টুঙ্গিপাড়ায় থানায় আগুন
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারকে কেন্দ্র করে থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এ সময় পুলিশের বাধা উপেক্ষা করে থানায় প্রবেশ করেন হামলাকারীরা। পরে গ্রেপ্তার ছাত্রলীগ নেতাকর্মীদের ছিনিয়ে নেওয়া হয়।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বর এলাকা থেকে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনার পর উপজেলার বিভিন্ন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করা হয়।
একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে বিক্ষুব্ধ ব্যক্তিরা টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে হামলাকারীরা থানায় ঢুকে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন এবং আটক ব্যক্তিদের ছাড়িয়ে নেন।
এ ঘটনায় থানার ভেতরে থাকা পুলিশের কয়েকটি গাড়িও পুড়ে যায়। পরে রাত ৯টার দিকে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর পৈতৃক বাড়িতেও অগ্নিসংযোগের খবর পাওয়া যায়। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।