ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৭ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা তিনটি মোটরসাইকেলে এসে বাস দুটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে দুটি বাস পুড়ে গেছে। এ সময় একটি বাসের ভেতরে ঘুমিয়ে থাকা মো. সিয়াম (হেলপার) নামে এক যুবক অগ্নিদগ্ধ হয়ে নিহত হয়েছেন।
মঙ্গলবার রাতে ভাণ্ডারিয়া বাসস্ট্যান্ডে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান এবং থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. জগলুল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।
ওসি মো. জগলুল হাসান জানান, বাসস্ট্যান্ডে পার্ক করে রাখা বরিশাল মালিক সমিতির ‘বাহক’ পরিবহনের একটি বাস (বরিশাল মেট্রো-ব-১১-০১৩২) এবং ঝালকাঠি সমিতির ‘লিসা’ পরিবহনের একটি বাসে (খুলনা মেট্রো-ব-১১-০৫১) দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। এ সময় ‘বাহক’ বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন হেলপার মো. সিয়াম। আগুনে তিনি গুরুতর অগ্নিদগ্ধ হন।
পরে তাকে উদ্ধার করে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সিয়ামের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলায়। তবে তার বাবার নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।