গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ২৩ মিনিট আগে
গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর ২৮ নম্বর ওয়ার্ডের মধ্যপাড়া এলাকায় তার বাসার একটি সেমিপাকা ভবনে এ আগুন লাগে।
জয়দেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. তাশারফ হোসেন আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনাস্থলে থাকা জয়দেবপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. রাজা মিয়া জানান, রাত আনুমানিক ৮টার দিকে মধ্যপাড়া এলাকার একটি বাড়িতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। সেখানে আ ক ম মোজাম্মেল হকের বাসার একটি সেমিপাকা ভবনে আগুন জ্বলতে দেখা যায়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।