারণ যাত্রীদের সময় ও অর্থ দুটোই বেশি ব্যয় হচ্ছে। কৃষকের উৎপাদিত ফসল হাটবাজারে নিতে পোহাতে হচ্ছে বাড়তি দুর্ভোগ। অন্যদিকে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যেতে ৬ থেকে ৭ কিলোমিটার পথ ঘুরে চলাচল করতে হচ্ছে। এতে তাদের সময় নষ্ট হওয়ার পাশাপাশি পড়াশোনাতেও নেতিবাচক প্রভাব পড়ছে। সবচেয়ে বেশি বিপাকে পড়তে হচ্ছে অসুস্থ ও মুমূর্ষু রোগীদের।

স্থানীয়দের দাবি, একটি সেতুর অভাবে বছরের পর বছর ধরে দুর্ভোগ পোহাচ্ছেন কয়েক হাজার পরিবার। দুই পাশের পাকা সড়ককে সংযুক্ত করে গাজীরপাড়া খালের ওপর দ্রুত সেতু নির্মাণ করা হলে এলাকার যোগাযোগব্যবস্থার উন্নতির পাশাপাশি কৃষি, শিক্ষা, চিকিৎসা ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফিরবে। তাই দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে দ্রুত সেতু নির্মাণের কার্যকর উদ্যোগ চান ভুক্তভোগীরা।

স্থানীয় বাসিন্দা মো. মুছা মিয়া বলেন, নির্বাচন এলেই জনপ্রতিনিধিরা সেতু নির্মাণের প্রতিশ্রুতি দেন। কিন্তু নির্বাচন শেষ হলে তাদের আর খুঁজে পাওয়া যায় না। সেতুও নির্মাণ হয় না। দীর্ঘদিন ধরে কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ কষ্ট করে আসছি। বর্তমান সরকারের কাছে আমাদের দাবি, দ্রুত এই খালের ওপর একটি সেতু নির্মাণ করে দেওয়া হোক।

স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি গাজীউর রহমান গাজী বলেন, খালের দুই পাশেই পাকা রাস্তা রয়েছে। কিন্তু ২০১৯ সালের বন্যায় সেতুটি ভেঙে যাওয়ার পর থেকে গাজীরপাড়া, বাঙ্গালপাড়াসহ আশপাশের ১০ থেকে ১২টি গ্রামের মানুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা দুর্ভোগ পোহাচ্ছেন। বিষয়টি দীর্ঘদিনের। আমি বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপির কাছে দ্রুত সেতুটি নির্মাণের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে বকশীগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. হাফিজুল ইসলাম বলেন, সেতুটির বিষয়ে আমরা অবগত রয়েছি। সেতু নির্মাণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে, আশা করি দ্রুত সময়ের মধ্যে অনুমোদন হবে। অনুমোদন পাওয়া গেলে দ্রুত সেতু নির্মাণের কাজও শুরু করা হবে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা