এমপি ওসমান ফারুকের পদত্যাগ
ড. মুহাম্মদ ওসমান ফারুক।
সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের মাত্র কয়েক মাসের মাথায় পদত্যাগ করেছেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী ড. মুহাম্মদ ওসমান ফারুক। তার আকস্মিক পদত্যাগে হতাশা নেমে এসেছে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে।
একই সঙ্গে শূন্য হওয়া আসনে সম্ভাব্য উপনির্বাচন এবং বিএনপির পরবর্তী প্রার্থী কে হচ্ছেন, তা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা ও হিসাব-নিকাশ।
মঙ্গলবার বিকাল সোয়া ৪টার দিকে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তার পদত্যাগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। একই সঙ্গে কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য ঘোষণা করা হয়।
এর আগে সোমবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে ওসমান ফারুকের পদত্যাগের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও গুঞ্জন তৈরি হয়। কেউ তার শারীরিক অসুস্থতাকে পদত্যাগের কারণ হিসেবে দেখেন, আবার কেউ এর পেছনে রাজনৈতিক সমীকরণ খুঁজতে থাকেন।
পদত্যাগপত্রে ড. ওসমান ফারুক বাংলাদেশের সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের সিদ্ধান্তের কথা উল্লেখ করেন। আগামী ১৪ নভেম্বর ২০২৬ থেকে পদত্যাগ কার্যকর করার অনুরোধ জানান তিনি।
চিঠিতে তিনি সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন এবং কিশোরগঞ্জের জনগণের প্রতিনিধিত্ব করার সুযোগকে জীবনের বড় সম্মান ও গৌরব হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি স্পিকার, সংসদের সহকর্মী ও এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান।
শারীরিক অসুস্থতাই কি পদত্যাগের কারণ
কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খানের দাবি, দীর্ঘদিন ধরে শারীরিক নানা সমস্যায় ভুগছেন সাবেক এই শিক্ষামন্ত্রী। তার স্ত্রীও অসুস্থ। বয়সজনিত জটিলতা ও চিকিৎসার প্রয়োজনেই বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
খালেদ সাইফুল্লাহ সোহেল খান বলেন, “ড. ওসমান ফারুক স্যার শারীরিকভাবে খুবই অসুস্থ। তার স্ত্রীও অসুস্থ। কয়েক দিন আগেও তার সঙ্গে আমার কথা হয়েছে। তার চলাফেরা করতেও কষ্ট হচ্ছে। এবার তিনি নির্বাচন করতে চাননি। নির্বাচনের সময়ও অসুস্থ ছিলেন। পরে অনেকটা জনগণের চাপেই তিনি নির্বাচনে অংশ নিয়েছিলেন।”
তিনি জানান, ওসমান ফারুকের বয়স প্রায় ৯০ বছর। নিজের অসুস্থতা, স্ত্রীর অসুস্থতা ও বয়সজনিত সমস্যার কারণে তিনি পদত্যাগ করেছেন বলে তার ধারণা। প্রায় তিন মাস আগে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে গিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে। তখন থেকেই পদত্যাগের বিষয়টি ভাবনায় ছিল।
মন্ত্রিত্ব না পাওয়ার কারণে তিনি পদত্যাগ করেছেন- এমন ধারণাও নাকচ করেন খালেদ সাইফুল্লাহ সোহেল খান। তার ভাষ্য, শেষের দিকে তাকে মন্ত্রী কিংবা উপদেষ্টা হওয়ার বিষয়ে বলা হলেও শারীরিক অবস্থার কথা বিবেচনা করে তিনি এমন দায়িত্ব নিতে আগ্রহী হননি।
পদত্যাগে হতাশ বিএনপির নেতাকর্মীরা
দীর্ঘদিন পর দেশে ফিরে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় করিমগঞ্জ ও তাড়াইলের মানুষের মধ্যে ওসমান ফারুককে ঘিরে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছিল। এলাকার উন্নয়ন, যোগাযোগব্যবস্থার অগ্রগতি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নসহ বিভিন্ন সমস্যা সংসদে তুলে ধরবেন- এমন আশা ছিল স্থানীয়দের।
কিন্তু দায়িত্ব গ্রহণের কয়েক মাসের মধ্যেই তাঁর পদত্যাগে সেই প্রত্যাশায় ছেদ পড়েছে বলে মনে করছেন অনেকে।
করিমগঞ্জের বাসিন্দা আবদুল কাদের বলেন, “অনেক আশা নিয়ে আমরা তাকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছিলাম। তিনি একজন অভিজ্ঞ রাজনীতিবিদ ও সাবেক শিক্ষামন্ত্রী। দায়িত্ব নেওয়ার কয়েক মাসের মধ্যেই তাঁর পদত্যাগের খবরে আমরা হতাশ হয়েছি। এলাকার উন্নয়ন ও মানুষের সমস্যা নিয়ে তাঁর কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা ছিল। এখন সংসদ সদস্য পদটি শূন্য হওয়ায় নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক প্রক্রিয়া শুরু হবে। আমরা চাই, দ্রুত একজন যোগ্য প্রতিনিধি নির্বাচিত হয়ে এলাকার মানুষের সমস্যাগুলো সংসদে তুলে ধরুন।”
তাড়াইলের বাসিন্দা আবদুল্লাহ আল মামুন বলেন, “ওসমান ফারুকের মতো অভিজ্ঞ একজন রাজনীতিবিদের পদত্যাগের খবর শুনে অবাক হয়েছি। তবে তার শারীরিক অসুস্থতার বিষয়টিও বিবেচনা করতে হবে। আমরা চাই, যিনিই পরবর্তী সময়ে এ আসনের প্রতিনিধি হবেন, তিনি যেন দল-মতনির্বিশেষে সাধারণ মানুষের পাশে থাকেন।”
করিমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজিজুল ইসলাম দুলালও পদত্যাগে মর্মাহত হওয়ার কথা জানিয়েছেন। তিনি বলেন, “ড. মুহাম্মদ ওসমান ফারুকের পদত্যাগে আমরা খুবই মর্মাহত। তাকে ঘিরে আমাদের অনেক আশা-আকাঙ্ক্ষা ছিল। বাংলাদেশের যে কজন গুণী ও অভিজ্ঞ ব্যক্তি রয়েছেন, তিনি তাদের একজন। তার ব্যক্তিত্ব, অভিজ্ঞতা ও অবস্থানের কারণে আমাদের কাছে তার বিশেষ গ্রহণযোগ্যতা ছিল। তাই শারীরিক অসুস্থতার কারণেই হোক কিংবা অন্য কোনো কারণে, তার পদত্যাগের বিষয়টি আমরা সহজভাবে মেনে নিতে পারছি না। বিষয়টি আমাদের জন্য অত্যন্ত কষ্টের।”
উপনির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থী কারা
আসনটি শূন্য হওয়ায় এখন স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা সম্ভাব্য উপনির্বাচন ও দলীয় মনোনয়ন নিয়ে। জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খানের ভাষ্য, উপনির্বাচনে বিএনপির পাঁচ-ছয়জন সম্ভাব্য প্রার্থী রয়েছেন। তাদের মধ্য থেকে দল যেকোনো একজনকে মনোনয়ন দিতে পারে।
এদিকে কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট জালাল মোহাম্মদ গাউসও উপনির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
ওসমান ফারুকের মনোনয়নের সময় তার বিজয়ের জন্য কাজ করেছিলেন জানিয়ে তিনি বলেন, পদত্যাগের খবরে তিনি কষ্ট পেয়েছেন। দলের হাইকমান্ডের সঙ্গে যোগাযোগ করে নিজের আগ্রহের বিষয়টি তুলে ধরবেন বলেও জানিয়েছেন তিনি।
জালাল মোহাম্মদ গাউস বলেন, “ড. মুহাম্মদ ওসমান ফারুকের পদত্যাগের সংবাদ শুনে আমি খুবই কষ্ট পেয়েছি। কারণ, তার মনোনয়ন পাওয়ার পেছনে আমি মন-প্রাণ দিয়ে কাজ করেছি। আপনারা জানেন, ২০১৮ সালের নির্বাচনে আমি বিএনপির মনোনীত প্রার্থী ছিলাম। কিন্তু জোটের স্বার্থে সে সময় আমাকে আসনটি ছেড়ে দিতে হয়েছিল। সে কারণে এবারও আমি দলীয় মনোনয়নের প্রত্যাশী ছিলাম। কিন্তু দল যখন ওসমান ফারুক সাহেবকে মনোনয়ন দেয়, তখন তার বিজয়ের জন্য আমি সর্বাত্মকভাবে কাজ করেছি। আল্লাহর রহমতে সবার দোয়া ও সহযোগিতায় তাকে বিজয়ী করতে পেরেছিলাম।”
তবে কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন কে পাবেন, তা এখনও নিশ্চিত নয়। এ ক্ষেত্রে দলের কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তই চূড়ান্ত হবে।
শিক্ষামন্ত্রী থেকে আবার সংসদ সদস্য, এরপর পদত্যাগ
ড. মুহাম্মদ ওসমান ফারুকের রাজনৈতিক জীবনে কিশোরগঞ্জ-৩ আসনটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ২০০১ সালে বিএনপির মনোনয়নে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে বিজয়ী হন তিনি। একই বছরের ১০ অক্টোবর বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। ২০০৬ সালের ২৯ অক্টোবর পর্যন্ত তিনি এ দায়িত্বে ছিলেন।
দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২৪ অক্টোবর প্রায় আট বছর পর দেশে ফেরেন তিনি। এরপর গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে কিশোরগঞ্জ-৩ আসন থেকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।
দীর্ঘ বিরতির পর তার দেশে ফেরা ও সংসদ সদস্য নির্বাচিত হওয়াকে ঘিরে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছিল। কিন্তু দায়িত্ব গ্রহণের কয়েক মাসের মধ্যেই পদত্যাগ করায় সেই প্রত্যাশার জায়গায় তৈরি হয়েছে অনিশ্চয়তা।
এ বিষয়ে বক্তব্য জানতে ড. মুহাম্মদ ওসমান ফারুকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো সাড়া দেননি।